হামলাকারীর পুরো শরীরটাই যখন বোমা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি সরকারের নিরাপত্তা কর্মকর্তারা রীতিমতো বিস্মিত। এটা কী করে সম্ভব! নিরস্ত্র একজন মানুষ কীভাবে বোমা ফাটিয়ে আত্মঘাতী হামলা চালাল?পরে তদন্তে জানা গেল, দেহের বাইরে নয়, ভেতরে পোঁতা ছিল ওই প্রাণঘাতী বিস্ফোরকদ্রব্য। হামলাকারী নিজের পুরো দেহটাকেই এক বোমা বানিয়ে হাজির হয়েছিল। আল-কায়েদার এই ‘বডিবম্ব’ বা ‘দেহবোমা’র কৌশল সম্পর্কে জানা যায় ২০০৯ সালে।সে বছর আগস্টে সৌদির সন্ত্রাসবিরোধী অভিযানের প্রধান প্রিন্স মোহাম্মদ বিন নায়েফের ওপর ওই হামলা হয়। আহত হলেও প্রাণে বেঁচে যান নায়েফ। কিন্তু এ ঘটনায় উন্মোচিত হয় আল-কায়েদার হামলা চালানোর নতুন অস্ত্র দেহবোমা।সৌদির নাগরিক ইব্রাহিম আল আনসারিকে আল-কায়েদার নতুন অস্ত্র দেহবোমার জনক বলে ধারণা করা হয়। প্রচলিত তল্লাশি যন্ত্রকে ফাঁকি দিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে সফলভাবে হামলা পরিচালনার উদ্দেশ্যকে সামনে রেখে আনসারি এ বোমা তৈরির প্রকল্প হাতে নেন।সামরিক ভাষায় এই বোমা ‘সার্জিক্যালি ইমপ্লানটেড ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস’ (এসআইআইইডি) বলে পরিচিত। মার্কিন গোয়েন্দা সূত্র জানিয়েছে, অন্তর্বাস বোমার নতুন সংস্করণ দেহবোমা। এই কৌশলে বোমার ডিভাইস সন্ত্রাসীর শরীরে অস্ত্রোপচারের মাধ্যমে স্থাপন করা হয়। সময়-সুযোগ বুঝে সন্ত্রাসী বোমাটি বিস্ফোরণ ঘটাতে পারে।আল-কায়েদার নতুন এই বোমা মার্কিন গোয়েন্দাদের ভাবিয়ে তুলেছে। কারণ, প্রচলিত নিরাপত্তাব্যবস্থায় এ বোমা শনাক্ত করা সম্ভব নয়। যেমনটি সম্ভব হয়নি নায়েফের ওপর হামলার সময়। তবে ওই বোমাটি সফল ছিল না। কারণ, বোমার আঘাতে নায়েফের চেয়ে হামলাকারীর শরীরই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল।তদন্তে নেমে মার্কিন গোয়েন্দারা জানতে পারেন, দেহবোমার প্রকল্প নিয়ে চিকিত্সকদের সঙ্গে কাজ করছেন আনসারি। গত বছরের জুনে সিআইএ জানায়, সফলভাবে ব্যবহারযোগ্য দেহবোমা তৈরির খুব কাছাকাছি আছেন আল আনসারি।সম্প্রতি মার্কিন গোয়েন্দারা এক গোপন প্রতিবেদনে উল্লেখ করেছে, দেহবোমা তৈরির ক্ষেত্রে আল আনসারির সঙ্গে কাজ করছেন চিকিত্সকেরা। এ কাজে তাঁরা সফল হলে আল-কায়েদা আরও অপ্রতিরোধ্য হয়ে উঠবে।এ ব্যাপারে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের সাবেক চর ডন বরেলি উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘আমরা এমন মাত্র একজনকে পেয়েছি। কিন্তু আরও কতজন আছে, তা কে জানে!’—নিউজউইক অবলম্বনে