হান্নানের দাবি, শেখ আবদুল্লাহসহ আওয়ামী লীগের নেতারা জড়িত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ বছর আগে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বোমা পুঁতে শেখ হাসিনাকে হত্যাচেষ্টার ঘটনায় এবার নতুন কথা বললেন হরকাতুল জিহাদ (হুজি) নেতা মুফতি হান্নান। তাঁর দাবি, শেখ হাসিনাকে হত্যাচেষ্টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আবদুল্লাহ ও গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান জড়িত ছিলেন। এই শীর্ষ জঙ্গিনেতার দাবি, তাঁকে বলির পাঁঠা বানানো হয়েছে।গতকাল বৃহস্পতিবার শেখ হাসিনাকে হত্যাচেষ্টা-সংক্রান্ত তিনটি মামলায় মুফতি হান্নানকে গোপালগঞ্জের আদালতে নেওয়া হয়। তিনি বেলা সাড়ে ১১টার দিকে আদালতের বারান্দায় সাংবাদিকদের দেখে চিৎকার করে আওয়ামী লীগের এই দুই নেতার সম্পৃক্ততার দাবি করেন। গতকাল বিকেলেই আওয়ামী লীগের ওই দুই নেতা গোপালগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ডেকে মুফতি হান্নানের অভিযোগ অস্বীকার করেন। ওই সংবাদ সম্মেলন চলাকালেই আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগের একদল কর্মী প্রেসক্লাব চত্বরে শেখ আবদুল্লাহ ও মাহাবুব আলী খানকে মুফতি হান্নানের দোসর বলে স্লোগান দেন।শেখ হাসিনাকে হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা তিনটি মামলাই এখন গোপালগঞ্জের বিশেষ ট্রাইব্যুনালে বিচারাধীন। তিনটি মামলায়ই প্রধান আসামি নিষিদ্ধ জঙ্গি সংগঠন হুজির নেতা মুফতি হান্নান। মামলার হাজিরা দিতে তাঁকে গতকাল সকালে আদালতে নেওয়া হয়। আদালতের বারান্দায় সাংবাদিকদের উদ্দেশে মুফতি হান্নান বলেন, ‘বোমা পোঁতার সাথে আমার সরাসরি সম্পৃক্ততা ছিল না। বোমা পোঁতার বিষয়ে শেখ আবদুল্লাহ আর মাহাবুব সব জানে।’ তিনি আওয়ামী লীগের এই দুজন নেতাকে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদেরও দাবি করেন। ওই হত্যাচেষ্টার সঙ্গে কোটালীপাড়ার আরও কয়েকজন নেতা জড়িত ছিলেন বলেও মুফতি হান্নান দাবি করেন। হান্নানের এই বক্তব্যকে কেন্দ্র করে গোপালগঞ্জে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।মুফতি হান্নানের বিরুদ্ধে এই মামলাগুলোর কার্যক্রম ২০০১ সালে শুরু হলেও গতকালই প্রথম তাঁকে গোপালগঞ্জ আদালতে হাজির করা হয়। এত দিন তাঁকে আদালতে হাজির না করার কারণে মামলার বিচারকাজে অগ্রগতি হয়নি বলে জানিয়েছেন সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল হালিম।আ.লীগের দুই নেতার সংবাদ সম্মেলন: গতকাল বেলা সাড়ে তিনটায় গোপালগঞ্জ প্রেসক্লাবে আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আবদুল্লাহ ও গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান তাৎক্ষণিক সংবাদ সম্মেলন ডাকেন। শেখ আবদুল্লাহ তাঁর বিরুদ্ধে মুফতি হান্নানের তোলা অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁকে রাজনৈতিকভাবে হেয় করতে এবং মামলায় কিছু সুবিধা পেতে হান্নান এ ধরনের অভিযোগ তুলেছেন।শেখ আবদুল্লাহ বলেন, একটি অস্ত্র মামলায় মুফতি হান্নানের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। তিনি ওই মামলায় তৎকালীন সরকারি কৌঁসুলির (পিপি) সহকারী ছিলেন বলেও দাবি করেন আবদুল্লাহ।আবদুল্লাহ বলেন, ২০০০ সালের ২০ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে সমাবেশস্থলে জঙ্গিরা বোমা পুঁতে রেখেছিল, সেই সমাবেশের মঞ্চ তৈরিসহ অন্যান্য দায়িত্ব ছিল তাঁর। তিনি তখন গোপালগঞ্জের উন্নয়নকাজ তদারকিতে প্রধানমন্ত্রীর বিশেষ প্রতিনিধি ছিলেন।মাহাবুব আলী খান বলেন, ‘ওই বোমার ঘটনার সময় আমি ভারতে একটি ফুটবল টিম নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ খেলতে গিয়েছিলাম।’সংবাদ সম্মেলন চলাকালে একদল বিক্ষুব্ধ দলীয় কর্মী প্রেসক্লাব চত্বরে এসে ওই দুই নেতাকে মুফতি হান্নানের দোসর উল্লেখ করে স্লোগান, গালাগাল ও চিৎকার-চেঁচামেচি করেন।সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সহসভাপতি ইদ্রিস আলী, আহম্মেদ নওশের আলী মিঠু সরদার, সাধারণ সম্পাদক চৌধুরী এমদাদুল হক উপস্থিত ছিলেন।