ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের উপনির্বাচনে আনুষ্ঠানিক প্রচার শুরু হয়েছে তিন দিন হলো। এরই মধ্যে বিএনপি গতকাল সোমবার সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছে, তাদের নেতা-কর্মীদের ওপর হামলা করছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। তাঁরা ভয়ভীতিও দেখাচ্ছেন। এদিকে বিএনপির বিরুদ্ধে হামলার পাল্টা অভিযোগ এনে আওয়ামী লীগ বলছে, বিএনপির নেতা-কর্মীরাই নিজেদের মধ্যে সংঘাতে জড়িয়ে পড়েছেন।বিএনপির সংবাদ সম্মেলন: সদর উপজেলার উকিলপাড়ায় জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান প্রয়াত নাজিউর রহমানের বাসায় গতকাল বেলা ১১টার দিকে সংবাদ সম্মেলন করে বিএনপি। এতে লিখিত বক্তব্য পড়ে শোনান দলের প্রার্থী হাফিজ উদ্দিন আহম্মদ। নির্বাচনে সেনাবাহিনী ও র্যাব মোতায়েনের দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চারদলীয় জোটের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা।লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, আওয়ামী লীগের কর্মীরা বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালাচ্ছেন। এ ছাড়া এলাকাছাড়ার হুমকিও দেওয়া হচ্ছে।সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, গত রোববার রাতে লালমোহনের কালমা ইউনিয়নের বিএনপি নেতা মাসুদুর রহমান, একই ইউনিয়নের পৌর গেট এলাকায় দলের নেতা মো. ইব্রাহিম ও ফজলু মাতব্বর এবং লালমোহন পৌরসভার জমাদারবাড়ির লোকমান জমাদারের ওপর হামলা চালিয়েছেন আওয়ামী লীগের কর্মীরা।এ ছাড়া গত রোববার লালমোহনের বদরপুর ইউনিয়নের ইসলামপুর বাজার বিএনপির নেতা মোস্তাফিজুর রহমান ও আবদুর রবকে আওয়ামী লীগে যোগ দেওয়ার জন্য চাঁপ ও হুমকি দিয়েছেন দলটির স্থানীয় নেতা-কর্মীরা।সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, গতকাল সকালে তজুমদ্দিন উপজেলার বিএনপির কর্মী শাহাবুদ্দিন হাওলাদারের ওপর হামলা হয়েছে এবং শশীগঞ্জে দলীয় কর্মী মনিরুজ্জামান ও নুরুল আলমকে মারধর করেছে আওয়ামী লীগের ক্যাডাররা। এ ছাড়া গত রোববার সন্ধ্যায় লালমোহনের চরভূতা ইউনিয়নের তালপাতার হাটে বিএনপির নির্বাচনী সভায় হামলা চালানো হয়েছে। এতে তিনজন আহত হন।আরও অভিযোগ করা হয়, গত রোববার সন্ধ্যায় কালমা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আনোয়ার হোসেনকে মারধর করেছেন আওয়ামী লীগের কর্মীরা।এ ছাড়া গতকাল সন্ধ্যায় লালমোহনের ফরাজিবাজারে বিএনপির কর্মী মোতাহার হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। এ হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক এনায়েত কবীর পাটোয়ারী।সংবাদ সম্মেলনে ভোলা-১ (সদর) আসনের সাংসদ ও বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘লালমোহন ও তজুমদ্দিনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোটরসাইকেলে ঘুরে বেড়াচ্ছেন। তাঁদের কাছ থেকে নিরপেক্ষতা আশা করা যায় না।’আওয়ামী লীগের পাল্টা অভিযোগ: তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অহিদুল্লাহ জসিম গতকাল অভিযোগ করেন, উপজেলার কেয়ামুল্লাহ এলাকায় গতকাল সকালে ছাত্রলীগের কর্মী সামছুদ্দিন ও সুজনকে কুপিয়ে জখম করেছেন বিএনপির কর্মীরা। তাঁদের তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।লালমোহন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম নজরুল ইসলাম অভিযোগ করেন, উপজেলার রায়চাঁদ বাজার ও আলমবাজারে গতকাল সন্ধ্যায় আওয়ামী লীগের নির্বাচনী মিছিলে বিএনপির কর্মীরা হামলা চালিয়েছেন।বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের প্রার্থী নুরনবী চৌধুরী গতকাল বিকেলে ফোনে প্রথম আলোকে বলেন, ‘দলীয় অন্তঃকোন্দলের জের ধরে বিএনপির নেতা-কর্মীরা নিজেদের মধ্যে সংঘাতে জড়িয়ে পড়ছেন।’লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার প্রথম আলোকে বলেন, ‘লালমোহন ও তজুমদ্দিনে টুকটাক সহিংসতার ঘটনা ঘটছে। তবে আইনশৃঙ্খলার অবনতি হয়নি।’জেলা পুলিশ সুপার এস এন মো. নজরুল ইসলাম জানান, নির্বাচন কমিশন ইতিমধ্যে জেলা প্রশাসক মো. মেসবাহুল ইসলামকে আহ্বায়ক করে নয় সদস্যবিশিষ্ট আইনশৃঙ্খলা রক্ষা কমিটি গঠন করেছে। দুই উপজেলায় আইনশৃঙ্খলার কোনো অবনতি হয়নি।