হামলায় বিএনপির নেতা নিহত, বগুড়ায় রোববার হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে দলীয় মহাসমাবেশে যোগ দিতে যাওয়ার পথে গতকাল বুধবার নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়ায় বিএনপির নেতা-কর্মীদের বহনকারী গাড়িতে হামলা চালানো হয়েছে। এতে বিএনপির নেতা জাকির হোসেন নিহত হয়েছেন। এ ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। এ সময় মহাসড়কে শতাধিক গাড়ি ও স্থানীয় বাজারের আটটি দোকানে ভাঙচুর করা হয়। আগুন দেওয়া হয় সিংড়ার বালুয়াবাসুয়া মহল্লার একটি বাড়িতে। নিহত জাকিরের বাড়ি বগুড়ার শেরপুর উপজেলায়। তিনি উপজেলার গাড়িদহ ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক। আজ বৃহস্পতিবার বাদ জোহর বগুড়ার আলতাফুন্নেসা খেলার মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। বিএনপির নেতা জাকির হোসেন হত্যার ঘটনায় আগামী রোববার বগুড়ায় আধাবেলা হরতাল ডেকেছে বিএনপি। এ ছাড়া শুক্রবার জুমার নামাজের পরে সারা দেশে গায়েবানা জানাজা, শনিবার জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশের কর্মসূচি দেওয়া হয়েছে। গতকাল রাত ১১টায় বগুড়ার শেরপুরের দামুয়া গ্রামে নিহত জাকিরের বাড়ির সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ শেষে এ কর্মসূচি দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সিংড়া থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে সিংড়া উপজেলা ছাত্রলীগ সিংড়া বাসস্ট্যান্ডের কাছে পথসভা করছিল। এ সময় বগুড়া জেলা মহিলা দলের নেতা-কর্মীদের বহনকারী একটি বাস রাজশাহীর মহাসমাবেশে যাওয়ার জন্য ওই এলাকা পার হচ্ছিল। ছাত্রলীগের কর্মীরা বাসটি থামিয়ে ব্যানার খুলে নেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে তাঁরা বাসে হামলা চালিয়ে জানালার কাচ ভাঙচুর করেন। এতে বগুড়া জেলা মহিলা দলের সভানেত্রী লাভলী রহমানসহ ১০ জন আহত হন। এরই মধ্যে বগুড়া থেকে আসা বিএনপির নেতা-কর্মীদের বহনকারী অন্য বাসগুলো ঘটনাস্থলে পৌঁছায়। শতাধিক বাস সিংড়া বাসস্ট্যান্ড থেকে চৌগ্রাম পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার সড়কে দাঁড়িয়ে যায়। বিএনপির ক্ষুব্ধ নেতা-কর্মীরা গাড়ি থেকে নেমে বিক্ষোভ শুরু করেন। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। সংঘর্ষে যোগ দেন স্থানীয় আওয়ামী লীগের কর্মীরা। এ সময় মহাসড়কে সাধারণ যাত্রীবাহী শতাধিক যানবাহন আটকা পড়ে। ছাত্রলীগের কর্মীরা বিএনপির গাড়িবহরের অন্তত ৬০টি বাসের দরজা-জানালার কাচ ভাঙচুর করেন। জবাবে বিএনপির নেতা-কর্মীরা ভাঙচুর করেন সাধারণ যাত্রীবাহী কমপক্ষে ৪৫টি বাস। তাঁরা মহাসড়কের পাশের একটি বাড়ির তিনটি খড়ের গাদায় আগুন ধরিয়ে দেন। আশপাশের আটটি দোকানও তাঁরা ভাঙচুর করেন। খবর পেয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনাস্থলে যান। বিএনপির ক্ষুব্ধ নেতা-কর্মীরা এ সময় তাঁর ওপর হামলা চালান। তাঁর সঙ্গে থাকা উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফ উদ্দিন ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলামও মারধরের শিকার হন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হন। প্রায় চার ঘণ্টা পর বিএনপির কর্মীরা গাড়িবহর নিয়ে বগুড়ায় ফিরে যান।সিংড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আমিন জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ জনকে ভর্তি করা হয়েছিল। তাঁদের মধ্যে সাতজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। তিনজন চিকিৎসা নিয়ে চলে যান। নিহত জাকিরের আঘাত সম্পর্কে তিনি বলেন, জাকিরের মাথায় রডের আঘাত ছিল। তাঁকে দ্রুত বগুড়ায় স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়। গাড়িবহরে থাকা শেরপুর শহর বিএনপির আহ্বায়ক বি এইচ এম কামরুজ্জামান অভিযোগ করেন, সিংড়ার স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা ধারালো অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র নিয়ে তাঁদের গাড়িবহরে হামলা চালান। এতে জাকির গুরুতর জখম হন। বগুড়ায় আনার পথে তিনি মারা যান। হামলায় বিএনপির শতাধিক নেতা-কর্মী আহত হন। গতকাল বিকেল পাঁচটায় জাকিরের মরদেহ শেরপুরে পৌঁছায়। যোগাযোগ করা হলে সিংড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফ উদ্দিন বলেন, ‘সকালে আমাদের মিছিল ও পথসভার কর্মসূচি পালন করেছি। কিন্তু বিএনপির গাড়িবহরে হামলা-সংঘর্ষের ঘটনায় আমরা জড়িত নই। কে বা কারা হামলা চালিয়েছে জানি না।’নাটোর জেলা বিএনপির সভাপতি রুহুল কুদ্দুস তালুকদার অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা পরিকল্পিতভাবে বিএনপির গাড়িবহরে হামলা চালিয়েছেন। অভিযোগ অস্বীকার করে নাটোর-৩ (সিংড়া) থেকে নির্বাচিত আওয়ামী লীগের দলীয় সাংসদ জুনায়েদ আহমেদ বলেন, ‘বিএনপির নেতা-কর্মীরা পরিস্থিতি উত্তপ্ত করার জন্য হামলার নাটক সাজিয়েছে।’নাটোরের পুলিশ সুপার (এসপি) রফিকুল ইসলাম বলেন, বিএনপির নেতা জাকির হোসেনকে সিংড়া থেকে বগুড়ায় নেওয়ার পথে বিকেল সাড়ে চারটার দিকে মারা যান। সহকারী পুলিশ সুপার (সদর) আপেল মাহমুদ বলেন, সিংড়ায় আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের সংঘর্ষ থামাতে গিয়ে সিংড়ার ওসি আহত হয়েছেন। কুপিয়ে জখম ও তোরণ ভাঙচুর: এদিকে নাটোর সদর উপজেলার বড়বড়িয়া গ্রামে রেজাউল করিম নামের ছাত্রদলের একজন কর্মীকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। তাঁকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর উপজেলার তেবাড়িয়ায় এবং বড়াইগ্রাম উপজেলার মাঝগ্রামে পাঁচটি তোরণ ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। বেলা ১১টার দিকে সদর উপজেলার ছাতনী গ্রামে ভাঙচুর করা হয় বিএনপির সমর্থকদের বহনকারী তিনটি বাস। আওয়ামী লীগের সমর্থকেরা এসব হামলা চালিয়েছেন বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। ঢাকায় বিক্ষোভ মিছিল: নাটোরে গাড়িবহরে হামলায় বিএনপির নেতা নিহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে গতকাল রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। দলের যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।শেষ আটের লড়াই শুরু আজ