হামাস ও ফাতাহ ঐক্যচুক্তি বাস্তবায়নে সম্মত
ফিলিস্তিনের বিবদমান দুই পক্ষ হামাস ও ফাতাহর শীর্ষ নেতারা ঐক্যচুক্তি বাস্তবায়নে সম্মত হয়েছেন। মিসরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ কথা জানানো হয়। গতকাল বুধবার মিসরের রাজধানী কায়রোয় হামাস ও ফাতাহর শীর্ষ নেতারা বৈঠক করেছেন। মিসরের মধ্যস্থতায় ফিলিস্তিনি রাষ্ট্রের নেতা ও ফাতাহপ্রধান মাহমুদ আব্বাস এবং হামাসপ্রধান খালেদ মেশালের মধ্যে এ বৈঠক হয়। ২০১১ সালে হামাস ও ফাতাহর মধ্যে সম্পাদিত ঐক্যচুক্তির বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়েছে। প্রেসিডেন্ট মুরসির সঙ্গে তিন দফা বৈঠকের আগে মিসরের গোয়েন্দাপ্রধানের সঙ্গে বৈঠক করেন আব্বাস ও মেশাল।নাম প্রকাশ না করার শর্তে মিসরের ওই জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ফাতাহ ও হামাসের দুই শীর্ষ নেতা তাঁদের মধ্যে সম্পাদিত ঐক্যচুক্তিটি শিগগির বাস্তবায়ন শুরু করবেন। মাহমুদ আব্বাসের একজন ঘনিষ্ঠ সহযোগী জানিয়েছেন, কায়রোয় দুই নেতার মধ্যে ইতিবাচক পরিবেশে দীর্ঘ বৈঠক হয়েছে। ভবিষ্যতে আরও বৈঠকের বিষয়ে তাঁদের মধ্যে সমঝোতা হয়েছে। ওই বৈঠকের বিষয়ে অবশ্য হামাসের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।নির্বাচনে জয়ী হয়ে ২০০৭ সালে গাজা থেকে ফাতাহকে বের করে দেয় হামাস। তবে সাম্প্রতিক সময়ে পক্ষ দুটির মধ্যে উত্তেজনা কিছুটা কমেছে।২০০৭ সালের পর গত শনিবার গাজায় সমাবেশ করার অনুমতি পায় ফাতাহ। একই সঙ্গে গত বছরের ডিসেম্বরে পশ্চিম তীরে হামাসের সমর্থকেরা তাঁদের আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। সাম্প্রতিক এক ভাষণে হামাসের নেতা মেশাল দুই পক্ষের মধ্যে জাতীয় ঐক্যের ডাক দেন।