হামলাকারীরাই নৌকাভাড়া করে দিয়েছিল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্রমণের সময় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলাকারী যুবকেরাই নৌকাভাড়া করে দিয়েছিলেন। আর নৌকাভাড়া করে দেওয়ার সময়ই হামলার পরিকল্পনা হয়।বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র নিহত হওয়ার ঘটনায় করা হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া যুবকদের একজন ছইল মিয়া (২৪) আজ শনিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ কথা বলেন। তাঁর জবানবন্দি সিলেটের মুখ্য বিচারিক হাকিম (দ্বিতীয় আদালত) কাজী মুশফিক মাহবুব ১৬৪ ধারায় রেকর্ড করেন।জবানবন্দিতে ছইল মিয়া বলেন, তিনি পেশায় বালুশ্রমিক, চেঙ্গেরখালে নৌকা নিয়ে বালু তোলেন। ১৬ ডিসেম্বর সন্ধ্যায় তিনজন ছাত্রী ও পাঁচজন ছাত্র একটি নৌকাভাড়া নিতে চেঙ্গেরখালে আসেন। তাঁরা নৌকা পাচ্ছিলেন না। এ সময় গুলজার মাঝিসহ তাঁরা ১০ জন শলাপরামর্শ করেন। রাতের বেলা নৌকা নিয়ে বেরোলে শিক্ষার্থীদের সঙ্গে থাকা মুঠোফোন, ব্যাগ ও টাকা পয়সা হাতিয়ে নেওয়া যাবে—এ পরিকল্পনায় গুলজার মাঝিকে তাঁরা রাজি করেন। গুলজার মাঝি প্রথম দিকে নৌকাভাড়া নিতে রাজি হচ্ছিলেন না। তখন তাঁরা একটি নতুন মুঠোফোন গুলজারকে দেওয়ার প্রলোভন দেখিয়ে রাজি করান।জবানবন্দিতে ছইল মিয়া আরও বলেন, তাঁদের পরিকল্পনা ছিল নৌকাটি চেঙ্গেরখালের নির্জন এলাকা পুটিরখালে গেলে মাঝিকে ফোন করে জেনে হামলা করবেন। শিক্ষার্থীদের নৌকাটি ছিল ইঞ্জিনচালিত। তাঁরা মাঝিসহ ১০ জন একটি নৌকা নিয়ে পুটিখাল এলাকায় গিয়ে ওই নৌকায় ধাক্কা লাগায়। এ সময় গুলজার মাঝি পূর্বপরিকল্পনা অনুযায়ী নৌকার ইঞ্জিন বন্ধ রেখে নৌকাটি থামিয়ে রেখেছিলেন। এ সময় তাঁরা ছাত্রীদের ব্যাগ ও মুঠোফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন। এতে সঙ্গে থাকা ছাত্ররা মনে করছিলেন, ছাত্রীদের ধরে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই নিয়ে চিত্কার, শোরগোলের মধ্যে একজন ছাত্রীর একটি লাল মুঠোফোন নিয়ে তাঁরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।১৬ ডিসেম্বর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পশ্চিমে বাদা ঘাটের চেঙ্গেরখালে নৌ ভ্রমণে গিয়ে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল অ্যান্ড পলিমার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র দীপঙ্কর ঘোষ ও খায়রুল কবীর বখাটেদের হামলায় নিহত হন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন বাদী হয়ে জালালাবাদ থানায় হত্যা মামলা দায়ের করলে পুলিশ নৌকার মাঝি গুলজার মিয়াকে গ্রেপ্তার করে।ঘটনার প্রায় এক সপ্তাহ পরও অভিযুক্তরা গ্রেপ্তার না হওয়ায় ২২ ডিসেম্বর এলাকাবাসী উদ্যোগী হয়ে প্রথম দফায় ছয়জন অভিযুক্তকে এবং পরে আরও দুই দফায় চারজনকে পুলিশে সোপর্দ করেন।পুলিশ সূত্র জানায়, হামলাকারীরা ধরে পড়েছে জেনে ২৩ ডিসেম্বর নৌকার মাঝি গুলজার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে ঘটনার বর্ণনা দেন। জবানবন্দিতে নৌকার মাঝি গুলজার একটি নতুন মুঠোফোনের লোভে হামলাকারী যুবকদের কথা মতো শিক্ষার্থীদের বহনকারী নৌকা থামিয়ে দিয়ে হামলার সুযোগ করে দেন বলে উল্লেখ করেন।জালালাবাদ থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা সঞ্জিত দাশ প্রথম আলোকে জানান, মাঝির দেওয়া জবানবন্দি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে আট যুবককে ২৮ ডিসেম্বর রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। গতকাল রিমান্ডের শেষ দিনে ছইল মিয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হলে তাঁর জবানবন্দি রেকর্ড করা হয়।