হাতের নাগালে দুপুরের খাবার
আওলাদ হোসেন একজন ব্যাংকার। তাঁর কর্মস্থল মতিঝিল। ২০০৩ সাল থেকে এখানে আছেন। পরিবারের সবাই থাকে গ্রামের বাড়িতে। শহরে তাঁর ডেরা বলতে ব্যাচেলর মেস। সকাল আর রাতের খাবারের ব্যবস্থা হয় সেখানেই। দুপুরের খাবার নিয়েও চিন্তা করতে হয় না আওলাদকে।তাঁর ভাষ্য, ‘মতিঝিল এলাকায় অনেক ব্যবসায়ী আছেন, যাঁরা অফিসগুলোয় খাবার সরবরাহ করে থাকেন। আমার সহকর্মীদের অনেকেই নিয়মিত এই খাবার খান। ব্যবসায়িক মনোবৃত্তি থাকলেও বাড়িতেই রান্না করা হয় এই খাবার। রেস্তোরাঁর খাবারের মতো তেল-মসলানির্ভর খাবার নয়। এদের একনামে বাটি সাপ্লাইয়ার বলে চেনে সবাই। একসঙ্গে রান্না করা খাবার তাঁদের পরিবারের লোকেরাও খায়। আবার অফিসগুলোয়ও সরবরাহ করা হয়। তাই এটা হোটেলের খাবারের চেয়ে অনেক ভালো। খরচও তুলনামূলক কম। ৫০ টাকার একটি বাটিতে থাকে ভাত, ডাল, মাছ অথবা মাংস।’চাকরিজীবী কিংবা ব্যবসায়ী, দুপুরটা যাঁরা কর্মস্থলে কাটান, তাঁদের অনেকেই দুপুরের খাবারের জন্য এখন নির্ভর করছেন খাবার সরবরাহকারীদের ওপর। এতে খাবার পাওয়া যায় কর্মস্থলে বসেই। আবার এটায় রেস্তোরাঁর খাবারের মতো তেল-মসলার আধিক্য থাকে না।নগরের খাবার সরবরাহের ব্যবসা ব্যক্তিপর্যায়ে শুরু হলেও এখন তা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। গড়ে উঠছে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান। একসময় অফিসের সাধারণ কর্মচারীরা সরবরাহকারীদের খাবার খেতেন। আজকাল বড় কর্তারাও এমন খাবারের দিকে ঝুঁকছেন। তাই অভিজাত-অনভিজাত সব অফিসপাড়ায়ই খাবার ব্যবসায়ীদের আনাগোনা রয়েছে।মতিঝিল এলাকার খাবার সরবরাহ করেন মোহাম্মাদ ইব্রাহিম। তিনি বলেন, ‘ব্যবসার উদ্দেশ্য থাকলেও এক ধরনের ভালোলাগা থেকে এ কাজ করি। তাই যতটা সম্ভব পরিচ্ছন্ন পরিবেশে রান্না করা থেকে শুরু করে খাবার বাটিতে ভরার কাজটা করি।’উত্তরা থেকে কারওয়ান বাজারে এসে অফিস করেন এ কে এম আমিনুল ইসলাম। তিনি দুপুরের খাবার সারেন সরবরাহকারীদের খাবার দিয়ে। তিনি বলেন, ‘বাড়ি থকে নিয়মিত খাবার আনা ঝামেলা। তাই এই খাবারের ওপর নির্ভর করতে হয়। আর খাবারের মানও ভালো—অল্প টাকায় ভালো খাবার খাওয়া যায়। এদের বদৌলতে প্রতিদিন ভর্তা, সবজি, মাছ অথবা মাংস দিয়ে দুপুরে গরম ভাত খেতে পারছি। কখনো দিনের হিসাবে, কখনো বা মাসের হিসেবে টাকা পরিশোধ করছি।’ঘরোয়াভাবে যাঁরা খাবার সরবরাহের ব্যবসা করছেন, তাঁরা বেশির ভাগ ক্ষেত্রেই মাস হিসাবে খাবার সরবরাহ করছেন। তবে খাবার সরবরাহের প্রতিষ্ঠানগুলো এক-দুই ঘণ্টা আগে ফরমায়েশ পেলেও খাবার সরবরাহ করে থাকে।গুলশান-২-এর লাঞ্চ এক্সপ্রেস এমনই একটি খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান। এর পরিচালক তাসমিনা জামান বলেন, ‘কর্মজীবীদের কথা মাথায় রেখেই এই ব্যবসার উদ্যোগ নিয়েছি। স্বাস্থ্যসম্মত উপায়ে ভালো খাবার পরিবেশনের চেষ্টা করি সব সময়।’ তারা প্রতিদিন দেশি খাবার ছাড়াও ভারতীয় ও চায়নিজ খাবার সরবরাহ করে থাকেন। আবার খাবার যাতে একঘেয়ে না লাগে, তাই খাবারের পদে তাঁরা ভিন্নতা আনার চেষ্টা করেন। তাঁদের দুপুরের খাবারের এক প্যাকেটের দাম ১০০ টাকা।গুলশানের একটি বেসরকারি সংস্থায় কর্মরত শেখর চন্দ্র বণিক জানান, গুলশানের খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর খাবারের মান ভালো। তাই মাঝেমধ্যেই খাওয়া হয়। তবে তাদের খাবারের দাম কিছুটা বেশি।এদিকে পুরান ঢাকার অনেক দোকানি ও দোকানকর্মী সরবরাহকারীদের খাবারের ওপর নির্ভরশীল। পুরান ঢাকার অনেক এলাকায় বুড়িগঙ্গার অপর পার থেকে খাবার আসে। তাই দুপুরের আগে আগে নদী পার হয়ে অনেককেই বাটিভর্তি খাবারের বোঝা নিয়ে আসতে দেখা যায়।তবে পুরান ঢাকার নবাবপুর রোডের ব্যবসায়ী এস এম তারেকের অভিযোগ, ‘অনেক দিন ধরে এই খাবার খেয়েছি। তবে এখন আর খাই না। খাবারের মান আগের চেয়ে খারাপ হয়ে গেছে। অনেক দিন গন্ধের কারণে খাবার না খেয়েই ফেলে দিয়েছি। আর যে পাত্রে খাবার দেওয়া হয়, তা-ও পরিচ্ছন্ন থাকে না।’এ বিষয়ে নবাবপুরের খাবারের ব্যবসায়ী শরিফুল ইসলাম দাবি করেন, ‘ভালো মানের খাবার দেওয়ার চেষ্টা করি। আমার স্ত্রী রান্না করে। আমরা নিজেরাও এই খাবারই খাই। তাই খারাপ খাবার দেওয়ার প্রশ্নই ওঠে না।’খাবার সরবরাহের জন্য বাসাবাড়িতেই রান্না সারেন ছোট আকারের সরবরাহকারীরা। সে ক্ষেত্রে রান্নাটা করে থাকেন তাঁদের পরিবারের কোনো নারী। এভাবে নারীরা ঘরে বসেই আয় করতে পারছেন। কোনো কোনো নারী নিজেই পৌঁছে দেন খাবার।নগরের খাবার সরবরাহের ব্যবসা সম্পর্কে পুষ্টি ও রন্ধন বিশেষজ্ঞ সিদ্দিকা কবির জানান, সরবরাহকারীরা খাবারগুলো বাসায় রান্না করলেও যেহেতু ব্যবসার উদ্দেশ্যে রান্না করা, তাই স্বভাবতই তেল-মসলা বেশি থাকে; যা শরীরের জন্য ভালো নয়। তবে এগুলো রেস্তোরাঁর খাবারের চেয়ে অনেক ভালো। তবে যাঁরা নিয়মিত খেয়ে থাকেন, তাঁদের উচিত কম তেল-মসলা দিয়ে রান্না করতে বলা। অন্যদিকে খুব বেশি সময় প্লাস্টিকের বাক্সে খাবার রাখলে জীবাণু আক্রমণ করতে পারে। তাই যত দ্রুত সম্ভব খাবার পরিবেশন করা উচিত। আর খাবারের পাত্রগুলো যাতে পরিষ্কার থাকে সে বিষয়েও ব্যবসায়ীদের লক্ষ রাখতে হবে।