হামলাকারী নারী ইরানি!
আফগানিস্তানে মার্কিন উপদেষ্টাকে গুলি করে হত্যা করেছেন যে নারী পুলিশ, তাঁর পরিচয় মিলেছে। তাঁর নাম নার্গিস। তিনি ইরানের নাগরিক বলে আফগান কর্মকর্তারা দাবি করেছেন। গতকাল মঙ্গলবার বিবিসি অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়েছে। গত সোমবার রাজধানী কাবুলের পুলিশ সদর দপ্তরে ওই নারী গুলি করে মার্কিন উপদেষ্টাকে হত্যা করেন। ঘটনার পর তাঁকে আটক করা হয়েছে।আফগান কর্মকর্তারা দাবি করেছেন, ওই নারী মানসিক সমস্যায় ভুগছেন। তিনি অবৈধভাবে আফগান পরিচয়পত্র ব্যবহার করে নিরাপত্তা বাহিনীতে যোগ দিয়েছেন। আফগানিস্তানের তথ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, হামলাকারী নারীর বাড়ি থেকে ইরানের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। একজন আফগান নাগরিকের সঙ্গে বিয়ের পর ওই নারী অবৈধভাবে আফগানিস্তানের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে পুলিশে যোগ দেন।কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে ওই নারীর যোগাযোগের বিষয়টিও উড়িয়ে দিচ্ছেন না তদন্ত কর্মকর্তারা। আফগানিস্তানে সেনাবাহিনী ও পুলিশের অভ্যন্তরীণ হামলায় চলতি বছর ৫০ জনের বেশি বিদেশি সেনা নিহত হয়েছেন। ২০১৪ সালে দেশটি থেকে ন্যাটো সেনা প্রত্যাহার করার কথা। তবে সেখানে মার্কিন সেনাকে লক্ষ্য করে নারী পুলিশের গুলি ছোড়ার ঘটনা এই প্রথম।