হানিফ-সাদেক আট বছর করে দায়িত্বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯৪ সালে প্রথম ঢাকায় সিটি করপোরেশন নির্বাচন হয়। তার আগে সরকারের মনোনীত ব্যক্তিরা মেয়র হতেন। স্বাধীনতার পর একবার ওয়ার্ড কমিশনাররা ভোট দিয়ে মেয়র নির্বাচন করেন।১৯৯৪ সালের প্রথম নির্বাচনে মেয়র হন মোহাম্মদ হানিফ। ১৯৯৪ সালের মার্চ থেকে ২০০২ সালের এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি। পাঁচ বছর পর নির্বাচন হওয়ার কথা থাকলেও আট বছরের বেশি সময় তিনি দায়িত্ব পালন করেন।বর্তমান মেয়র সাদেক হোসেন খোকা নির্বাচনে জয়ী হয়ে মেয়র হিসেবে দায়িত্ব নেন ২০০২ সালের এপ্রিলে। আওয়ামী লীগ ওই নির্বাচনে প্রার্থী দেয়নি। তিনিও আট বছরের বেশি সময় মেয়র পদে আছেন। এর আগে মির্জা আব্বাস, আবুল হাসনাত, এম এ মালেক, মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসানসহ একাধিক ব্যক্তিকে বিভিন্ন সরকার বিভিন্ন মেয়াদে মেয়র হিসেবে নিয়োগ দেয়। এ ছাড়া ঢাকা বিভাগীয় কমিশনাররাও বিভিন্ন সময় মেয়রের প্রশাসনিক দায়িত্ব পালন করেন।মুক্তিযুদ্ধের সময় থেকে ঢাকায় অনেকে মেয়র, চেয়ারম্যান বা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ডিসেম্বর থেকে ’৭২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করেন খালেদ শামস ও মনজুরুল করিম। ’৭২-এর এপ্রিল থেকে ’৭৪-এর নভেম্বর পর্যন্ত দায়িত্বে ছিলেন এইচ এন আশিকুর রহমান। খালেদ শামস, মনজুরুল করিম ও আশিকুর রহমান উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তা (সিএসপি) ছিলেন। ’৭৪ থেকে ’৭৭ সাল পর্যন্ত ঢাকার মেয়র ছিলেন হাসান উদ্দিন আহমেদ। তাঁরা সবাই সরকারের মনোনীত। এরপর ওয়ার্ড কমিশনারদের ভোটে প্রথম মেয়র হন আবুল হাসনাত। ’৮২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি।১৯৮২ থেকে ’৮৬ পর্যন্ত সরকারের মনোনীত মেয়র ছিলেন মাহমুদুল হাসান। ’৮৬ থেকে ’৮৯ পর্যন্ত ছিলেন জাতীয় পার্টির এম এ মালেক। ’৮৯ থেকে ’৯০ পর্যন্ত ছিলেন এরশাদের ঘনিষ্ঠ ও জাতীয় পার্টির নেতা নাজিউর রহমান। ১৯৯০ সালে কয়েক দিনের জন্য পুনরায় মেয়র হন আবুল হাসনাত। ’৯০ থেকে ’৯১ সালের মধ্যে কয়েক মাস ঢাকার বিভাগীয় কমিশনার ওয়ালিউল ইসলাম মেয়রের দায়িত্ব পালন করেন। ’৯১ থেকে ’৯৩ পর্যন্ত মেয়র ছিলেন বিএনপির নেতা মির্জা আব্বাস। এরপর ঢাকা বিভাগীয় কমিশনারের অধীনে ’৯৪ সালে মেয়র পদের জন্য সরাসরি নির্বাচন দেওয়া হয়। এ সময় মোহাম্মদ হানিফ প্রথম সরাসরি ভোটে মেয়র নির্বাচিত হন।