হামিদের আসনে আ.লীগের প্রার্থী ছেলে রিজওয়ান
কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদের ছেলে রিজওয়ান আহমেদ। আজ সোমবার রাতে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় তাঁকে মনোনয়ন দেওয়া হয়।আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস প্রথম আলো ডটকমকে এ কথা জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে রাতে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা শুরু হয়। কিশোরগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের অন্য কোনো প্রার্থী না থাকায় সভায় রিজওয়ান আহমেদকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়।এর আগে বেলা একটার দিকে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন রিজওয়ান। আগামী ৩ জুলাই ওই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আবদুল হামিদ স্পিকার থেকে রাষ্ট্রপতি হওয়ায় আসনটি শূন্য হয়। মনোনয়নপত্র কেনার পর ওই সময় সাংবাদিকদের রিজওয়ান আহমেদ বলেছিলেন, ‘এ আসনে নির্বাচিত হলে বাবার অসমাপ্ত কাজগুলো সম্পূর্ণ করার চেষ্টা করব। আমি সবার কাছে দোয়াপ্রার্থী।’