হামাস আরও শক্তিশালী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা এক সপ্তাহের ভয়াবহ ইসরায়েলি হামলা। গাজা উপত্যকায় সরকারি-বেসরকারি ভবনে ভয়াবহ ওই বিমান হামলায় নিহত হয়েছে কমপক্ষে ১৬১ জন ফিলিস্তিনি। ইসরায়েলি সুসজ্জিত সেনা ও বিমানবাহিনীর বিরুদ্ধে ফিলিস্তিনি কট্টরপন্থী দল হামাসের প্রতিরোধ ছিল সামান্যই। রকেট হামলা চালিয়ে আপ্রাণ প্রতিরোধের চেষ্টা করে হামাস। তবে হামাসের এই প্রতিরোধের মুখেই শেষ পর্যন্ত যুদ্ধবিরতি হয় ইসরায়েলি কর্তৃপক্ষ ও হামাসের। ফিলিস্তিনিরা মনে করছেন, হামাসের এ অবস্থান তাদের আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও সুসংহত করে তুলেছে। গতকাল বৃহস্পতিবার যুদ্ধবিরতি কার্যকরের পর বিজয় শোভাযাত্রাও করেছে হামাসসহ ফিলিস্তিনের কয়েকটি ইসলামপন্থী দল।‘ওয়াশিংটন পোস্ট’-এর খবরে বলা হয়, গত বুধবার মিসরের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি হয় হামাসের। এর এক দিন পর গতকাল সশস্ত্র কয়েকটি সংগঠনের মুখোশ পরা যোদ্ধাদের সঙ্গে বিজয় শোভাযাত্রায় অংশ নেন হামাসের নেতা-কর্মীরা। পতাকা নিয়ে মহড়া এবং রাজনৈতিক বক্তৃতা দেওয়ার সময় হামাসসহ সব সংগঠনই যুদ্ধবিরতিকে ‘ফিলিস্তিনি প্রতিরোধের জয়’ বলে আখ্যায়িত করেছে। এর মাধ্যমে ফিলিস্তিনে ঐক্যের নতুন যুগের সূচনা হয়েছে বলেও মত দিয়েছেন তারা।খবরে বলা হয়, হামাস গাজা এলাকার কয়েকটি সশস্ত্র সংগঠনকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। তবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর অন্য সশস্ত্র সংগঠনগুলোর সঙ্গে হামাসের এই বন্ধুত্ব টিকবে কি না, তা এখনো অস্পষ্ট।এদিকে ইসরায়েলের এই অভিযানকে কেন্দ্র করে হামাসের সঙ্গে ইরানের সম্পর্কের বিষয়টি আরও স্পষ্ট হয়েছে। গতকাল বিজয় উদযাপনের সময় হামাস ও ইসলামিক জিহাদ যুদ্ধের সময় অস্ত্র সরবরাহ করায় ইরানকে ধন্যবাদ জানিয়েছে।