হামার বাইস্যাতো কষ্ট, শুকনাতো কষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবা, তোমরা ক্যাঁয়? পাশে থেকে একজন বললেন, ইনি সাংবাদিক। পরিচয় পেয়ে তিনি বলেন, ‘ও তোরা পেপারোত লেকেন। তা হামার এই আস্তাটা পাকা করার কতা লেকি দ্যান তো। খুব কষ্ট হয় আস্তা দিয়া চলাফিরা করতে। শ্যাষ বয়সে পড়চি। কোনদিন জেন টুপ করি মরি যাউচি। পাকা আস্তা দিয়া হাঁটার ভাগ্য বুঝি হামার নাই।’ রংপুরের বদরগঞ্জ উপজেলার কালীর ডাঙ্গা-বাংলার হাট সড়ক দিয়ে চলাচলকারী ভুক্তভোগী সিট লক্ষ্মণপুর গ্রামের জামান উদ্দিন (৯৮) এভাবেই কথাগুলো বললেন।জানা যায়, কালীর ডাঙ্গা-বাংলার হাট সড়কের দূরত্ব তিন কিলোমিটার। এর মধ্যে পাকা হয়েছে আধা কিলোমিটার। বাকি আড়াই কিলোমিটার কাঁচা রাস্তা দিয়ে অতিকষ্টে প্রতিদিন কয়েক হাজার মানুষ প্রয়োজনের তাগিদে বদরগঞ্জ উপজেলা শহরে যাতায়াত করে। বর্ষার সময় কাদাপানি এবং শুকনা মৌসুমে ধুলা-বালুর কারণে উঁচু-নিচু ও খানাখন্দে ভরা রাস্তা দিয়ে পথ চলাচলে জনসাধারণের ভোগান্তি চরমে ওঠে।জুম্মাপাড়ার গ্রামের মারজিনা বেগম (২৩) বলেন, ‘পানি হইলে রাস্তায় এক হাঁটু কাদো হয়। বাড়ি থাকি বাইরোত যাওয়া যায় না। রাস্তা খারাপের জন্যে বাপের দ্যাশের কাঁয়ো আইসে না। বাইসার সময় মাও বাপের মুখ দেখাদেখি বন্ধ থাকে। আগোত জানলে এই গ্রামোত বিয়া বসনু না হয়।’উপজেলা সহকারী প্রকৌশলী আহসান হাবিব বলেন, ‘ওই রাস্তায় মানুষের চলাচলে কষ্ট হয়, সেটা আমরাও জানি। বরাদ্দ পেলে রাস্তার বাকি অংশটুকু পাকা করার ব্যবস্থা নেওয়া হবে।’