হামজাকে যুক্তরাষ্ট্রে স্থানান্তর
মিসরীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ও কট্টরপন্থী ধর্মীয় নেতা আবু হামজা আল-মাসরিসহ পাঁচজন সন্দেহভাজন ব্যক্তিকে যুক্তরাষ্ট্রের কাছে প্রত্যর্পণ করেছে যুক্তরাজ্য। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে গতকাল শুক্রবার তাঁদের মার্কিন বিমানে তুলে দেওয়া হয় বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়।বাকি চার সন্দেহভাজন হলেন: বাবর আহমদ, সৈয়দ তালহা আহসান, আবদেল আবদুল বারি ও খালেদ আল-ফাওয়াজ। গতকাল যুক্তরাজ্যের হাইকোর্ট তাঁদের যুক্তরাষ্ট্রের কাছে প্রত্যর্পণের নির্দেশ দেন। এসব সন্দেহভাজন ব্যক্তির আশঙ্কা, যুক্তরাষ্ট্রে পাঠানো হলে তাঁরা ন্যায়বিচার পাবেন না। এ জন্য তাঁরা সে দেশে না পাঠানোর জন্য ইউরোপীয় কোর্ট অব হিউম্যান রাইটসের (ইসিএইচআর) কাছে আবেদন করেন। কিন্তু এসিএইচআর গত সপ্তাহে ওই আবেদন খারিজ করে দেন। এরপর সাময়িকভাবে তাঁদের প্রত্যর্পণ বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।হামজার আইনজীবীরা আদালতে বলেছিলেন, আট বছর কারাগারে থাকার সময় অনেক রাত ঘুমাতে পারেননি হামজা। তাঁর মানসিক অবস্থার অবনতি হয়েছে। এই অবস্থায় তাঁকে যুক্তরাষ্ট্রে পাঠানো উচিত হবে না।জবাবে বিচারক বলেন, ‘হামজাকে যুক্তরাষ্ট্রেও চিকিত্সা দেওয়া যেতে পারে। হামজাকে যত শিগগির বিচারের মুখোমুখি দাঁড় করানো যায়, তত মঙ্গল।’হামজার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে জঙ্গি প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের পরিকল্পনা, আল-কায়েদাকে সমর্থন ও ইয়েমেনে বেশ কয়েকজন পশ্চিমা নাগরিককে জিম্মি করতে সহায়তা দেওয়ার অভিযোগ রয়েছে।