হাবিবুল্লাহ কাচপুরীর মনোনয়ন প্রত্যাহার
নারায়ণগঞ্জের সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী হাবিবুল্লাহ কাচপুরি তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। তিনি আওয়ামী ওলামা লীগের সাবেক বহিষ্কৃত সভাপতি। আজ বুধবার বেলা দুইটার দিকে তিনি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এর ফলে এ নির্বাচনে মেয়র পদে প্রার্থীর সংখ্যা দাঁড়াল সাতজনে। রিটার্নিং কর্মকর্তা বিশ্বাস লুত্ফর রহমান প্রথম আলো অনলাইনকে জানান, প্রত্যাহারের আবেদনের পরিপ্রেক্ষিতে হাবিবুল্লাহর মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়া হয়েছে। একই সঙ্গে কাউন্সিলর পদ থেকেও ১০ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।মেয়র পদ থেকে মনোনয়ন প্রত্যাহারের কারণ জানতে চাইলে হাবিবুল্লাহ প্রথম আলো অনলাইনকে বলেন, ‘আমি আওয়ামী লীগ করি। কেন্দ্র থেকে নির্দেশ দেওয়ায় আমি মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছি।’আপনাকে তো আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে, তাহলে কেন্দ্র থেকে আপনাকে কে এ নির্দেশ দিয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি আওয়ামী লীগের ছিলাম এবং সব সময় থাকব।’ আজ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। শেষ খবর পাওয়া পর্যন্ত আওয়ামী লীগের দুই মূল প্রার্থীই নিজ নিজ অবস্থানে অনড় রয়েছেন বলে জানা গেছে।