হানিফের বক্তব্য মিথ্যাচার: মাহমুদুর রহমান
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ‘দৈনিক আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। ‘আমার দেশ’ পত্রিকার পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে হানিফের বক্তব্য প্রত্যাহার করার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও বিবৃতিতে জানানো হয়।আজ মঙ্গলবার ‘আমার দেশ’ পত্রিকার পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে আওয়ামী লীগের নেতা হানিফের বক্তব্যকে নির্জলা মিথ্যাচার এবং শিষ্টাচারবিবর্জিত বলে উল্লেখ করা হয়। বিবৃতিতে মাহমুদুর রহমান বলেন, ‘একটি চরম অজনপ্রিয় এবং আপাদমস্তক দুর্নীতিবাজ সরকারের মুখপাত্রের পক্ষেই এই জাতীয় নির্লজ্জ মিথ্যাচার করা সম্ভব। দুর্নীতিপরায়ণ কোনো রাজনীতিবিদ দেশের অন্য নাগরিককে তাঁর মতোই ন্যায়নীতি-বিবর্জিত মনে করবেন, এটাই স্বাভাবিক।’ বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ‘দৈনিক আমার দেশ’ পত্রিকার বিরুদ্ধে সুদূরপ্রসারী, ধারাবাহিক দুরভিসন্ধি এবং হীন চক্রান্তের অংশ হিসেবেই কয়েক দিন আগে ব্লগে প্রচারিত একটি মিথ্যা কাহিনির ওপর ভিত্তি করে মাহবুব উল আলম হানিফ এ বক্তব্য দিয়েছেন। এর আগেও মাহমুদুর রহমানের নামে একটি মিথ্যা লেখা ব্লগে প্রচার করা হয় বলে বিবৃতিতে অভিযোগ করা হয়। ওই লেখার ব্যাপারে তেজগাঁও থানায় একটি জিডিও করা হয়েছিল। আওয়ামীর লীগের নেতা হানিফ আজ মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত হরতালবিরোধী সমাবেশে বলেন, হেফাজতের লংমার্চ ঘিরে ৮৫ কোটি টাকার লেনদেন হয়েছে। এর মধ্যে হেফাজতে ইসলাম দিয়েছে ৪৫ কোটি টাকা। বাকি টাকা দিয়েছে অন্যরা। আর কে কত টাকা নিয়েছে, সেটাও একটি জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে। তিনি অভিযোগ করেন, এই টাকার লেনদেন হয়েছে দৈনিক ‘আমার দেশ’-এর কার্যালয়ে। সেখান থেকে মাহমুদুর রহমানও চার কোটি টাকা নিয়েছেন। এসব তথ্য যখন প্রকাশিত হয়, তখন ‘লজ্জায় মাথা হেঁট হয়ে যায়’। তিনি বলেন, হেফাজতের এই কর্মসূচিতে শুধু লংমার্চ ও সমাবেশ করার পরিকল্পনা ছিল না। এই কর্মসূচিতে কারাগারে আটক যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত বিএনপির নেতা আবদুল আলীমকে হত্যা, মাদ্রাসার ৫০ জন ছাত্রকে হত্যা এবং কোরআন শরিফ পুড়িয়ে ও মাদ্রাসায় আগুন দিয়ে দেশে একটা অরাজক পরিবেশ তৈরির পরিকল্পনা ছিল।