হামলাকারীদের বিচার দাবি করল অ্যামনেস্টি
বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বৌদ্ধমন্দির ও বৌদ্ধসম্প্রদায়ের লোকজনের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। সংখ্যালঘুদের রক্ষা করার বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যে নিতে হবে পদক্ষেপ। গতকাল বুধবার এক বিবৃতিতে এ দাবি জানিয়েছে লন্ডনভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। গত শনি ও রোববার কক্সবাজারের রামু, উখিয়া ও টেকনাফে এবং চট্টগ্রামের পটিয়ায় দুষ্কৃতকারীদের একাধিক দল বৌদ্ধধর্মাবলম্বীদের শত বছরের পুরোনো ২০টি বৌদ্ধবিহার ও হিন্দুদের একটি মন্দিরে ভাঙচুর করে ও আগুন দেয়। পুড়িয়ে দেয় রামু বৌদ্ধপল্লির ৪০টির মতো বসতবাড়ি। ভাঙচুর চালায় শতাধিক বাড়িঘরে। বৌদ্ধধর্মাবলম্বী এক তরুণের ফেসবুকে (সামাজিক যোগাযোগের মাধ্যম) কোরআন শরিফের অবমাননাকর ছবি ব্যবহার করা হয়েছে এমন অভিযোগে শনিবার গভীর রাতে ওই হামলা চালানো হয়।বাংলাদেশে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গবেষক আব্বাস ফায়েজ বলেন, ‘সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর এ ধরনের হামলার ঘটনায় অমুসলিম সম্প্রদায়ের পাশাপাশি মুসলিম সম্প্রদায়সহ সারা দেশের মানুষ উদ্বিগ্ন। একই সঙ্গে উদ্বিগ্ন সারা দেশের সুশীল সমাজ। ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না, বাংলাদেশ সরকারকে অবশ্যই তা নিশ্চিত করতে হবে।’অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সব রাজনৈতিক দলের নেতাদের প্রকাশ্যে এ ঘটনার নিন্দা জানানো ও রাজনৈতিক কর্মীদের এ ধরনের কর্মকাণ্ডে অংশ না নেওয়ার আহ্বান জানিয়েছে।এ ঘৃণ্য ঘটনার সময় পুলিশ খবর পাওয়া সত্ত্বেও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বলে যে তথ্য রয়েছে, তা পীড়াদায়ক বলে মন্তব্য করেছে অ্যামনেস্টি। এ ব্যাপারে অবশ্যই তদন্ত করতে হবে বলে দাবি করেছে তারা। চট্টগ্রাম মহানগর পুলিশের উপমহাপরিদর্শক গত মঙ্গলবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে জানান, ওই ঘটনার সময় রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা দিতে গিয়ে তাঁর দায়িত্ব পালনে অবহেলা করেছেন বলে যে অভিযোগ রয়েছে, এ ব্যাপারে তদন্ত চলছে। তিনি জানান, ওই হামলার ঘটনায় তিন শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।গবেষক আব্বাস ফায়েজ বলেন, ওই হামলার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী তদন্তের যে শর্তাবলির কথা বলেছেন, তা অবশ্যই প্রকাশ করতে হবে। হিন্দু, বৌদ্ধসহ যেসব প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য নেওয়া হবে, তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ফায়েজ আরও বলেন, হামলার ঘটনায় যারা দোষী বলে সাব্যস্ত হবে, আন্তর্জাতিক নিরপেক্ষ বিচারের মানদণ্ড অনুসারে তাদের বিচার করতে হবে। এ সহিংসতায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের আশ্রয় দিতে হবে; তাদের বাড়ি ও মন্দির পুনর্নির্মাণ করতে সহায়তা দিতে হবে।