হামলার প্রতিবাদে ১৪ দলের বিক্ষোভ কাল
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের বিভিন্ন স্থানে হামলার জন্য জামায়াত-শিবিরকে দায়ী করেছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল। হামলার প্রতিবাদে আগামীকাল শনিবার রাজধানীর প্রতিটি থানা এবং ঢাকার বাইরে জেলা-উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করবে ১৪ দল।আজ শুক্রবার সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়।বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও বৈঠকের সভাপতি মোহাম্মদ নাসিম বলেন, জামায়াত-শিবিরের এই সহিংস ঘটনার বিপরীতে প্রতিরোধই শুধু নয়, কর্মসূচি নিয়ে এগিয়ে যাবে ১৪ দল। জামায়াতের ডাকা ১৮ ফেব্রুয়ারির হরতাল যেভাবে প্রত্যাখ্যান করেছে দেশের মানুষ, সেভাবেই রোববারের হরতালও প্রত্যাখ্যান করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি হরতালের দিন সবাইকে মাঠে থেকে শান্তিমিছিল করার আহ্বান জানান।নাসিম অভিযোগ করে বলেন, আজকের হামলার প্রত্যক্ষ ও পরোক্ষ মদদদাতা বিএনপি। খালেদা জিয়ার প্ররোচনায় জামায়াত-শিবির সারা দেশে তাণ্ডব চালিয়েছে। তাদের একটাই লক্ষ্য, যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করা।আওয়ামী লীগের জ্যেষ্ঠ এ নেতা আরও বলেন, মসজিদকে ব্যবহার করে, মুসল্লিদের হেনস্তা ও বায়তুল মোকাররম মসজিদের খতিবকে অপমান করে খুতবা শেষ হওয়ার আগেই পবিত্র জুমার দিনে অস্ত্র ও বোমা নিয়ে রাস্তায় নামে তারা। তাদের প্রথম লক্ষ্য ছিল সাংবাদিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেন, কতিপয় মহল মিছিল বের করার নামে মসজিদ ব্যবহার করে সন্ত্রাস করেছে। শহীদ মিনার ভাঙচুর করেছে। পতাকা ছিঁড়েছে। উগ্রবাদী জামায়াতিরা সাংবাদিকদের ওপর আক্রমণ করেছে। যুদ্ধাপরাধের বিচার বন্ধের জন্যই তাদের এমন কার্যক্রম।তথ্যমন্ত্রী আরও বলেন, সাংবাদিকদের পাশে সরকার সব সময় ছিল, ভবিষ্যতেও থাকবে। নিরাপত্তার ব্যবস্থা করা হবে। কয়েকটি গণমাধ্যমের অপপ্রচারের বিষয়ে তিনি বলেন, প্রশাসনিকভাবে খতিয়ে দেখা হচ্ছে, সবাই নিয়ম মেনে প্রতিবেদন করছে কি না। আগামী রোববারের মধ্যে প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। ইনু আরও বলেন, ‘মুসল্লিদের অবস্থানের সঙ্গে ১৪ দলের অবস্থানের কোনো পার্থক্য নেই। তাঁদের দাবির সঙ্গে একমত পোষণ করেই বলছি, মহানবী (সা.) সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য, কটূক্তি ও অশালীন বক্তব্য বন্ধ করা হবে।’১৪ দলের বৈঠকের পর আওয়ামী লীগের নেতারা রাত আটটার পর নিজেদের মধ্যে বৈঠক করেন। বৈঠকে ঢাকার সাংসদদেরও ডাকা হয়। প্রতিটি মসজিদে সতর্ক দৃষ্টি রাখার জন্য সাংসদের প্রতি অনুরোধ জানানো হয়। সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নেতা নূহ-উল-আলম লেনিন, জাসদের শরীফ নূরুল আম্বিয়া, ওয়ার্কার্স পার্টির আনিসুর রহমান মল্লিক, গণতন্ত্রী পার্টির নূরুর রহমান সেলিম, ন্যাপের এনামুল হক, কমিউনিস্ট কেন্দ্রের ওয়াজেদুল ইসলাম প্রমুখ।