হাতীবান্ধায় এনকেফালাইটিসের প্রাদুর্ভাব, ৯ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় এনকেফালাইটিসের (মস্তিষ্কে একধরনের প্রদাহ) প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এতে গত দুই দিনে শিশুসহ নয়জনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরও ছয়জন।রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণাপ্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক মাহমুদুর রহমান বলেছেন, নানা কারণে এনকেফালাইটিস রোগ ছড়াতে পারে। পরিস্থিতি পর্যবেক্ষণে আইইডিসিআর ও আন্তর্জাতিক উদরাময় গবেষণাকেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) আট সদস্যের বিশেষজ্ঞ দল রংপুর ও হাতীবান্ধার উদ্দেশে পাঠানো হয়েছে।এনকেফালাইটিসে আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিরা হলেন হাতীবান্ধার পূর্ব বড়াইবাড়ী গ্রামের আজিজুল ইসলাম (৩৫), বেজ গ্রামের সাদেকুল ইসলাম (২৬), সিংগীমারী গ্রামের কাজল (৪), সানিয়াজান গ্রামের সাবিনা (৬), আমঝোল গ্রামের ইয়াসমিন (৩), গেন্দুকুড়ি গ্রামের রাজ্জাক (৩২) এবং টংভাঙ্গা গ্রামের সাজ্জাদ (৩), গৌরব (২) ও অরণ্য (৮)।মৃত ও অসুস্থ ব্যক্তিদের পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা যায়, জ্বর, মাথাব্যথা ও বমির কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাজ্জাক, অরণ্য, সাজ্জাদ ও গৌরবকে গত শনিবার হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার আরও অবনতি ঘটায় সেখান থেকে রাজ্জাককে পাঠানো হয় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। রাতেই অরণ্য, সাজ্জাদ ও গৌরব রংপুর মেডিকেলে এবং রাজ্জাক বঙ্গবন্ধু মেডিকেলে মারা যান। একই দিন গ্রামের বাড়িতে মারা যায় শিশু সাবিনা।এদিকে গতকাল সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আজিজুল, দুপুরের দিকে ইয়াসমিন, কাজল ও সাদিকুল।গুরুতর অবস্থায় রংপুর মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে হাতীবান্ধার দক্ষিণ গুড্ডিমারী গ্রামের জাহাঙ্গীর হোসেনের দুই শিশুসন্তান জুঁই (৫) ও স্মরণী (৩) এবং অনন্যা (৪), সুদীপ্ত (১২), বৃষ্টি (৪), বাপ্পি (৪) ও আবদুল করিম (২২)। এদের মধ্যে সুদীপ্ত ও অনন্যার অবস্থা আশঙ্কাজনক।জানতে চাইলে রংপুর মেডিকেলের মেডিসিন ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসক প্রবাল সূত্রধর বলেন, এটি এনকেফালাইটিস রোগ। আক্রান্ত হওয়ার পর যত দ্রুত সম্ভব চিকিৎসা নেওয়া দরকার। একই মন্তব্য করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিমল রায় বলেন, এই রোগের ফলে জ্বরের পাশাপাশি মাথাব্যথা হয়। কোনো কোনো ক্ষেত্রে রোগী অজ্ঞানও হয়ে পড়ে।রংপুর মেডিকেলের ভারপ্রাপ্ত পরিচালক তৌফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে আসা বিশেষজ্ঞ দলের একটি অংশ যাবে হাতীবান্ধায় এবং অপর অংশ থাকবে রংপুর মেডিকেলে।লালমনিরহাট জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর আলম সরকার জানান, পরিস্থিতি মোকাবিলায় হাতীবান্ধা উপজেলার ১২টি ইউনিয়নে বিশেষ মেডিকেল টিম গঠন করা হয়েছে।পারিবারিক সূত্রে জানা যায়, মৃত অরণ্য ও গুরুতর অসুস্থ অনন্যা সম্পর্কে ভাইবোন। একদিকে ছেলে হারানোর শোক, অন্যদিকে মেয়েকে বাঁচানোর জন্য পাগলপ্রায় হাতীবান্ধার চর দুবনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক কুমার। তিনি বিলাপ করে বলছিলেন, ‘ছেলে তো চলে গেল, মেয়ের ভাগ্যে কী আছে জানি না।’