নরওয়েতে জোড়া হামলার দায় স্বীকারকারী অ্যান্ডারস বেহরিং ব্রেইভিক গতকাল সোমবার আদালতেও বোমা হামলা এবং হত্যাযজ্ঞ চালানোর কথা স্বীকার করেছেন। তিনি দাবি করেন, হামলার সময় তাঁর সংগঠনের আরও দুটি সেল সক্রিয় ছিল। তবে তিনি বলেন, ইউরোপকে মুসলিম আধিপত্য থেকে বাঁচানোর জন্য এই হামলার প্রয়োজন ছিল। প্রায় ৪০ মিনিট রুদ্ধদ্বার শুনানি অনুষ্ঠিত হয়। এদিকে নরওয়ের পুলিশ এখন বলেছে, নিহতের সংখ্যা ৯৩ নয়, ৭৬ জন।সন্ত্রাসী হামলায় হতাহতদের প্রতি শ্রদ্ধা জানাতে গতকাল নরওয়েজুড়ে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে। দুপুরে অসলো বিশ্ববিদ্যালয়ে একটি শোকবই খোলার পর প্রধানমন্ত্রী জেনস স্টলটেনবার্গ এই নীরবতা পালনের ঘোষণা দেন। প্রধানমন্ত্রীর ঘোষণার পর স্থানীয় সময় দুপুর ঠিক ১২টায় এক মিনিটের জন্য নিশ্চল হয়ে যায় দেশ। বন্ধ হয়ে যায় রেলস্টেশন, শেয়ারবাজার। নরওয়ের প্রতিবেশী সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক ও আইসল্যান্ডেও এক মিনিটের নীরবতা পালন করা হয়। এ সময় দেশগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।গতকাল দুপুরের পর একটি সশস্ত্র মার্সিডিজ গাড়িতে করে অসলোর একটি আদালতে হাজির করা হয় ব্রেইভিককে। এ সময় আদালত এলাকায় জড়ো হওয়া মানুষ ‘বিশ্বাসঘাতক’ ও ‘খুনি’ বলে চিৎ কার করতে থাকে। আদালতে দোষী সাব্যস্ত হলে নরওয়ের আইন অনুযায়ী ব্রেইভিকের সর্বোচ্চ ২১ বছরের কারাদণ্ড হতে পারে। নরওয়েতে মৃত্যুদণ্ড দেওয়া হয় না।আদালতের রুদ্ধদ্বার শুনানির পর বিচারক কিম হেগার এক সংবাদ সম্মেলনে বলেন, বহু সংস্কৃতি চালু করে দেশদ্রোহের জন্য লেবার পার্টিকে দায়ী করেছেন ব্রেইভিক। শুনানিকালে ৩২ বছর বয়সী ব্রেইভিক দাবি করেন, হামলার সময় তাঁর সংগঠনের আরও দুটি সেল সক্রিয় ছিল। তিনি বলেন, তাঁর একটি সংগঠন রয়েছে। এর দুটি শাখা আছে। অথচ এর আগে তিনি একাই এ কাজ করেছেন বলে জানিয়েছিলেন। বলেছিলেন, হামলা পরিকল্পনায় কেউ তাঁকে সহযোগিতা করেনি। পুলিশও বলেছিল শুক্রবারের হামলায় অন্য কেউ তাদের সন্দেহের তালিকায় নেই। হামলার ঘটনায় ব্রেইভিকের আরও দুটি সন্ত্রাসী শাখার সঙ্গে কাজ করার দাবি খতিয়ে দেখছে পুলিশ। আদালতের অন্যান্য কর্মকর্তা ওই দুটি শাখার অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত কিছু জানাতে পারেনি। ব্রেইভিক এর আগে তদন্তকারীদের বলেছিলেন, তিনি আন্তর্জাতিক একটি সংগঠনের সদস্য। তিনি বলেন, তাঁর এ হামলা নরওয়ের জনগণের জন্য জোরালো এক বার্তা। মুসলিম অভিবাসীর হাত থেকে নরওয়েসহ পশ্চিম ইউরোপকে রক্ষার জন্য তিনি এ হামলা চালিয়েছেন। সরকারি দল লেবার পার্টির যতটুকু সম্ভব ক্ষতিসাধনের চেষ্টা করেছে। তাঁর অভিযোগ, এই সরকার মুসলিম অভিবাসীদের মোকাবিলায় ব্যর্থ হয়েছে।আদালতের শুনানির পর বিচারক হেগার ব্রেইভিককে আট সপ্তাহ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। পরবর্তী শুনানিতে হাজির না হওয়া পর্যন্ত তাঁকে আটক রাখা হবে। শুধু আইনজীবী ছাড়া কেউ তাঁর সঙ্গে দেখা করতে পারবেন না।প্রধানমন্ত্রী স্টলটেনবার্গ বলেছেন, শুক্রবারের ঘটনায় তাঁর দেশ চিরতরে বদলে যাবে। তবে তা একটি মুক্ত গণতান্ত্রিক দেশ হিসেবেই থাকবে। গত শুক্রবার অসলোতে বোমা বিস্ফোরণে প্রধানমন্ত্রীর কার্যালয় ও কয়েকটি মন্ত্রণালয়সহ বেশ কয়েকটি সরকারি ভবন ক্ষতিগ্রস্ত হয় এর কয়েক ঘণ্টা পর রাজধানীর অদূরে উটোয়া দ্বীপে ক্ষমতাসীন লেবার পার্টির যুব সংগঠনের বার্ষিক সম্মেলনে বন্দুকধারী নির্বিচার গুলি চালায়। এএফপি, রয়টার্স, বিবিসি।