হানিফের বাসায় অবিস্ফোরিত ককটেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের গুলশানের বাসভবনের সিঁড়িতে ও জানালায় আজ শনিবার বিকেল সাড়ে চারটার দিকে তিনটি অবিস্ফোরিত ককটেল পাওয়া গেছে। এ সময় হানিফ তাঁর বাসভবনে ছিলেন না। হানিফের স্ত্রী ফৌজিয়া আলম প্রথম আলো ডটকমকে বলেন, ‘বিকেল সাড়ে চারটার দিকে বাসায় পৌঁছালে সিঁড়ির কাছে আমি দুটি ককটেল দেখতে পাই। এরপর বাসার আশপাশে খোঁজাখুঁজি করি, জানালার পাশে আরও একটি ককটেল পাওয়া যায়। তবে আমি কাউকে ককটেল ছুড়তে দেখিনি, কোনো শব্দও পাইনি।’ এদিকে, হানিফের বাসভবনে যখন ককটেল পাওয়া যায় তখন তিনি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দলের তৃণমূল নেতা-কর্মীদের সভায় উপস্থিত ছিলেন। খবর পেয়ে তিনি দ্রুত বাসায় যান। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন । এ ঘটনার জন্য কাকে সন্দেহ করছেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হানিফ বলেন, ‘যারা আমার বিরোধী, যুদ্ধাপরাধীদের বিচার চায় না, দেশজুড়ে নাশকতা চালাচ্ছে, তারাই এ ঘটনা ঘটিয়েছে।’ তিনি বলেন, ‘এ হামলার ঘটনায় আমি ভীত নই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করতে এবং যুদ্ধাপরাধীদের বিচারের জন্য আগের মতোই কাজ করে যাব। কোনো অপশক্তির হামলায় পিছপা হব না।’ খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা বাহিনী, বোমা নিষ্ক্রিয়করণ দল ও গুলশান থানার পুলিশ ঘটনাস্থলে যায়। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, ‘হানিফ সাহেবের বাসায় তিনটি অবিস্ফোরিত ককটেল পাওয়া গেছে। ককটেল না ফোটায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।’ এ ঘটনায় কাউকে গ্রেপ্তারও করা হয়নি বলে জানান তিনি।