সুদীর্ঘ চাকমা (৩৮) ছিলেন পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক দল জনসংহতি সমিতির (জেএসএস-এমএন লারমা) রাঙামাটির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক। গত ১২ ফেব্রুয়ারি সকালে লংগদু উপজেলার দোজড় পাড়ায় দলীয় সভায় তাঁকেসহ চারজনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (পিসিজেএসএস) দায়ী বলে অভিযোগ করেছেন সুদীর্ঘ চাকমার স্ত্রী অরুণিমা চাকমা।সুদীর্ঘ আগে জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমার নেতৃত্বাধীন পিসিজেএসএসের সঙ্গে যুক্ত ছিলেন। মতাদর্শিক দ্বন্দ্বের জের ধরে এ দলটি ছেড়ে ২০০৯ সালে যোগ দেন জেএসএসে (এমএন লারমা)।পুরোনো দল ছাড়ার সঙ্গে সঙ্গে সুদীর্ঘকে ছাড়তে হয় রাঙামাটি শহরও। চলে যান স্ত্রীর কর্মস্থল খাগড়াছড়িতে। পাহাড়ে এটাই বাস্তবতা। তিনটি আঞ্চলিক দল আছে। আছে তাদের নিয়ন্ত্রণাধীন সুনির্দিষ্ট এলাকা। যে এলাকায় যে দলের শক্ত অবস্থান থাকে, সেখানে প্রতিপক্ষ দলের লোকজন টিকতে পারে না।দল তিনটির মধ্যে পার্বত্য চুক্তির বিরোধিতা করে ১৯৯৮ সালে জন্ম নেওয়া ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সঙ্গে ২০০৭ সালে জন্ম নেওয়া জেএসএসের (এমএন লারমা) সম্পর্ক ভালো। এই দুই দলের সঙ্গে পাহাড়ের সবচেয়ে পুরোনো দল পিসিজেএসএসের সংঘাত লেগে আছে। ১৯৯৭ সালে পার্বত্য চট্টগ্রাম চুক্তির পর থেকে পাহাড়ে যে ভ্রাতৃঘাতী সংঘাতের শুরু হয়, তাতে মৃতের সংখ্যা ৭০০ ছাড়িয়ে গেছে। এর সর্বশেষ উদাহরণ সুদীর্ঘ চাকমা। তাঁর কাকা সুধেন্দু চাকমা এর আগে স্বায়ত্তশাসনের আন্দোলনে প্রাণ হারিয়েছিলেন। ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন সুদীর্ঘ চাকমা। এ কারণে গ্রামের বাড়ি বন্দুকভাঙায় থাকতে পারেননি। তখনকার প্রতিপক্ষ ইউপিডিএফের সঙ্গে তাঁর দলের বিরোধের কারণে চলে আসেন রাঙামাটি শহরে। বিয়ে করেন ছাত্রজীবনের রাজনৈতিক সহকর্মী অরুণিমাকে। তাঁদের এক ছেলে, নাম চুগচুগ মন চাকমা। বাংলায় নামটির অর্থ ‘ভরে যাওয়া মন’। সুদীর্ঘ চাকমার আরেক স্মৃতি অরুণিমা এখন গর্ভে ধারণ করছেন। অনাগত সেই শিশুর কাছে ‘বাবা’ শুধু ছবি হয়ে থাকবে। গত ২৭ মার্চ ছিল চুগচুগের নবম জন্মদিন। এবারের জন্মদিনে বাবার কাছে ওর দাবি ছিল দূরনিয়ন্ত্রিত খেলনা হেলিকপ্টার।অরুণিমার মতো অকালবৈধব্য বা চুগচুগের মতো শিশুদের পিতৃহারা হওয়াটা অনেকটা নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে পাহাড়ে। পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান বলেন, ‘পাহাড়ের রাজনীতি এমন পর্যায়ে পৌঁছেছে যে এখানে রাজনৈতিক কোনো ভাষা নেই। এখানে কথা হয় অস্ত্রের ভাষায়।’স্বায়ত্তশাসনের দাবিতে প্রায় দুই দশকের সশস্ত্র লড়াই শেষে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম চুক্তি হয়। চুক্তির পরপরই এটিকে প্রত্যাখ্যান করে পূর্ণ স্বায়ত্তশাসনের দাবিতে ১৯৯৮ সালে পিসিজেএসএসের নেতা প্রসিত বিকাশ খীসার নেতৃত্বে গঠিত হয় ইউপিডিএফ। প্রতিষ্ঠার পর থেকে ইউপিডিএফকে বিশেষ গোষ্ঠীর সৃষ্ট বলে আখ্যায়িত করে এদের নির্মূল করার ঘোষণা দেন পিসিজেএসসের প্রধান সন্তু লারমা। এর পর থেকে দল দুটির মধ্যে যে সশস্ত্র সংঘাতের শুরু হয়, তা এখনো অব্যাহত আছে। এই সংঘাতে সর্বশেষ যুক্ত হয় জেএসএস (্এমএন লারমা)।২০০৭ সালে পিসিজেএসএস ভেঙে প্রবীণ নেতা সুধাসিন্ধু খীসা ও রূপায়ন দেওয়ানের নেতৃত্বে গঠিত হয় জেএসএস (এমএন লারমা)। সন্তু লারমার নেতৃত্বে পিসিজেএসএস দলের প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ণ লারমার (এমএন লারমা) আদর্শ বিচ্যুত হয়েছে—এ অভিযোগ তুলে নতুন এই দলের সৃষ্টি।বিবদমান এই তিনটি দলের দেওয়া হিসাব অনুযায়ী, বর্তমান সরকারের আমলে ৮৫ জন খুন হয়েছেন। ইউপিডিএফের যুব সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি মাইকেল চাকমা জানান, এ সময়ে তাঁদের দলের ৪১ জন নিহত হয়েছেন। এ জন্য তিনি সরাসরি পিসিজেএসএসকে দায়ী করেছেন। জেএসএসের (এমএন লারমা) কো-চেয়ারম্যান সুধাসিন্ধু খীসা জানান, একই সময়ে তাঁদের দলের ২৯ জন খুন হয়েছেন। তিনিও এসব খুনের জন্য পিসিজেএসএসকে দায়ী করেন।অপর দিকে পিসিজেএসএসের তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা জানান, এই চার বছরে তাঁদের ১৫ জন নেতা-কর্মীকে হত্যা করেছে ইউপিডিএফ।তিনটি দলই প্রতিপক্ষের হাতে নিজেদের কর্মী খুন হওয়ার বিষয়ে তথ্য দিতে বেশ সচেষ্ট। কিন্তু তাদের হাতেও যে প্রতিপক্ষ দলের কর্মী খুন হন, সে অভিযোগ স্বীকার করতে রাজি নয় কেউ।তাহলে কার হাতে খুন হলো শত শত তরুণ প্রাণ? এ ক্ষেত্রে সবারই প্রায় একই রকম বক্তব্য। যেমন সুদীর্ঘ চাকমাসহ প্রতিপক্ষের রাজনৈতিক কর্মীদের হত্যায় জড়িত বলে জেএসএসের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে দলটির নেতা মঙ্গল কুমার চাকমা বলেন, ‘ওই সব সন্ত্রাসী দলের বিরুদ্ধে এলাকার জনগণের প্রতিরোধের ফলে এসব ঘটনা ঘটতে পারে।’ একইভাবে পিসিজেএসএসের কর্মীদের হত্যার অভিযোগ অস্বীকার করে ওই সব ঘটনাকে ‘সাধারণ মানুষের প্রতিরোধ’ বলে দাবি করেন ইউপিডিএফের নেতারাও। সব কাজে এই ‘মানুষকে’ সাক্ষী মানলেও সাধারণ মানুষ কিন্তু ত্যক্ত, হতাশ। রাঙামাটির উত্তর খাগড়াছড়ি গ্রামের একজন প্রবীণ ব্যক্তি (নিরাপত্তার স্বার্থে তাঁর নাম উল্লেখ করা হলো না) বলেন, ‘আমরা এসব হানাহানি থেকে মুক্তি চাই।’ তিনি আরও বলেন, এসব হানাহানির কারণে পার্বত্য চুক্তির পূর্ণ বাস্তবায়নসহ পাহাড়ি মানুষের দীর্ঘদিনের যেসব মৌলিক দাবি, সেগুলো আড়ালে চলে যাচ্ছে।জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নিরূপা দেওয়ানও মনে করেন, ‘চুক্তি বাস্তবায়নের চেয়ে ভ্রাতৃঘাতী সংঘাত এখন বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে।’খাগড়াছড়িতে তিন সংগঠনের মিছিল: খাগড়াছড়ি প্রতিনিধি জানান, গতকাল প্রথম আলোতে ‘সরেজমিন পার্বত্য চট্টগ্রাম: অস্ত্র সংগ্রহে নেমেছে বিবদমান দলগুলো’ শিরোনামে সংবাদ প্রকাশের জের ধরে গতকাল দুপুরে খাগড়াছড়িতে মিছিল করেছে ইউপিডিএফ-সমর্থিত হিল উইমেন্স ফেডারেশন, পাহাড়ি ছাত্র পরিষদ ও গণতান্ত্রিক যুব ফোরাম। এ সময় তারা প্রথম আলো পত্রিকায় অগ্নিসংযোগ করে।খাগড়াছড়ির উপজেলা মাঠ থেকে বের হওয়া সংগঠনগুলোর মিছিলটি মহাজন পাড়ার সূর্যশিখা ক্লাবের সামনে পৌঁছালে পুলিশ বাধা দেয়। এরপর তারা চেঙ্গী স্কয়ারে সমাবেশ করে।সমাবেশে হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভানেত্রী কণিকা দেওয়ান দাবি করেন, ইউপিডিএফ সংঘাত ও অস্ত্রবাজিতে বিশ্বাসী নয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি ওমেস চাকমা, সাধারণ সম্পাদক বিপুল চাকমা প্রমুখ।