মুম্বাইয়ে গত বুধবারের সন্ত্রাসবাদী হামলায় যে বোমা ব্যবহার করা হয়েছে, তা ‘আইইডি’ হিসেবে পরিচিত হাতে তৈরি বোমা হলেও সেগুলো ছিল বেশ শক্তিশালী ও উন্নত। ভারতের স্বরাষ্ট্রসচিব গতকাল বৃহস্পতিবার এ কথা জানান।গোয়েন্দারা ধারাবাহিক ওই বিস্ফোরণের ঘটনার তদন্ত শুরু করেছেন। তবে এর জন্য কারা দায়ী, গতকাল পর্যন্ত সে বিষয়ে পরিষ্কার কিছু জানা যায়নি। কেউ হামলার দায় স্বীকার করেনি।এদিকে জাতিসংঘের মহাসচিব ও নিরাপত্তা পরিষদ এ হামলার নিন্দা জানিয়েছে।বুধবার সন্ধ্যায় মাত্র মিনিট দশেকের মধ্যে ভারতের প্রধান বাণিজ্য ও বিনোদন নগর মুম্বাইয়ের ব্যস্ত ও জনবহুল এলাকা দাদার, জাভেরি বাজার ও অপেরা হাউস এলাকায় ওই বিস্ফোরণে ১৭ জন নিহত ও ১৩১ জন আহত হয়।বিশেষজ্ঞ ব্যক্তিরা এখন পর্যন্ত এ হামলার কোনো কিনারা করতে পারেননি। তবে ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি), সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি (সিএফএসএল), ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, মুম্বাইয়ের পুলিশসহ বিভিন্ন সংস্থা জোর তদন্ত চালিয়ে যাচ্ছে।স্বরাষ্ট্রসচিব আর কে সিং জানিয়েছেন, হামলার ঘটনায় অ্যামোনিয়াম নাইট্রেট দিয়ে তৈরি যে বোমাগুলো ব্যবহার করা হয়েছে, সেগুলোর নির্মাণকৌশল বেশ আধুনিক। আত্মঘাতী হামলার আশঙ্কাও তিনি নাকচ করে দেননি।এনএসজির প্রধান জানিয়েছেন, একটি বিস্ফোরণস্থল থেকে তার প্যাঁচানো একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সেটা কোনো আত্মঘাতী হামলাকারীর মৃতদেহ কি না, এ প্রশ্নের জবাবে সচিব আর কে সিং বলেছেন, কোনো আশঙ্কাই নাকচ করে দেওয়া হচ্ছে না।ময়নাতদন্তের জন্য নিহত ব্যক্তিদের লাশ যে হাসপাতালে নেওয়া হয়েছিল, সেখানকার এক চিকিৎসক জানিয়েছেন, একটি মৃতদেহের সঙ্গে ইলেকট্রিক সার্কিটও পাওয়া গেছে। সেটি সম্ভবত বিস্ফোরণের জন্য ব্যবহার করা হয়েছিল।সূত্র জানিয়েছে, বিস্ফোরণস্থলে অ্যামোনিয়াম নাইট্রেট পাওয়া গেছে। টাইম বোমায় অ্যামোনিয়াম নাইট্রেট ব্যবহার করা হয়ে থাকে। এ ক্ষেত্রে তিনটি বিস্ফোরণই ঘটেছে ১০ মিনিটের মধ্যে। কাজেই গোয়েন্দারা মনে করছেন, এটি একটি সমন্বিত হামলা।মুম্বাই যে রাজ্যের রাজধানী, সেই মহারাষ্ট্রের সন্ত্রাসবিরোধী স্কোয়াডের প্রধান রাকেশ মারিয়া বলেছেন, ‘সন্ত্রাসী যে এবং যেখানকারই হোক না কেন, আমরা তাদের চিহ্নিত করব এবং শাস্তি নিশ্চিত করব।’প্রধানমন্ত্রী মনমোহন সিং ও কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী গতকাল সন্ধ্যায় মুম্বাইয়ে পৌঁছান। স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম বুধবার রাতেই এবং বিরোধীদলীয় নেতা এল কে আদভানি গতকাল সকালে মুম্বাই গেছেন।‘২৬/১১’ হিসেবে পরিচিত ২০০৮ সালের ২৬ নভেম্বরের রক্তক্ষয়ী জঙ্গি হামলার স্মৃতি ফিকে না হতেই মুম্বাইয়ে এ বোমা বিস্ফোরণ সেই ক্ষতে নতুন ঘা দিয়েছে।গোয়েন্দাদের ব্যর্থতা নয়—চিদাম্বরম: মুম্বাই হামলার বিষয়ে গোয়েন্দা সংস্থাগুলো আগে থেকে কিছুই জানতে পারেননি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম। কিন্তু তিনি একে ব্যর্থতা মনে করেন না। গতকাল সকালে মুম্বাইয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গোয়েন্দারা কিছু জানতে পারেননি ঠিকই। তাই বলে এটা তাঁদের ব্যর্থতা হিসেবে অভিহিত করা ঠিক হবে না। একটা বিষয় মাথায় রাখতে হবে, সন্ত্রাসীরা খুব গোপনে এ কাজ করেছে। সম্ভবত তারা দলেও খুব ছোট। আর নিজেদের মধ্যে যোগাযোগও করেনি।চিদাম্বরম বলেন, এ হামলার জন্য এখনই কোনো সংগঠনকে অভিযুক্ত করা ঠিক হবে না। তবে এটা অবশ্যই একটা সমন্বিত সন্ত্রাসী হামলা। সম্প্রতি পুলিশ কয়েকটি হামলার ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়ায় এবং ইন্ডিয়ান মুজাহিদিনসহ অন্যান্য সংগঠনের কর্মীদের গ্রেপ্তার করার প্রতিশোধ নিতে এ হামলা চালানো হয়ে থাকতে পারে।হামলার জন্য ভারত সরকার এখন পর্যন্ত সরাসরি কোনো সংগঠনকে দায়ী করেনি বা কেউ দায় স্বীকার করেনি। তবে সরকারের বিভিন্ন মহলের সন্দেহের আঙুল তুলনামূলকভাবে স্বল্প পরিচিত জঙ্গি সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিনের দিকে। ভারতের এ সংগঠনটির সঙ্গে পাকিস্তানের শক্তিশালী জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবার যোগসূত্র আছে বলে মনে করা হয়।স্বরাষ্ট্রমন্ত্রী চিদাম্বরম বলেন, ‘আমাদের দুই প্রতিবেশী এখন বিশ্বের অন্যতম সহিংসতা-অধ্যুষিত দেশ। পাকিস্তান ও আফগানিস্তান এখন সন্ত্রাসবাদের কেন্দ্রবিন্দু।’স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তদন্তে কোনো সম্ভাবনাই বিবেচনার বাইরে রাখা হবে না। সহিংস হামলা চালানোর সক্ষমতা যেসব সংগঠনের আছে, সেগুলোর কথা মাথায় রাখা হবে। চিদাম্বরম বলেন, ভারতের প্রতি বিরূপ, এমন সব সংগঠনের নাম বিবেচনায় রেখেই তদন্ত হবে।আদভানির আঙুল পাকিস্তানের দিকে: বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা এল কে আদভানি এ হামলার জন্য পাকিস্তানের দিকেই আঙুল তুলেছেন। তিনি সাংবাদিকদের বলেন, মুম্বাইয়ে একের পর এক হামলা হচ্ছে। এটা নীতিগত ব্যর্থতা, গোয়েন্দাদের ব্যর্থতা নয়।কট্টর হিন্দুত্ববাদী নেতা আদভানি বলেন, এ হামলার পেছনে ইন্ডিয়ান মুজাহিদিনের হাত থেকে থাকলেও তাদের মদদ দিচ্ছে পাকিস্তান। ভারতের মাটিতে সর্বশেষ এ হামলার পেছনেও আইএসআইয়ের হাত আছে।আইএসআই পাকিস্তানের প্রভাবশালী শীর্ষ গোয়েন্দা সংস্থা।ভারত-পাকিস্তান আলোচনা: ২৬ ও ২৭ জুলাই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরে আসার কথা। এখন এ হামলার পরিপ্রেক্ষিতে সেই সফরটি হলেও আলোচনায় এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা সৃষ্টি হয়েছে।তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা গতকাল বলেছেন, মুম্বাই হামলার কারণে পাকিস্তানের সঙ্গে তাঁদের আলোচনা বাধাগ্রস্ত হবে না। পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের আলোচনা নির্ধারিত সময়ই অনুষ্ঠিত হবে। কৃষ্ণা নয়াদিল্লিতে সাংবাদিকদের বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরের সময়সূচিতে কোনো পরিবর্তন হবে না।জাতিসংঘের নিন্দা: জাতিসংঘের মহাসচিব বান কি মুন ও নিরাপত্তা পরিষদ মুম্বাই হামলার তীব্র নিন্দা জানিয়েছে।বান কি মুনের দপ্তর থেকে এক বার্তায় সহানুভূূতি জানিয়ে বলা হয়, বেসামরিক মানুষের ওপর এ হামলা মেনে নেওয়া যায় না।