নোয়াখালী ও সেনবাগ পৌরসভার বিভিন্ন কেন্দ্রে ক্ষমতাসীন দলের সমর্থিত মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীদের পক্ষে কেন্দ্রে প্রভাব বিস্তার, ব্যালট পেপার ছিনতাই, কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগে সহিংস ঘটনা ঘটেছে। নোয়াখালীতে প্রতিদ্বন্দ্বী দুই কাউন্সিলর পদপ্রার্থীর বাড়িতে হামলা হয়েছে। বিএনপির কর্মীরা আওয়ামী লীগের কার্যালয় এবং আওয়ামী লীগের এক নেতার মার্কেটে হামলা চালিয়েছে। যুবলীগ নেতার মাইক্রোবাস পুড়িয়ে দিয়েছে তারা। সেনবাগ দক্ষিণ বাজারে বিএনপির কার্যালয়ের আসবাব বের করে আগুন ধরিয়ে দেয় আওয়ামী লীগের কর্মীরা। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন নোয়াখালী পৌরসভার ১৭টি এবং সেনবাগে নয়টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করে। এর প্রতিবাদে স্থানীয় বিএনপি নোয়াখালীতে আজ সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। নোয়াখালী: প্রত্যক্ষদর্শীরা জানান, নোয়াখালী পৌরসভার কয়েকটি কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগে শহরের সোনাপুর, ইসলামিয়া রোড, টাউন হল মোড়, দত্তেরহাট ও জেলা জামে মসজিদ এলাকায় মিছিল করে বিএনপির কর্মীরা। পুলিশ, র্যাব, বিডিআর ও সেনাবাহিনীর ভ্রাম্যমাণ টিম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে বিএনপির নেতা-কর্মীরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়ায় আহত হয় অন্তত ১২ জন। দুপুর ১২টার দিকে বিএনপির কর্মীরা নোয়াখালী উচ্চবিদ্যালয়সহ বিভিন্ন কেন্দ্র থেকে ব্যালটবাক্স ছিনতাই করে তা ভাঙচুর ও ব্যালট পেপার নষ্ট করে ফেলে। হামলার ঘটনা ঘটে ২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আবুল কাসেম এবং ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী দেলোয়ার হোসেনের বাড়িতে।এরপর বিএনপির কর্মীরা শহরের আবদুল মালেক উকিল সড়কের আওয়ামী লীগের কার্যালয়ে এবং জামে মসজিদ মোড়ে আওয়ামী লীগের নেতা সামছুদ্দীন জেহানের একটি মার্কেটে হামলা চালায়। একই সময় বিক্ষুব্ধ কর্মীরা শহরের ইসলামিয়া রোডে শহর যুবলীগের যুগ্ম সম্পাদক মো. জহিরের একটি মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেয়।সেনবাগ: সকালে সেনবাগে অষ্টদ্রোন সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেনবাগ সরকারি কলেজ কেন্দ্র, সরকারি পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্র, কাদরা হামেদিয়া মাদ্রাসা কেন্দ্রসহ পাঁচ-ছয়টি কেন্দ্রের আশপাশে বিক্ষিপ্ত সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া হয়। ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী খোরশেদ আলমের বাড়িতে হামলা চালায় অপর কাউন্সিলর প্রার্থীর সমর্থকেরা। এসব ঘটনায় অন্তত সাত-আটজন আহত হয়।সংবাদ সম্মেলন: দুপুরে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি মো. শাহাজাহানের বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে নোয়াখালী পৌরসভার ২৫টি কেন্দ্রের মধ্যে ২৩টি থেকে তাঁদের এজেন্টদের বের করে দেওয়া হয়। এরপর তাঁরা বাকি দুই কেন্দ্রের এজেন্টদের নিয়ে আসেন। তিনি সব কেন্দ্রের ভোট বাতিলের দাবি জানান এবং আজ বুধবার সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচি ঘোষণা করেন।বিকেলে শহরের আবদুল মালেক উকিল সড়কের জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মেয়র পদপ্রার্থী মহিউদ্দিন অভিযোগ করেন, যেসব কেন্দ্রে তাঁর জয়লাভের সম্ভাবনা ছিল, রিটার্নিং কর্মকর্তা পূর্বপরিকল্পনা অনুযায়ী ওই সব কেন্দ্রের ভোট স্থগিত করেন। তিনি রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) সাখাওয়াত হোসেনকে বিএনপি-জামায়াতপন্থী অভিহিত করে তাঁর অপসারণ দাবি করেন।জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বেলাল উদ্দিন অভিযোগ করেন, বিএনপি প্রার্থীর পরাজয় আঁচ করতে পেরে দুপুরের আগেই তাঁদের এজেন্টরা কেন্দ্র ছেড়ে চলে গিয়ে শহরের নৈরাজ্য সৃষ্টি করেছে। তারা সম্পদের ব্যাপক ক্ষতি করেছে। প্রশাসনের বক্তব্য: জেলা প্রশাসক (ডিসি) সিরাজুল ইসলাম জানান, গোলযোগের কারণে নির্বাচন কমিশন সেনবাগের নয়টি কেন্দ্রের সব কটি এবং নোয়াখালী পৌরসভার ২৫টি কেন্দ্রের মধ্যে ১৭টির নির্বাচন স্থগিত করেছে। পুলিশ সুপার (এসপি) হারুন-উর-রশীদ হাযারী জানান, শহরের কয়েকটি ভোটকেন্দ্রে প্রভাব বিস্তার নিয়ে বিক্ষিপ্তভাবে সহিংস ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসব ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।সর্বশেষ: সন্ধ্যা সাড়ে ছয়টায় বিএনপি হরতালের সমর্থনে জেলা শহরে বিক্ষোভ মিছিল করে। অন্যদিকে সন্ধ্যায় সেনবাগে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা নির্বাচন স্থগিত করার প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল বের করে।