হাতের কাছেই সতেজ নাশপাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঝেমধ্যেই উড়ো খবর পাওয়া যেত, বাংলাদেশে আপেল ও নাশপাতির চাষ হচ্ছে। কিন্তু কোথায় চাষ হচ্ছে, জানতে চাইলে সঠিক স্থানটি কেউ নিশ্চিত করে বলতে পারেন না। এই টানাপোড়েন নিয়েই পার হলো কয়েক বছর। যেখানেই যাই, আপেল-নাশপাতির বাগান খুঁজি। অবশেষে দেশে কোথাও না পেলেও আমেরিকায় বেড়াতে গিয়ে একদিন আপেলের বাগান দেখার সুযোগ হলো।কিন্তু নাশপাতির বাগান কোথায় পাই! অবশ্য নাশপাতির জন্য আর বেশি দূর যেতে হলো না। একেবারে সুসজ্জিত কোনো বাগান না হলেও দু-চারটি গাছ আছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জার্মপ্লাজম সেন্টারে। এর একটিতেই এ বছর ফল দেখার সুযোগ হলো। অবশ্য কয়েক বছর আগে গাছটিতে সাদা রঙের সুদর্শন ফুল দেখেছি। জার্মপ্লাজম সেন্টারের পরিচালক অধ্যাপক এম এ রহিম ২০০১ সালের দিকে এখানে গাছগুলো রোপণ করেন।এ বছর খাগড়াছড়ি বেড়াতে গিয়েও সেখানকার পাহাড়ি কৃষি গবেষণাকেন্দ্রে ৬০টির মতো নাশপাতির গাছ (pyrus communis) দেখি। তখন গাছে ফুল-ফল কিছুই ছিল না। অনুচ্চ টিলার ওপর বিক্ষিপ্তভাবে এই গাছগুলো লাগানো হয় ১৯৯০ সালের দিকে। ফলন পাওয়া যাচ্ছে ১৯৯৮ সাল থেকে। এ বছরও বেশ ভালো ফলন হয়েছে বলে জানিয়েছেন সেখানকার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মহব্বত উল্লা। গাছপ্রতি ফলন হয়েছে প্রায় ১০ থেকে ১২ কেজির মতো। স্বাদও বেশ চমৎকার। তবে ফলের ত্বক কিছুটা খসখসে ও খয়েরি রঙের হওয়ায় দেখতে ততটা আকর্ষণীয় নয়।খাগড়াছড়ি কৃষি গবেষণাকেন্দ্র ২০০১ সালের দিকে বারি নাশপাতি-১ নামে আমাদের আবহাওয়ার উপযোগী নাশপাতির একটি নতুন জাত উদ্ভাবন ও বাজারজাত করছে। এই জাত থেকেও বেশ ভালো ফলন পাওয়া যাচ্ছে। খয়েরি ছাড়াও এদের সবুজ একটি ভ্যারাইটি আছে। এ ছাড়া খাগড়াছড়ির রামগড়, রংপুর ও গাজীপুরের কৃষি গবেষণাকেন্দ্রেও নাশপাতির গাছ আছে।নাশপাতির ইংরেজি নাম Pear. এটি মূলত শীতপ্রধান অঞ্চলের ফল। গাছ ১২ থেকে ২০ মিটার পর্যন্ত উঁচু হতে পারে। শীতে পাতা ঝরে। গ্রীষ্মে একসঙ্গে ফুল ও পাতা আসে। ফুলের রং সাদা, ডালের যেকোনো প্রান্তে গুচ্ছবদ্ধভাবে ফোটে। ফুলের অবারিত প্রস্ফুটন-প্রাচুর্য দারুণ উপাভোগ্য। ফল দেখতে অনেকটা পেয়ারার আকৃতির।ফল কাঁচা অবস্থায় সবুজ থাকলেও আমাদের দেশে সহজলভ্য জাতটি বরাবরই খয়েরি রঙের। জংলি নাশপাতিগাছের চারা তৈরি করে তাতে ভালো জাতের নাশপাতির চোখ কলম করে চারা তৈরি করা যায়। এতে ফলন ভালো হয়। তবে সঠিক সময়ের আগে ফল তুললে টক হওয়ার সম্ভাবনা থাকে। এ কারণে ফল পাড়ার ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন।নাশপাতির আলোচ্য প্রজাতিটি ইউরোপ ও এশিয়ার দক্ষিণ-পশ্চিম অঞ্চলের আদি বাসিন্দা। ইদানীং আমেরিকা ও অস্ট্রেলিয়ায়ও নাশপাতির চাষ হচ্ছে। ইউরোপের নাশপাতির গাছ আপেলগাছের মতো ততটা শক্তপোক্ত না হলেও মোটামুটি মজবুতই বলা চলে। এশিয়ায় নাশপাতির প্রায় ২০ রকম আবাদি জাত বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে। এর মধ্যে প্রধান উৎপাদক দেশ চীন ও জাপান।