হাতের নাগাল থেকে মাদককে দূরে রাখার পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের ঝিকরগাছা থেকে এসেছেন একজন ভুক্তভোগী অভিভাবক। ঈদের দিন তাঁর মাদকাসক্ত ছেলে নিজের বউ ও মাকে প্রায় মেরেই ফেলেছিলেন। ঈদের পরদিন বাধ্য হয়ে ছেলেকে জেলখানায় রেখে আসেন তিনি।১২ বছর ধরে এই অভিভাবক যন্ত্রণা ভোগ করছেন। ক্ষুব্ধ এই অভিভাবকের প্রশ্ন, ‘হাত বাড়ালেই আমার সন্তান কেন মাদক পাচ্ছে?’গতকাল সোমবার প্রথম আলো ট্রাস্ট মাদকবিরোধী আন্দোলনের আয়োজনে অনুষ্ঠিত ‘মাদক থেকে কীভাবে বাঁচব?’ শীর্ষক নাগরিক সংলাপে এই অভিভাবক তাঁর সন্তানের আর বাঁচার পথ আছে কি না, তা জানতে চান অনুষ্ঠানে উপস্থিত বিশেষজ্ঞদের কাছে।ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে অনুষ্ঠিত এ সংলাপে মাদক নিরাময়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন এমন ব্যক্তিবর্গ, মনোচিকিৎসক, রাজনীতিক, শিক্ষাবিদেরা অংশ নেন। ছিলেন মাদকাসক্ত ব্যক্তি, তাঁদের অভিভাবক ও পরিবারের সদস্যরা। যাঁরা মাদকের অভিশাপ থেকে মুক্ত হয়ে সুস্থ-স্বাভাবিক জীবন যাপন করছেন, তাঁরা শোনান মাদকের বিরুদ্ধে লড়াইয়ে তাঁদের জয়ী হওয়ার গল্প। সংলাপ সঞ্চালনা করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম।সংলাপে অংশ নিয়ে বগুড়া থেকে আসা এক অভিভাবক বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সঠিকভাবে দায়িত্ব পালন করলে সন্তানেরা হাত বাড়ালেই মাদকের নাগাল পেত না।সংলাপে উপস্থিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইকবাল এ বক্তব্যের জবাবে বলেন, ‘ছদ্মবেশী মাদক কারবারির সংখ্যা বেড়ে গেছে। কোনো জায়গায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করার পরদিনই দেখা যায়, সে জায়গা আবার আগের অবস্থায় ফিরে গেছে।’ নগরের অভিজাত এলাকায় সিসাবারে অভিযানের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘অভিযান চালাতে গেলে সমাজের বড় বড় জায়গা এবং মানুষের তদবিরের অত্যাচারে মুঠোফোন ও টেলিফোন লাইনের সংযোগ বিচ্ছিন্ন করে রাখতে হয়।’সাংসদ আসাদুজ্জামান নূর মত দেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট রক্ষকেরা সঠিকভাবে দায়িত্ব পালন করছেন না বলেই মাদকের বিস্তার ঘটছে। আর এই রক্ষকদের রক্ষক হলো রাজনীতিবিদদের একটি অংশ। এই বৃত্ত যতক্ষণ না ভাঙা যাবে, ততক্ষণ সুফল পাওয়া কঠিন হবে।সাংস্কৃতিক ব্যক্তিত্ব সারা যাকের বলেন, মাদকের ব্যবহার এখন আর উচ্চবিত্তের মধ্যে সীমাবদ্ধ নেই। বিভিন্ন দাতা সংস্থা মাদকের বিরুদ্ধে কার্যক্রম পরিচালনায় উৎসাহী নয় বলে তিনি উল্লেখ করেন।আলোচনায় ঐশী: নাগরিক সংলাপে সম্প্রতি ঐশী রহমানের হাতে পুলিশ কর্মকর্তা বাবা এবং মাকে খুন করার যে অভিযোগ উঠেছে, তা আলোচনায় যথেষ্ট প্রাধান্য পায়।মনোচিকিৎসক মোহিত কামাল বললেন, ‘ঐশীর ঘটনায় আমাদের বুঝতে হবে যে সন্তান মা-বাবাকে খুন করেনি, খুন করেছে মাদকাসক্ত কিশোরী। সে মা বা বাবাকে চিনতে পারে না, শুধু জানে কীভাবে মাদক সংগ্রহ করতে হবে।’ঐশীর ঘটনায় সবার ঘুম ভেঙেছে—এ কথা উল্লেখ করে সানিডেলের অধ্যক্ষ ও প্রথম আলো ট্রাস্টের কোষাধ্যক্ষ তাজিন আহমেদ বলেন, ‘এখন আর ঝিমালে চলবে না।’ তিনি বলেন, ‘অভিভাবকেরা ভাবেন, সব দায়দায়িত্ব স্কুলের। তবে স্কুল সবকিছু করে দিতে পারবে না; যা কিছু করার তা করবে বাড়ি। আর সে ক্ষেত্রে মা-বাবার সঙ্গে সন্তানের সুসম্পর্ক থাকা একান্ত জরুরি। বর্তমানের কর্মব্যস্ত মা-বাবা সন্তানকে দামি উপহার দিয়েই দায়িত্ব শেষ করতে চান।’করণীয়: কোচিং সেন্টার, সিসাবারের মতো জায়গাগুলো সম্পর্কে সচেতন থাকা এবং কমিউনিটিভিত্তিক অভিভাবকদের সচেতনতার বিষয়টিতে জোর দেন আলোচকদের অনেকেই।ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আইনুন নিশাত বুয়েটে দীর্ঘদিন কর্মজীবনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, ছেলে মাদকাসক্ত—এ খবর বলার পরও অভিভাবকেরা বিশ্বাস করতে চান না বা গুরুত্ব দেন না। পরে পুলিশ যখন সেই ছেলেকে ধরে নিয়ে যায়, তখন টনক নড়ে। মা-বাবার মধ্যে দ্বন্দ্ব সন্তানদের মাদকাসক্ত হওয়ার পেছনে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি। তাঁর মতে, সন্তান যদি মাদকাসক্ত হয়েই পড়ে, তখন বিষয়টি আর গোপন না করে চিকিৎসার ব্যবস্থা করা জরুরি। আপনের নির্বাহী পরিচালক ব্রাদার রোনাল্ড ড্রাহোজাল বলেন, ‘যে নেশা করে, সে খারাপ নয়, অসুস্থ। অসুস্থ ব্যক্তির চিকিৎসা পাওয়ার অধিকার আছে।’ তাঁর মত, মাদকের বিরুদ্ধে সরকার একা কিছু করতে পারবে না। তাই সমন্বিত উদ্যোগ বাড়ানো এবং মাদকাসক্ত ব্যক্তিদের জন্য পুনর্বাসনকেন্দ্রের সংখ্যা বাড়ানো দরকার। তবে মাদক নিয়ন্ত্রণে সরকারের অঙ্গীকার ও সদিচ্ছা থাকা সবচেয়ে জরুরি বলে মনে করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের সহকারী পরিচালক ইকবাল মাসুদ।তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ মুনির হাসান বলেন ভিন্ন কথা। ছেলেমেয়েদের সামনে বিভিন্ন বিষয়ে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার সুপারিশ করেন তিনি, যাতে তারা কিছু নিয়ে ব্যস্ত থাকতে পারে।প্রথম আলো ট্রাস্ট মাদকবিরোধী আন্দোলনের উপদেষ্টা ও মনোরোগ চিকিৎসক আহমেদ হেলাল সন্তানের আচরণ পরিবর্তনের আগে মা-বাবার নিজেদের আচরণ পাল্টানোর বিষয়ে গুরুত্ব দেন।জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের চিকিৎসক মেখলা সরকার এবং ফারজানা রহমান সঠিক প্যারেন্টিংয়ের কথা বলেন।একটি সুপারিশ: সাংসদ আসাদুজ্জামান নূর বলেন, কাগজে-কলমে আইনের অভাব নেই। কিন্তু আইনের প্রয়োগ হয় না। তাই মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রথম আলোর পক্ষ থেকে দেশের গণমাধ্যমগুলোকে একত্র করে কর্মকাণ্ড পরিচালনার জন্য প্রথম আলোর সম্পাদকের প্রতি অনুরোধ জানান তিনি।প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, প্রথম আলো মাদকবিরোধী আন্দোলনে যুক্ত হয়েছে প্রায় ১২ বছর ধরে। দেশের সব গণমাধ্যম একসঙ্গে যৌথভাবে উদ্যোগ নিলে সরকারের ওপর চাপ সৃষ্টি করা সম্ভব হবে।ফিরে আসার গল্প: সন্তান মাদকাসক্ত হলেই সব শেষ হয়ে যায় না। যথাযথ চিকিৎসা এবং সন্তানের সঙ্গে ভালো ব্যবহারে সন্তানকে এ পথ থেকে ফিরিয়ে আনা যায়, সে গল্প শোনালেন অভিভাবক নিলু। তিনি জানালেন, তাঁর সন্তান সাত বছর হলো মাদক ছেড়েছে। এখন একটি ভালো চাকরিও করছে।জুয়েল নামের একজন জানালেন, তিনি ১১ বছর ধরে সুস্থ। বর্তমানে মাদকাসক্ত বক্তিদের নিয়ে একটি সংগঠনে কাজ করছেন।অভিভাবক ও একসময়ের মাদকাসক্ত ব্যক্তিরা যখন তাঁদের ফিরে আসার কাহিনি শোনাচ্ছিলেন, মিলনায়তনে উপস্থিত সবাই হাততালি দিয়ে তাঁদের স্বাগত জানান। আগামী ২৫ সেপ্টেম্বর বিকেল সাড়ে চারটায় ডব্লিউভিএ মিলনায়তনে প্রথম আলো মাদকবিরোধী ট্রাস্টের আয়োজনে পরবর্তী মাদক পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হবে।