হামলায় ১৭ জন সাংবাদিক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াত-শিবির ও সমমনা দলগুলো সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে। পুলিশের গুলিতেও আহত হয়েছেন সাংবাদিকেরা। গতকাল শুক্রবার দায়িত্ব পালন করতে গিয়ে ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় ১৭ জন সাংবাদিক আহত হন।আহত সাংবাদিকদের মধ্যে মাছরাঙা টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক আবদুল্লাহ তুহিনকে স্কয়ার হাসপাতালে ও ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের ক্যামেরাম্যান নুরুল ইসলামকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। গতকাল জুমার নামাজের আগে বায়তুল মোকাররম মসজিদে মুসল্লিদের সঙ্গে কথা বলতে গিয়ে জামায়াত-শিবিরের হামলার শিকার হন তাঁরা। পুলিশের ছররা গুলিতে আহত হন গাজী টেলিভিশনের মাসুদুর রহমান, চ্যানেল একাত্তরের আরিফুর রহমান, জনকণ্ঠ-এর শেখ মামুনুর রশীদ, সংবাদ-এর শাহেদ বাবুল, ই নিউজের নিতাই পদ দাস ও আমার দেশ পত্রিকার মীর আহমেদ মীরু।আহত কয়েকজনকে ঢাকা ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম আহত ব্যক্তিদের দেখতে হাসপাতালে যান। তথ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, হামলাকারীদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনা হবে।এ হামলার প্রতিবাদে গতকালই সাংবাদিকেরা ঢাকা ও চট্টগ্রামে বিক্ষোভ করেছেন। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) জানিয়েছে, বেলা দুইটার দিকে সেগুনবাগিচা এলাকায় পুলিশের একটি সাঁজোয়া গাড়ি টহল দিচ্ছিল। গাড়িটি ক্র্যাব লক্ষ্য করে একটি গুলি ছোড়ে। এতে ক্র্যাবের জ্যেষ্ঠ সদস্য আমিনুল হক ভূঁইয়ার ডান পায়ে গুলি লাগে। ক্র্যাব এ ঘটনার নিন্দা জানিয়েছে এবং আজ দুপুর ১২টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি চত্বরে প্রতিবাদ সমাবেশ ডেকেছে।এ ছাড়া যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে এবং জামায়াত-শিবিরের তাণ্ডবে সাংবাদিক আহত হওয়ার প্রতিবাদে ২৬ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় সাংবাদিক সমাবেশ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। বিএফইউজের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী ও মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া এবং ডিইউজের সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক শাবান মাহমুদ যৌথ বিবৃতিতে এ সমাবেশে যোগদানের আহ্বান জানিয়েছেন। এদিকে গতকাল তাৎক্ষণিক সমাবেশে সাংবাদিক নেতারা এ ঘটনার নিন্দা জানান।চট্টগ্রাম: জুমার নামাজের পর চট্টগ্রাম প্রেসক্লাব ও কর্তব্যরত সাংবাদিকদের ওপর হামলা করেছে জামায়াত-শিবির। আন্দরকিল্লা জামে মসজিদ ও জামালখান এলাকায় এ হামলা চালানো হয়। হামলায় পুলিশ ও সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হন। হামলাকারীরা চট্টগ্রাম প্রেসক্লাব ছাড়াও গণজাগরণ মঞ্চ, দোকানপাট ও সড়কের ভাস্কর্য ভাঙচুর করে। প্রেসক্লাব ও সাংবাদিকদের ওপর হামলার ব্যাপারে জানতে চাইলে হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক প্রথম আলোকে বলেন, তাঁরা শান্তিপূর্ণভাবে মিছিল করেছেন। তাঁদের মিছিল থেকে একটি কুচক্রী মহল প্রেসক্লাব ও সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে। তারা দেশে গণ্ডগোল তৈরি করতে চায়। তিনি সাংবাদিকদের ওপর হামলার নিন্দা জানান।প্রেসক্লাবে হামলার প্রতিবাদে সাংবাদিকেরা বিকেলে বিক্ষোভ মিছিল করেন। তাঁরা এ ঘটনার জন্য মৌলবাদী যুদ্ধাপরাধীদের দোসরদের দায়ী করেন। আজ শনিবার বেলা ১১টায় হামলার প্রতিবাদে চট্টগ্রামের সাংবাদিকসমাজ প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দিয়েছে।গতকাল আন্দরকিল্লা ও জামালখান এলাকায় হামলায় আহত সংবাদকর্মীরা হলেন ইনকিলাব-এর কুতুবউদ্দিন চৌধুরী, যুগান্তর-এর রাজেশ চক্রবর্ত্তী, মাছরাঙার রবিউল, বাংলাভিশনের পলাশ, এটিএন নিউজের অমিত ও এটিএন বাংলার ফরিদ উদ্দিন। কুতুবউদ্দিন ও রাজেশের জখম গুরুতর। তাঁরা মেডিকেলে চিকিৎসাধীন আছেন। দুপুর আড়াইটার দিকে জামায়াত-শিবিরের তাণ্ডবের প্রতিবাদে সাধারণ মানুষ বিক্ষুব্ধ হয়ে ওঠে। তারা জামালখানে মিছিল নিয়ে জড়ো হয়ে জামায়াত-শিবির ও যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। একপর্যায়ে হাজার হাজার মানুষ জামালখানে অবস্থিত দিগন্ত টেলিভিশনের কার্যালয় ও দৈনিক সংগ্রাম-এর কার্যালয় ভাঙচুর করে। পরে লাভলেইনে আমার দেশ কার্যালয় লক্ষ্য করে ঢিল ছোড়ে। জামায়াতের তাণ্ডবের ঘটনার পর চট্টগ্রাম প্রেসক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল করে ও এ ধরনের ন্যক্কারজনক ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানায়। খুলনা: বিকেলে নগরের শিববাড়ি মোড়ের দিকে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও ছররা গুলি ছোড়ে। এতে আঞ্চলিক পত্রিকা দৈনিক প্রবাহ-এর মাকসুদ আলীর হাতে গুলি লাগে। কাঁদানে গ্যাসের শেলে আহত হন ফোকাস বাংলার এম এম মিন্টু। আর জামায়াতের ছোড়া ইটে আহত হন একাত্তর টিভির ক্যামেরাম্যান আমিরুল ইসলাম।