হামাস দপ্তরে ইসরায়েলি হামলা
ফিলিস্তিনের গাজায় বিমান হামলার চতুর্থ দিনে হামাস নেতাদের প্রধান কার্যালয় এবং গুরুত্বপূর্ণ কয়েকটি স্থাপনায় আজ শনিবারও আক্রমণ চালিয়েছে ইসরায়েল। এতে গাজার প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়ার কার্যালয় ধ্বংস হয়েছে। গতকাল শুক্রবার গাজায় ওই কার্যালয়ে মিসরের প্রধানমন্ত্রী হিসাম কানদিল সফরে গিয়েছিলেন। গত বুধবার হামাসের সামরিক প্রধান জাবারি হত্যার পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ৩৮ ফিলিস্তিনি নিহত হয়েছে। আর হামাসের রকেট হামলায় নিহত হয়েছে তিন ইসরায়েলি। টানা চার দিন ফিলিস্তিনের ওপর বিমান হামলার পর এখন স্থল হামলার পরিকল্পনা করেছে ইসরায়েল। এ জন্য ৭৫ হাজার সেনাকে প্রস্তুত রাখা হয়েছে।এর আগে গতকাল শুক্রবার ইসরায়েলের তেল আবিব ও জেরুজালেমে রকেট ছোড়ে হামাস। ইসরায়েলের ওপর রকেট হামলা অব্যাহত রেখেছে তারা। আজ স্থানীয় সময় ভোররাত তিনটার দিকে গাজায় বড় ধরনের হামলা চালানো হয়। ভোর পাঁচটার পর আবারও সিরিজ হামলা চালানো হয়। হামাস মন্ত্রিপরিষদ ভবনও হামলার লক্ষ্যবস্তু করা হয়। তবে এ সময় ওই ভবনে কেউ ছিলেন না বলে জানা গেছে।বিবিসির খবরে বলা হয়, হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইসমাইল হানিয়ার প্রধান কার্যালয়। রাতে চালানো হামলায় কমপক্ষে আটজন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তাঁদের মধ্যে তিনজন হামাসের সামরিক শাখা ইজ আল-দিন আল-কাসামের সদস্য বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েল এক বিবৃতিতে জানিয়েছে, হামাসের অস্ত্রভান্ডারে এবং দক্ষিণ গাজা দিয়ে মিসরে যাওয়ার চোরাইপথের ওপর হামলা চালানো হচ্ছে। ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র আভিতাল লেইভোভিচ বলেন, গত রাতে ২০০ লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। এই সময় ১২০টি রকেট লঞ্চারও ছোড়া হয়েছে।