হামাসের বিরোধিতায় দৌড় প্রতিযোগিতা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিনের গাজায় অনুষ্ঠেয় বার্ষিক ম্যারাথন দৌড় প্রতিযোগিতা স্থগিত করেছে জাতিসংঘ। গাজার ক্ষমতাসীন ও ইসলামপন্থী দল হামাস ওই প্রতিযোগিতায় নারীদের অংশগ্রহণে নিষেধাজ্ঞা জারির পর জাতিসংঘ এ সিদ্ধান্ত নেয়। বিবিসি জানায়, আসছে রোববার প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। জাতিসংঘ তিন বছর ধরে প্রতিযোগিতাটি আয়োজন করে আসছে। হামাস বলছে, ‘স্থানীয় ঐতিহ্যের প্রতি সম্মান দেখালে’ প্রতিযোগিতাটি চলতে দেওয়া হতো। গাজায় রক্ষণশীল মহল বিভিন্ন সময় স্কুল ও খেলাধুলার সময় ছেলে-মেয়েতে মেলামেশায় আপত্তি জানিয়ে এসেছে। জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থা (ইউএনআরডব্লিউএ) এক বিবৃতিতে বলেছে, প্রতিযোগিতা নিয়ে গাজার ক্ষমতাসীন দলের সঙ্গে আলোচনা হয়েছে। কিন্তু দলটি জানিয়েছে, প্রতিযোগিতায় নারীদের অংশ নিতে দেওয়া হবে না। এরপর ইউএনআরডব্লিউএ হতাশাজনক সিদ্ধান্ত নিয়েছে। হামাস সরকারের মন্ত্রিপরিষদ সচিব আবদেস সালাম সিয়াম বলেন, ‘দৌড় প্রতিযোগিতা বন্ধের সিদ্ধান্ত দুঃখজনক। কিন্তু আমরা চাই না নারী-পুরুষ একসঙ্গে দৌড়ে অংশগ্রহণ করুক।’