রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর ছাত্রশিবিরের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত সন্দেহে মতিহার থানার পুলিশ গতকাল রোববার ক্যাম্পাস থেকে তিনজনকে আটক করেছে। এ ছাড়া শিবিরের চর সন্দেহে বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীকেও পুলিশ আটক করে। এদিকে ছাত্রশিবিরের নেতা-কর্মী ও ক্যাডারদের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা তদন্তে গঠিত কমিটি গতকাল থেকে কাজ শুরু করেছে। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট গত মঙ্গলবার পাঁচ সদস্যের ওই তদন্ত কমিটি গঠন করে।প্রত্যক্ষদর্শী, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রভবন থেকে শিবিরের কর্মী সন্দেহে তিনজনকে আটক করে। তাঁরা হলেন বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র শফিকুল ইসলাম, একই বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সবুজ মিয়া এবং ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ওয়াসিম আকরাম। পুলিশ ওয়াসিম আকরামের শরীর তল্লাশি করে বিশ্ববিদ্যালয়ের চারটি ভুয়া পরিচয়পত্র উদ্ধার করেছে। প্রত্যক্ষদর্শী সূত্র আরও জানায়, গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরের বিভিন্ন জায়গায় ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর শিবিরের বর্বরোচিত হামলার ছবিসংবলিত পোস্টার সাঁটছিলেন সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের কম্পিউটার অপারেটর ইকবাল হোসেন ছাত্রলীগের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘শিবিরের বিরুদ্ধে পোস্টার লাগানোর পরিণতি কী ভয়াবহ হতে পারে, ছাত্রলীগ তা একসময় হাড়ে হাড়ে টের পাবে।’ ইকবাল হোসেনের এমন মন্তব্যে ছাত্রলীগের নেতা-কর্মীরা ক্ষুব্ধ হন এবং তাঁকে শিবিরের চর হিসেবে আখ্যায়িত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিবিরের চর সন্দেহে ইকবালকে আটক করে থানায় নিয়ে যায়।মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হামলার ঘটনায় তাঁদের সম্পৃক্ততার প্রমাণ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।ক্যাম্পাস ফাঁকা: শনিবার থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হয়েছে। তবে শনিবার ও গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিভাগের ক্লাস হয়নি। গতকালও ক্যাম্পাস ছিল অনেকটা ফাঁকা। তদন্ত শুরু: তদন্ত কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন গোলাম কবির জানান, ওই হামলার ঘটনা সম্পর্কে কারও কাছে কোনো তথ্য থাকলে তা লিখিতভাবে ২০ ফেব্রুয়ারির মধ্যে বিশ্ববিদ্যালয়ের জীব ও ভূ-বিজ্ঞান অনুষদ ভবনে রাখা বাক্সে জমা দেওয়া যাবে। এ ক্ষেত্রে তথ্যদাতার নাম ও পরিচয় গোপন রাখা হবে। জামায়াত-শিবিরের মিছিল: রাজশাহী থেকে নিজস্ব প্রতিবেদক জানান, ছাত্রলীগের কর্মী ফারুক হোসেন হত্যা মামলায় ‘হুকুমের আসামি’ হিসেবে রাজশাহী মহানগর জামায়াতের আমির আতাউর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে জামায়াতের কিছুসংখ্যক নেতা-কর্মী গতকাল সকালে নগরে সংক্ষিপ্ত মিছিল সমাবেশ করেছেন। এ সময় পুলিশ ধাওয়া করলে নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান। ঘটনাস্থল থেকে পুলিশ ছয়জনকে আটক করে। মহানগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসীম উদ্দিন জানান, এই ছয়জনের কেউ জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত নন। জিজ্ঞাসাবাদের পর তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। এদিকে বিশ্ববিদ্যালয়ের ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা বিভিন্ন মামলায় গ্রেপ্তার জামায়াত-শিবিরের আরও ছয় নেতা-কর্মীকে গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তাঁরা হলেন কোবাত, উমেদ, লুত্ফর হোসেন, হারুন অর রশিদ, সুলতানুর রহমান ও মামুনুর রশিদ। এ নিয়ে ওই ঘটনায় গতকাল পর্যন্ত রাজশাহীতে ৬৪ জন গ্রেপ্তার হলেন। তাঁদের মধ্যে রিমান্ডে রয়েছেন ৪৫ জন। ৮ ফেব্রুয়ারি গভীর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের নেতা-কর্মী ও ক্যাডাররা ছাত্রলীগের কর্মী ও গণিত বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ফারুক হোসেনকে কুপিয়ে হত্যা করে তাঁর লাশ ম্যানহোলে ফেলে রাখে। শিবিরের ওই হামলায় কয়েকজন পুলিশ ও ছাত্রলীগের অর্ধশত নেতা-কর্মী গুরুতর আহত হন।