হামলা ও অসদাচরণের ঘটনায় ছাত্রলীগের ৯ কর্মীকে বহিষ্কার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক জোটের নেতা-কর্মীদের ওপর হামলা এবং শিক্ষকদের সঙ্গে অসদাচরণের ঘটনায় প্রতিষ্ঠানটি থেকে ছাত্রলীগের নয়জন কর্মীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। গত সোমবার রাতে সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত হয়।হামলার ঘটনায় অর্থনীতি বিভাগের ৩৬তম ব্যাচের এস এম মাহতাবকে এক মাসের জন্য বহিষ্কার ও তিন হাজার টাকা জরিমানা এবং বাংলার ৩৭তম ব্যাচের মো. জাহাঙ্গীর আলম, সরকার ও রাজনীতি বিভাগের ৩৬তম ব্যাচের সাইফুর রহমান, দর্শন ৩৭তম ব্যাচের এম জি রাব্বীকে দুই মাসের জন্য বহিষ্কার ও দুই হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এ সময়ে তাঁদের ক্যাম্পাসে অবাঞ্ছিতও ঘোষণা করা হয়েছে। এদিকে বিজয় দিবসে খাবার নিয়ে শিক্ষকদের সঙ্গে অসদাচরণের অভিযোগে তিন মাসের জন্য বহিষ্কৃত ও ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষিত হয়েছেন সরকার ও রাজনীতি বিভাগের ৩৭তম ব্যাচের ফেরদৌস আহমেদ, ফয়সাল আহমেদ ও রাকিবুর রহমান এবং ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের ৩৮তম ব্যাচের ফজলে রাব্বি ও সিফা সালেহীন।সাংস্কৃতিক জোটের নেতা-কর্মীরা জানান, গত এপ্রিল মাসে সাবেক উপাচার্য শরীফ এনামুল কবিরের পদত্যাগের দাবিতে শিক্ষকদের একটি অংশ বিভিন্ন কর্মসূচি পালন করছিল। পাশাপাশি তাঁরাও সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস, নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা, কেন্দ্রীয় ছাত্র সংসদসহ ১১ দফা দাবিতে কর্মসূচি পালন করেন। ২৮ এপ্রিল উপাচার্যপন্থী ছাত্রলীগের কর্মীরা সাংস্কৃতিক জোটের ছয়জনকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে মারাত্মকভাবে আহত করেন। এ ঘটনায় গঠিত পুনর্মূল্যায়ন কমিটির প্রতিবেদনের ভিত্তিতে সিন্ডিকেটের সভায় ওই কর্মীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। বিজয় দিবস উপলক্ষে গত রোববার রাতে মওলানা ভাসানী হলে ছাত্রলীগের পাঁচজন কর্মী নিয়মবহির্ভূতভাবে প্রীতিভোজের খাবার নিতে এসে আবাসিক শিক্ষকদের সঙ্গে অসদাচরণ করেন। এ ঘটনায় প্রাধ্যক্ষ খবিরউদ্দিনের অভিযোগের পরিপ্রেক্ষিতে সিন্ডিকেট এই পাঁচজনকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। সিন্ডিকেট সাংস্কৃতিক জোটের সভাপতি কলি মাহমুদ ও সহসভাপতি মইন মুনতাসিরকে বিভ্রান্তিমূলক কোনো কাজ না করার জন্যও সতর্ক করে দিয়েছে।