হামলা চালাচ্ছে আ.লীগ, পাহারা দিচ্ছে বিএনপি: মওদুদ (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ অভিযোগ করেছেন, নিজেদের পক্ষে বলার মতো সরকারের এখন আর কিছু নেই। তাই এখন জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য সংখ্যালঘুদের ওপর হামলা চালানো হচ্ছে।মওদুদ দাবি করেন, আওয়ামী লীগের নেতারাই সংখ্যালঘুদের ওপর হামলা চালাচ্ছেন। আর বিএনপির নেতা-কর্মীরা রাত জেগে পাহারা দিচ্ছেন।আজ শনিবার সকাল ১০টার দিকে জাতীয় সংসদ ভবনের সামনে টানেলের প্রবেশমুখে এক মানববন্ধনে মওদুদ আহমদ এ কথা বলেন। বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকসহ বিএনপির গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে দলীয় সাংসদেরা এই মানববন্ধনের আয়োজন করেন।মওদুদ বলেন, সরকারের কিছু মন্ত্রী-সাংসদ সংলাপের ব্যাপারে স্ববিরোধী ও অর্থহীন বক্তব্য দিচ্ছেন। এসব বক্তব্যের কোনো ভিত্তি নেই। সরকার যত দিন পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে আলোচনার সিদ্ধান্তে না আসবে, তত দিন সংলাপের কথা বলে কোনো লাভ হবে না। তিনি অভিযোগ করেন, দেশে এখন গণতন্ত্রের নামে তাণ্ডবতন্ত্র চলছে। পুলিশের সন্ত্রাসী বাহিনী দিয়ে সরকার এই তাণ্ডব চালাচ্ছে।বিএনপি কার্যালয়ে সরকার যে অভিযান চালিয়েছে, সেটা ন্যক্কারজনক উল্লেখ করে মওদুদ বলেন, ‘অপরাধ করেছে তারা, কিন্তু মামলা করেছে আমাদের নেতা-কর্মীদের নামে।’বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য এম কে আনোয়ার বলেন, দেশে অরাজকতা সৃষ্টি করে এর মধ্যেই নির্বাচন দিয়ে আওয়ামী লীগ তাদের ক্ষমতা চিরস্থায়ী করতে চাইছে। বিএনপিসহ ১৮ দলীয় জোটকে বাদ দিয়ে নির্বাচন করে ক্ষমতা চিরস্থায়ী করার চিন্তা থেকে সরে আসার জন্য তিনি আওয়ামী লীগের প্রতি আহ্বান জানান।মানববন্ধনে দলের নির্বাচিত সাংসদ ছাড়াও সংরক্ষিত আসনের মহিলা সাংসদেরা উপস্থিত ছিলেন।