হাবিলদারসহ মিয়ানমারের চারজন শ্রমিককে ফেরত নিল নাসাকা বাহিনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমার থেকে টেকনাফে গতকাল শনিবার অনুপ্রবেশকালে আটক হওয়া হাবিলদারসহ মিয়ানমারের চারজন শ্রমিককে আজ রোববার ফিরিয়ে নিয়েছে নাসাকা বাহিনী। বেলা ১২টায় বিডিআর ও নাসাকা বাহিনীর মধ্যে এক পতাকা বৈঠক শেষে নাসাকা বাহিনী তাদের ফেরত নেয়। টেকনাফ সড়ক ও জনপথ বিভাগের ডাক বাংলোতে বেলা ১২টা থেকে দুপরে দেড়টা পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হয়। মিয়ানমারের পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন নাসাকা বাহিনীর কাওয়ার বিল সেক্টরের সহকারী পরিচালক মত উইং এবং বাংলাদেশের পাঁচ সদস্যের নেতৃত্ব দেন ৪২ রাইফেলস ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর মো. শাহীনুর রহমান। টেকনাফে অনুপ্রবেশ করায় বিডিআর জওয়ানেরা গতকাল বেলা ১১টায় তাদের আটক করে। আটক হওয়া হাবিলদারের নাম উ অং মে টুটাং। শ্রমিকদের পরিচয় জানা যায়নি।