ফটিকছড়ির ভুজপুরে আওয়ামী লীগের মিছিলে নারকীয় হামলায় শিবিরের স্থানীয় তিনটি সন্ত্রাসী বাহিনী অংশ নিয়েছিল। এই তিনটি বাহিনীই উত্তর ফটিকছড়ি এলাকায় সক্রিয় বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীর বর্ণনা, স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, ঘটনার সময় ধারণ করা ভিডিও ফুটেজ ও সরকারের বিভিন্ন সংস্থার তদন্তে এ তথ্য বেরিয়ে আসছে। এসব তথ্য বিশ্লেষণ করে পুলিশ বলছে, ওই হামলা ছিল পরিকল্পিত। গত বৃহস্পতিবার দুপুরে ভুজপুরের কাজিরহাটে আ.লীগের হরতালবিরোধী মিছিলে ওই সশস্ত্র হামলায় তিন কর্মী নিহত ও শতাধিক আহত হন। স্থানীয় সূত্র জানায়, আওয়ামী লীগের ওই মিছিলের পরিকল্পনার তথ্য জামায়াত-শিবির আগেভাগে জানতে পারে। গত নির্বাচনে ফটিকছড়ি আসনের পরাজিত আওয়ামী লীগের প্রার্থী এ টি এম পেয়ারুল ইসলাম ঘটনার দিন সকালে সহযোগিতা চেয়ে স্থানীয় এমদাদুল উলুম মাদ্রাসার মুহতামিমকে (অধ্যক্ষ) ফোন করেন। স্থানীয় প্রশাসনকেও মিছিলের বিষয়টি জানানো হয়। স্থানীয় জামায়াত-শিবির মিছিলে হামলার পরিকল্পনা করে মুঠোফোনের খুদে বার্তা পাঠিয়ে ভুজপুরের সাত-আটটি মসজিদে দলীয় সন্ত্রাসীদের সংগঠিত করে। স্থানীয় সূত্রগুলোর মতে, এতে সম্পৃক্ত করা হয় সন্ত্রাসকবলিত ফটিকছড়ি এলাকার শিবিরের তিনটি বাহিনীকে। বাহিনীগুলোর প্রধান হলেন শিবিরের দুর্ধর্ষ ক্যাডার ভাগিনা রমজান, কালা মাহবুব ও বাবুল। এঁদের মধ্যে ভাগিনা রমজান ওমানে এবং কালা মাহবুব দুবাইয়ে অবস্থান করছেন অনেক দিন ধরে। আর বাবুল বাহিনীর প্রধান বাবুল কয়েক বছর আগে প্রতিপক্ষের হাতে নিহত হন। এ বাহিনীর সদস্যরা আসফিয়া চা-বাগানের পাশে পাহাড়ে অবস্থান করেন বলে স্থানীয় সূত্র ও পুলিশ জানায়। পুলিশ সূত্র জানায়, ফটিকছড়িতে ২২টি সন্ত্রাসী বাহিনীর মধ্যে অন্তত ১৪টি শিবির ক্যাডারদের নিয়ন্ত্রণে আছে। এসব বাহিনীর গডফাদার হলেন শিবিরের নাছির, যিনি ১৯৯৭ সালের মার্চে নগরের প্যারেড মাঠে গ্রেপ্তার হন। এখনো তিনি কারাগারে আছেন। তাঁর দীর্ঘ অনুপস্থিতির কারণে দক্ষিণ ফটিকছড়ির কয়েকটি বাহিনীর সন্ত্রাসীরা গা ঢাকা দিয়েছে। তবে উত্তর ফটিকছড়ির ভুজপুর, নারায়ণহাট, পাইন্দং, হারুয়ালছড়িসহ কিছু এলাকায় অন্য বাহিনীগুলো সক্রিয় আছে। স্থানীয় সূত্র জানায়, অভ্যন্তরীণ কোন্দলে প্রায় এক যুগ আগে বাবুল বাহিনীর প্রধান বাবুল নিহত হলে সন্ত্রাসী তৌফিকুল ইসলাম বাহিনীর নেতৃত্বে আসেন। গত বৃহস্পতিবারের হামলায় ধারালো অস্ত্র হাতে তাঁকে দেখা গেছে বলে স্থানীয় লোকজন জানান। বিভিন্ন মাধ্যমে প্রকাশ পাওয়া ভিডিও ফুটেজেও তাঁকে দেখা গেছে। স্থানীয় সূত্র জানায়, ভাগিনা রমজান মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন। তাঁর অনুপস্থিতিতে ফটিকছড়ির মির্জারহাট এলাকাটি নিয়ন্ত্রণ করছেন শিবির ক্যাডার ঘূর্ণি মনা। ঘূর্ণি মনার নেতৃত্বে অন্তত ১৮-২০ জন সন্ত্রাসী রয়েছে, যারা বৃহস্পতিবারের হামলায় অংশ নেয়। দুর্ধর্ষ শিবির ক্যাডার কালা মাহবুবের অনুপস্থিতিতে এলাকায় বাহিনী চালাচ্ছেন এরশাদ, বেলাল ও হাসান। পুলিশের হাতে আসা ঘটনার ভিডিও ফুটেজে এই বেলালকেও হামলায় অংশ নিতে দেখা গেছে। বেলালের বাহিনী নিয়ন্ত্রণ করছে দক্ষিণ ভুজপুর এলাকা। এই বাহিনীর সদস্যসংখ্যাও ২০-২২ জন বলে বিভিন্ন সূত্র দাবি করছে। ফটিকছড়ির একজন ইউপি চেয়ারম্যান নাম প্রকাশ না করে প্রথম আলোকে বলেন, নারায়ণহাট, রোসাংগিরী ও বিবিরহাটে শিবিরের তিনটি সন্ত্রাসী বাহিনী সক্রিয় আছে। একটি বাহিনীর সদস্যরা এখনো পাহাড়ে প্রশিক্ষণ নিচ্ছে। এরা দিনের বেলায় আসফিয়া চা-বাগানের শ্রমিকদের সঙ্গে মিশে যায়। নিহত শিবির ক্যাডার বাবুলের ওই বাহিনীর সক্রিয় সদস্য ১৮-২০ জন। বাকি দুই বাহিনীর আরও অন্তত ৩৫-৪০ জন সন্ত্রাসী হামলায় অংশ নেয়। অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. ফরিদ উদ্দিন প্রথম আলোকে বলেন, হামলায় অংশ নেওয়া সন্ত্রাসীদের ফটিকছড়ির নারায়ণহাট, রোসাংগিরী ও বিবিরহাট থেকে আনা হয়েছিল বলে তাঁরা আটককৃতদের কাছ থেকে তথ্য পেয়েছেন। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম প্রথম আলোকে বলেন, ‘হরতালবিরোধী ওই মিছিলের পরিকল্পনা নেওয়া হয় ঘটনার এক সপ্তাহ আগে। তা জানতে পেরেই জামায়াত-শিবির এই নারকীয় হামলার পরিকল্পনা করে। হামলায় কেবল ভুজপুর নয়, ১০-১২ কিলোমিটার উত্তরের নারায়ণহাটসহ ফটিকছড়ির বিভিন্ন জায়গা থেকে সন্ত্রাসীদের জড়ো করা হয়। আমরা এখন এসব জানতে পারছি।’ ভুজপুর ন্যাশনাল হাসপাতালে আওয়ামী লীগের তিনজনকে কুপিয়ে রক্তাক্ত করার ঘটনায় শিবিরের তিন সন্ত্রাসী চিহ্নিত হয়েছে। ভিডিও ফুটেজ থেকে চিহ্নিত করা হয় শিবিরের দুর্ধর্ষ সন্ত্রাসী তৌফিক, এয়াকুব ও বেলালকে। এয়াকুব ও বেলালের গ্রামের বাড়ি ভুজপুরে। এরা কেউই গতকাল রাত পর্যন্ত গ্রেপ্তার হয়নি বলে পুলিশ জানিয়েছে। স্থানীয় সূত্র জানায়, এই সন্ত্রাসীদের পাশাপাশি জামায়াত-শিবির হামলায় গ্রামবাসীকে ব্যবহার করার পরিকল্পনা করে। এর জন্য তারা অন্তত সাত-আটটি মসজিদের মাইক ব্যবহার করে মিথ্যা তথ্য দিয়ে উত্তেজনা সৃষ্টি করে। প্রথম ঘোষণাটি আসে কাজিরহাট জামে মসজিদ থেকে। ভুজপুর ইউনিয়নের জামায়াতের সদস্য বেলাল হোসেন মসজিদে হামলা এবং আগুন দিতে সন্ত্রাসী আসছে বলে ঘোষণা দিয়ে গ্রামবাসীকে বেরিয়ে আসার আহ্বান জানান। ওই মাইকেই এমদাদুল উলুম মাদ্রাসার মুহতামিমকে সন্ত্রাসীরা তুলে নিতে আসছে বলে উসকানি দেওয়া হয়। হামলায় এই মাদ্রাসার শিক্ষার্থীরাও অংশ নেয়। কিন্তু হাটহাজারী দারুল উলুম মুইনুল ইসলাম মাদ্রাসার প্রধান আল্লামা শাহ আহমদ শফী ফোন করে মাদ্রাসার ছাত্রদের যেকোনো উসকানি থেকে নিবৃত্ত থাকার নির্দেশ দিলে ছাত্ররা দ্রুত মাদ্রাসায় ফিরে আসে। জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ভুজপুর এমদাদুল মাদ্রাসার ছাত্রদের নিবৃত্ত করান আল্লামা শাহ আহমদ শফী। ৪২ জন রিমান্ডে: পুলিশ বাদী হয়ে করা মামলায় গতকাল স্থানীয় ভুজপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন জামায়াতের আমির শফিউল আলম নূরীসহ ৪২ জনের রিমান্ড মঞ্জুর করেছেন চট্টগ্রামের বিচারিক হাকিম আদালত। আসামিদের মধ্যে ৩২ জনকে তিন দিন করে এবং ১০ জনকে দুই দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেওয়া হয়। অতিরিক্ত পুলিশ সুপার ফরিদ উদ্দিন বলেন, গ্রেপ্তার হওয়া ৪২ জনের সবাই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হামলায় অংশ নেন। রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে তাঁদের কাছ থেকে আরও নতুন তথ্য পাওয়া যাবে। আরও দুটি মামলা: আমাদের ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, হামলার ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে গতকাল আরও দুটি মামলা করা হয়েছে। নিহত ফোরকানের বাবা মো. এজাহার বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। এতে ১১০ জনকে সুনির্দিষ্ট আসামি করা হয়। অপর মামলাটি করেন নিহত রুবেলের মামা জামাল পাশা। এই মামলায় ৯৭ জনকে সুনির্দিষ্ট আসামি করা হয়। মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মোহামঞ্চদ ফরিদ উদ্দিন বলেন, এই মামলা দুটি ছাড়াও আরও একটি মামলা প্রক্রিয়াধীন আছে। ঘটনার পরের দিন শুক্রবার পুলিশ বাদী হয়ে ভুজপুর থানায় প্রথম মামলাটি করেছিল। ওই মামলায়ই ৪২ জনকে রিমান্ডে নেওয়া হয়েছে।ক্ষয়ক্ষতি: ওই হামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন কর্মী নিহত হন। আহত হন শতাধিক নেতা-কর্মী। ১৫০টি মোটরসাইকেল, পাঁচটি জিপ ও চান্দের গাড়ি, তিনটি প্রাইভেট কার, একটি নোহা মাইক্রোবাস এবং ফায়ার সার্ভিসের একটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়। পুড়ে যাওয়ার মোট গাড়ির সংখ্যা ১৬০টি, যার দাম পাঁচ কোটি দুই লাখ টাকা বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।