হানিফের বক্তব্যের নিন্দা বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের উন্নয়নে চীনের অংশীদারি নস্যাৎ করার উদ্দেশে খালেদা জিয়া চীনে গেছেন—আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের দেওয়া এমন বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি।আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করা হয়। সেখানে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেন, চীনের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক, তা বিএনপিই প্রতিষ্ঠিত করেছে। বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক নস্যাত্ নয়, বরং আরও সুদৃঢ় করার লক্ষ্যে খালেদা জিয়া চীন সফরে গেছেন। রিজভী অভিযোগ করেন, আন্তর্জাতিক গোষ্ঠীর দৃষ্টি ভিন্ন খাতে নিতে আওয়ামী লীগ এ ধরনের ষড়যন্ত্র করছে।গতকাল সোমবার আওয়ামী লীগের সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মাহবুব উল আলম হানিফ বলেন, আওয়ামী লীগের আমলে দেশের বৌদ্ধ সম্প্রদায় নিরাপদ নয়—চীন সরকারের কাছে এমন নালিশ করতেই খালেদা জিয়া সে দেশে গেছেন। তিনি দাবি করেন, ঘটনাস্থল থেকে তাঁদের তদন্ত কমিটির তোলা কিছু ছবি, ঢাকায় খালেদা জিয়ার সঙ্গে বৌদ্ধ নেতাদের ছবি ও বিএনপির তদন্ত কমিটির মনগড়া দলিল-দস্তাবেজ নিয়ে চীনে গেছেন বিরোধীদলীয় নেতা।খালেদা জিয়ার চীন সফর ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদকে নিয়ে হানিফের দেওয়া বক্তব্য রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত বলে দাবি করেন রিজভী।গতকালের সংবাদ সম্মেলনে মওদুদ আহমদকে ‘নীতিহীন’ ও ‘ডিগবাজি মওদুদ’ উল্লেখ করে মাহবুব উল আলম হানিফ বলেন, ‘এই ব্যক্তি সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করে হেরে যান। দলবদল করে একই মেয়াদে বিএনপির প্রতীক নিয়ে উপনির্বাচনে জিতে আসেন। এক ব্যক্তির দুটি দল থেকে দুটি ভিন্ন প্রতীকে নির্বাচন করার ইতিহাস পাওয়া যাবে না।’