সিরিয়ায় সরকারের বিরুদ্ধে আন্দোলনকারীদের ওপর প্রেসিডেন্টের নির্দেশে দমন-পীড়ন ও হামলা বন্ধে একটি প্রস্তাব জাতিসংঘের সাধারণ পরিষদে গতকাল পাস হয়েছে। এই পরিষদের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে প্রস্তাবের পক্ষে ১৩৭ এবং বিপক্ষে মাত্র ১২টি ভোট পড়েছে। ভোট দেওয়া থেকে বিরত ছিল মাত্র ১৭টি দেশ।আল-জাজিরা অনলাইনের খবরে বলা হয়েছে, সিরিয়ায় পরিকল্পিতভাবে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। এ অবস্থায় প্রেসিডেন্ট আসাদের উচিত আরব লিগের প্রস্তাব অনুসারে দ্রুত ক্ষমতা ছেড়ে দেওয়া। রাশিয়া, চীন, ইরানসহ আরও কয়েকটি দেশ ওই প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান করে। গতকালের ওই প্রস্তাবটি উত্থাপন করে কাতার, মিসর ও সৌদি আরবসহ কয়েকটি আরব দেশ। এরপর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্সসহ পশ্চিমা প্রায় সব কটি দেশ সিরিয়ার আন্দোলনরত জনগণের পক্ষে তাদের সমর্থন ব্যক্ত করে।জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভিতালি চুরকিন বলেন, প্রস্তাবটি একতরফা মনে হওয়ায় তাঁর দেশ এর বিপক্ষে অবস্থান নিয়েছে। তিনি বলেন, প্রস্তাবে কেবল সিরিয়ার সরকারকে দোষারোপ করা হচ্ছে। কিন্তু বিরোধীরাও একইভাবে সহিংসতা চালাচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, রাজনৈতিক উপায়েই সিরিয়া সংকটের সমাধান করতে হবে। আর তা সিরীয় নেতাদের ওপরই ছেড়ে দেওয়া উচিত। জাতিসংঘে চীনের প্রতিনিধি ওয়াং মিন প্রস্তাবের বিপক্ষে তাঁর দেশের অবস্থান সম্পর্কে বলেন, একটি সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে অনধিকার চর্চা করা সমীচীন নয়। একই কথা বলেন জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার প্রতিনিধি বাশার জাফারি। অন্যদিকে, জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সুসান রাইস বলেন, আজকের ভোটের মাধ্যমে সিরিয়ার জনগণের প্রতি পরিষ্কারভাবে সমর্থন ব্যক্ত করেছে সাধারণ পরিষদ।এর আগে অস্ট্রিয়া সফররত জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেন, সিরিয়ার বাহিনী সম্ভবত মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে। গতকাল বৃহস্পতিবারের এই প্রস্তাব সম্পর্কে সিরীয় কর্তৃপক্ষ এখনো কোনো মন্তব্য করেনি। ভোটাভুটির কয়েক ঘণ্টা আগে সিরিয়ায় সরকারবিরোধী আন্দোলনের কয়েকজন নেতা গ্রেপ্তার হন।