হামলাকারীকে ধরেও ছেড়ে দেওয়া হয়েছিল
পাকিস্তানের নারীশিক্ষা অধিকারকর্মী মালালা ইউসুফজাইয়ের ওপর হামলার ঘটনায় যাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, সেই আতাউল্লাহকে ২০০৯ সালে গ্রেপ্তার করা হয়েছিল। তবে গ্রেপ্তারের তিন মাস পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। পাকিস্তানের দুজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে আজ বৃহস্পতিবার রয়টার্সের খবরে এ কথা জানানো হয়।খবরে বলা হয়, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উত্তর-পশ্চিমাঞ্চলের সোয়াত উপত্যকায় একটি স্কুলবাসে উঠে যে দুজন বন্দুকধারী ১৪ বছর বয়সী মালালাকে গুলি করে, আতাউল্লাহ তাদের একজন বলে শনাক্ত করা হয়।পাকিস্তানের ওই কর্মকর্তারা বলেন, আতাউল্লাহর বয়স যখন তিরিশের ঘরে, তখন থেকে তিনি পলাতক। তিনি আফগানিস্তানে পালিয়ে যান বলে ধারণা করা হয়। তালেবানের শীর্ষস্থানীয় কমান্ডার মাওলানা ফজলুল্লাহর নির্দেশে তিনি মালালার ওপর হামলা চালান।ওই দুই কর্মকর্তা জানান, তালেবান-অধ্যুষিত সোয়াত উপত্যকায় সামরিক অভিযান চালিয়ে ২০০৯ সালে আতাউল্লাহকে আটক করা হয়। তিন মাস নিরাপত্তা হেফাজতে রাখার পর তাঁর বিরুদ্ধে অপরাধের কোনো প্রমাণ না পাওয়ায় তাঁকে মুক্তি দেওয়া হয়। বিশ্লেষকদের মতে, বড় ধরনের হামলায় জড়িত থাকার পরও জঙ্গিদের বিচার না হওয়ায় দক্ষিণ এশিয়ার ওই দেশে জঙ্গিবাদ বিস্তার লাভ করছে। মালালার ওপর হামলায় পাকিস্তানসহ গোটা বিশ্বে নিন্দার ঝড় ওঠে। বর্তমানে যুক্তরাজ্যে চিকিত্সাধীন মালালার অবস্থার উন্নতির ব্যাপারে আশাবাদ জানিয়েছেন ব্রিটিশ চিকিত্সকেরা। একজন জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানান, আতাউল্লাহকে গ্রেপ্তারের জন্য অনেক তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে। সোয়াত উপত্যকায় তাঁর বাড়িতেও অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। তবে আতাউল্লাহ যদি আফগানিস্তানে লুকিয়ে থাকেন, তাঁকে খুঁজে বের করা খুব কঠিন হবে। পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁকে গ্রেপ্তার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, আতাউল্লাহকে আত্মসমর্পণে বাধ্য করার জন্য তাঁর মা ও দুই ভাইকে হেফাজতে নেওয়া হয়েছে। তাঁর দুই নিকটাত্মীয়কেও নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে।