হামিদুলের সোনা আর সাইক্লিংয়ের লজ্জা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গেমসের আগে ধারাবাহিক সংবাদ সম্মেলন হলো। তাতে বাংলাদেশের কর্তারা কর গুনলেন—এক, দুই, তিন...। এমন করে ১৭ বার গুনে তাঁরা থামলেন। এর পর এগোলেন আরও তিন ধাপ। কুড়িটি, কুড়িটি সোনা আসবে এবার! সেই থেকে দেশবাসীর দিন গোনার শুরু। প্রথম, দ্বিতীয়...গুনতে গুনতে চতুর্থ দিনে এসে আশা পূরণের ভেলায় প্রথম পা রাখল বাংলাদেশ। এল প্রথম সোনা। বাংলাদেশকে তা এনে দিলেন ভারোত্তোলক হামিদুল ইসলাম। ৭৭ কেজি ওজন শ্রেণীতে স্বদেশি-সতীর্থ মনোরঞ্জন রায়কে পেছনে ফেলে সোনা জিতেছেন তিনি।হামিদুলের এই সোনা জয় আরেকটি প্রথমের ইতিহাস গড়েছে কাল। ব্রোঞ্জ আর রুপা—আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের ভারোত্তোলনের সাফল্য ঘুরপাক খাচ্ছিল এর মধ্যেই। কাল হামিদুলের হাত ধরে ভারোত্তোলনে প্রথম সোনা পেল বাংলাদেশ।প্রথম যেকোনো কিছুরই আলাদা গুরুত্ব্ব থাকে। হামিদুলের কাছেও তাঁর প্রথম সোনা জয় অন্যরকম গুরুত্ব নিয়ে হাজির, ‘আমার কাছে এই সোনা জয়ের গুরুত্ব অনেক। আমি গরিব ঘরের ছেলে। লেখাপড়া করতে পারিনি। ভারোত্তোলন আমাকে পুরো বাংলাদেশের সঙ্গে পরিচয় করিয়ে দেবে, এত দিন এটাই চেয়ে এসেছি। আজ সেটা পূরণ হলো। আশা করি, এখন মিডিয়াতে লেখালেখি হবে, আমাকে সবাই চিনবে।’নিজেকে চেনানোর এই ইচ্ছেটা এত দিন খুব যত্নে গোপন করে রেখেছিলেন হামিদুল। গোপন করে রেখেছিলেন কি একটি আক্ষেপও? কোনো আক্ষেপ নাকি তাঁর কোনোকালেই ছিল না বললেন, ‘না, না, অমন কোনো আক্ষেপ আমার ছিল না। জানতাম, ভালো করতে পারলে এমনিতেই আমাকে নিয়ে একদিন হইচই হবে। আমি এত দিন ধরে শুধু এটাই করতে চেয়েছি। এর জন্যই কঠিন পরিশ্রম করে গেছি।’হামিদুলের পরিশ্রম এত দিনে পূর্ণতা পেয়েছে, পূরণ হয়েছে তাঁর গোপন ইচ্ছেটাও। সত্যিই ঢাকা একাদশ এসএ গেমসের চতুর্থ দিনটি ছিল শুধুই হামিদুলের। এ দিনটি বাংলাদেশের জন্য আরও আনন্দের হতে পারত। কিন্তু ধবল-দুধে এক ফোঁটা গো-চনা ঢেলে দিল সাইক্লিং।দিনের প্রথম ভাগে একবার আনন্দে ভেসেছিল বাংলাদেশ। খুলনা থেকে খবর এসেছিল ৫০ কিলোমিটার রোড রেস ম্যাস স্টার্ট ইভেন্টে ব্যক্তিগত সোনা জিতেছেন বাংলাদেশের চিংবাই মারমা। কিন্তু খানিক পর আবার সেই সোনা জয়ের আনন্দ রূপ নেয় লজ্জায়। বাংলাদেশের সাইক্লিস্ট চিংবাই মারমাকে অযোগ্য ঘোষণা করা হয়। সোনা যায় ভারতের হাতে। অপরাধ কি চিংবাইয়ের? অপরাধ আসলে তাঁর নয়, অপরাধ করেছিলেন বাংলাদেশের কর্তারা। অতি উত্সাহী কর্তারা মোটরসাইকেল দিয়ে টেনে সাহায্য করতে গিয়েছিলেন চিং বাইকে। আর তাতেই ঘটে ওই লজ্জার ঘটনা।সাইক্লিস্ট মেয়েদের এই লজ্জা কিছুটা ঢেকে দিয়েছে বাংলাদেশের কাবাডির মেয়েরা। শ্রীলঙ্কাকে হারিয়ে রুপার পদকটি নিশ্চিত করেছে তাঁরা। কাবাডিতে ছেলেরাও কাল হারিয়েছে শ্রীলঙ্কাকে। তাঁতে নিশ্চিত হয়ে গেছে ব্রোঞ্জ পদক। রাতে আরেকটা আনন্দের উপলক্ষ এসেছে ফুটবল মাঠ থেকে। এক দশক পর আবার দক্ষিণ এশীয় গেমস ফুটবলের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। আমিনুলের বাংলাদেশের কাছে ভুটান কাল উড়ে গেছে ৪-০ গোলে।