হামলা ঠেকাতে গিয়ে মার খাচ্ছে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াত-শিবিরের হামলা ঠেকাতে গিয়ে গত চার মাসে পুলিশের সাতজন সদস্য নিহত এবং ৫৬৯ জন আহত হয়েছেন। এ সময় পুলিশের ব্যবহূত ৫২টি যানবাহন জ্বালিয়ে দেওয়া হয়। দেশব্যাপী এ হামলা ও ধ্বংসযজ্ঞ নিয়ে উদ্বিগ্ন পুলিশ প্রশাসন।পুলিশ প্রশাসনের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা প্রথম আলোকে বলেন, এক সপ্তাহ ধরে দেশব্যাপী পুলিশ বাহিনী ও সরকারি স্থাপনার ওপর যেভাবে হামলা চালানো হচ্ছে, তা মোকাবিলার সামর্থ্য পুলিশের নেই। পুলিশ মনে করে, এটা রাজনৈতিক সমস্যা, রাজনৈতিকভাবেই এ পরিস্থিতি মোকাবিলা করা উচিত। তার পরও ভবিষ্যতে এ ধরনের হামলা হলে তা কীভাবে মোকাবিলা সম্ভব, সেই কৌশল খুঁজছে তারা।পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার প্রথম আলোকে বলেন, এ ধরনের পরিস্থিতি এড়াতে মানুষের সচেতনতা দরকার। শুধু পুলিশের পক্ষে এ ধরনের ঘটনা পুরোপুরি নিয়ন্ত্রণে আনা কঠিন।তবে সাবেক আইজিপি এএসএম শাহজাহান এ প্রসঙ্গে বলেন, ‘হামলার ধরন দেখে মনে হয়েছে, এসব পূর্বপরিকল্পিত। আমার ধারণা, এর আগাম কোনো গোয়েন্দা তথ্য পুলিশের কাছে ছিল না। থাকলে পুলিশ সহজে প্রস্তুতি নিতে পারত। ভবিষ্যতে এ পরিস্থিতি এড়াতে গোয়েন্দা তৎপরতা আরও বাড়াতে হবে।’ তবে পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, পুলিশের ওপর হামলা হতে পারে, এ তথ্য পুলিশের কাছেও ছিল। সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছ থেকে পাওয়া এসব তথ্য পুলিশ কর্মকর্তাদের জানিয়ে দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী বিভিন্ন স্থানে পুলিশও মোতায়েন করা হয়। কিন্তু হামলার ভয়াবহতা এত বেশি ছিল যে, তা পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কর্মকর্তারা বলেন, এর আগেও পুলিশের ওপর হামলা হয়েছে। কিন্তু ২৮ ফেব্রুয়ারি থেকে সারা দেশে যেভাবে একযোগে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে, তা নজিরবিহীন। পুলিশ সদর দপ্তরের হিসাবে গত বছরের ৬ নভেম্বর থেকে পুলিশের ওপর আক্রমণ শুরু করে জামায়াত-শিবির। এসব আক্রমণে সাত পুলিশসহ ৬৭ জন নিহত হয়েছে। আহত পুলিশের সংখ্যা ৬৫৯। পুলিশের ব্যবহূত ৫২টি যানবাহন জ্বালিয়ে দেওয়ার পাশাপাশি পুলিশের ২০টি স্থাপনাতেও হামলা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, হামলার সময় অনেক স্থানে পুলিশকে সক্রিয় দেখা যায়নি। কোথাও দেরিতে পৌঁছেছে, আবার কোথাও উপস্থিত থাকলেও কার্যকর ভূমিকা রাখেনি। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এ ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে যে রকম কৌশল নেওয়া দরকার, পুলিশ তা নিতে পারেনি।মাঠপর্যায়ে দায়িত্ব পালন করেছেন এমন একজন পুলিশ কর্মকর্তা বলেন, কারা হামলা চালাতে পারে, সে ব্যাপারে পুলিশের কাছে আগাম কোনো তথ্য ছিল না। হামলার পরও ওই সব লোকদের নাম-ঠিকানা পর্যন্ত সংগ্রহ করা হচ্ছে না। এতে করে ওই সব লোক সংঘবদ্ধ হয়ে আবার হামলা চালাতে পারে।আরেক সাবেক আইজিপি নুরুল হুদা এ প্রসঙ্গে বলেন, জনগণের কাছ থেকে আগাম তথ্য নিয়ে পুলিশকে পরিকল্পিতভাবে কাজ করতে হবে। জনগণের সঙ্গে সম্পৃক্ততা না থাকলে কোনো অবস্থাতেই পরিস্থিতি সামাল দেওয়া যাবে না।পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা বলেন, মাঠপর্যায়ের বেশির ভাগ কর্মকর্তারই বড় পরিস্থিতি সামাল দেওয়ার পূর্ব অভিজ্ঞতা নেই। ফলে একটুতেই তাঁরা দিশাহারা হয়ে যাচ্ছেন। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার পরিস্থিতি বর্ণনা করে ওই কর্মকর্তা বলেন, অভিযান চালাতে গিয়ে বাধার মুখে পড়ে শেষ পর্যন্ত পুলিশকে ক্ষমা চেয়ে ফিরে আসতে হয়েছে।এ বিষয়ে আরেকজন কর্মকর্তার মত, দলীয় বিবেচনায় নিয়োগ ও পদায়নের কারণে পুলিশে নানা ধরনের সমস্যা হচ্ছে। বিশেষ করে সর্বশেষ বদলির সময় দেখা গেছে, দলীয় সুবিধাভোগী লোকজন ঢাকায় ভালো অবস্থানে আছেন। আর যাঁরা দলীয় বলে বিবেচিত নন, তাঁদের পাঠানো হয়েছে ঢাকার বাইরের বিভিন্ন জেলায়। এসব লোক বড় ঘটনার সময় ঝুঁকি নিতে চাইছেন না। কোনোভাবে পরিস্থিতি সামাল দিয়ে সময় পার করতে চাইছেন তাঁরা। পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) এ কে এম শহীদুল হক প্রথম আলোকে বলেন, পুলিশ কর্মকর্তারা এসব ঘটনা বিশ্লেষণ করছেন। এসব এড়ানোর কৌশলও ঠিক করা হচ্ছে। মানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য যা করণীয় তা করার নির্দেশ দেওয়া হয়েছে।