হাতুড়ি দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনা সদর উপজেলার পাঁচকাহনীয়া গ্রামে গতকাল মঙ্গলবার রাতে এক গৃহবধূ খুন হয়েছেন। গৃহবধূকে তাঁর স্বামী হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।পুলিশ ও এলাকাবাসী জানান, গতকাল বিকেলে আলেহা বেগম (৩৫) ও তাঁর স্বামী হাসেন আলীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথাকাটাকাটি হয়। এরই জের ধরে মধ্যরাতে হাসেন আলী তাঁর স্ত্রীকে হাতুড়ি দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এ সময় আলেহার চিত্কারে তাঁর পাঁচ বছরের মেয়ে তাসলিমা এগিয়ে গেলে তাকেও হাতুড়ি দিয়ে আঘাত করেন হাসেন আলী। এতে তাসলিমা জ্ঞান হারিয়ে ফেলেন। ঘটনার পরই হাসেন পালিয়ে যান।এ সময় আরেক শিশু হিরার (৩) কান্না শুনে প্রতিবেশীরা এগিয়ে গিয়ে আলেহা বেগমকে মৃত অবস্থায় দেখতে পায়। পরে তারা পুলিশে খবর দেয়। তাসলিমাকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।আজ বুধবার সকালে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠান। তিনি জানান, নিহত আলেহার বোন মরিয়ম বাদী হয়ে এ ব্যাপারে একটি মামলা করেছেন। আসামি হাসেন আলীকে গ্রেপ্তার করা হয়েছে।