হামিমের স্কুলে শোক, বাড়ি ফিরেছেন মা
উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে গতকাল কোনো ক্লাস হয়নি। জাতীয় পতাকা ছিল অর্ধনমিত। বাসের চাপায় স্কুলের কেজি শ্রেণীর ছাত্র হামিম শেখের মর্মান্তিক মৃত্যুতে এ কর্মসূচি পালন করেছে স্কুল কর্তৃপক্ষ। এদিকে যে বাসের চাপায় হামিমের মৃত্যু হয়েছে, তার চালক শামসুর রহমানকে গতকাল এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। রমনা থানার পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করছে।হামিমের মা সোনিয়া শেখকে গতকাল দুপুরে ইসলামিয়া চক্ষু হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়েছে। তাঁর এক চোখের অবস্থা ভালো নয় বলে চিকিত্সকেরা জানিয়েছেন। চোখ বাঁধা অবস্থায় দুপুরে বাসায় নেওয়ার পরপরই মূর্ছা যান তিনি।হামিমের বাবা মোতালেব শেখ প্রথম আলোকে বলেন, ছেলের মৃত্যুর কথা হাসপাতালে সোনিয়াকে বলা হয়নি। কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন, তাঁর সন্তান আর নেই। গতকাল দুপুরে বাসায় ফিরে সন্তানকে না পেয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। তাঁকে কোনোভাবেই সামলানো যাচ্ছিল না। বারবার সন্তানকে দেখতে চাইছিলেন।হামিম শেখের কুলখানি আজ শুক্রবার। এ উপলক্ষে সুরিটোলা মসজিদে জুমার নামাজের পর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের গতকালের পরিবেশ ছিল শোকাবহ। স্কুলের অফিস খোলা থাকলেও প্রভাতি ও দিবা শাখায় কোনো ক্লাস হয়নি। আগের দিনও সব ক্লাস বন্ধ ছিল। শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করেন।রমনা থানার পুলিশ জানায়, বাসের চালক শামসুর রহমানকে গ্রেপ্তারের পর এক দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাসের মালিকপক্ষের ব্যাপারে খোঁজখবর করা হচ্ছে বলে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিবলী নোমান জানিয়েছেন।গত বুধবার বেলা ১১টায় কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের সামনের সড়কে মধুমতি পরিবহনের একটি বাসের চাপায় ঘটনাস্থলেই প্রাণ হারায় স্কুলের বাংলা মাধ্যমের কেজি শাখার ছাত্র হামিম শেখ (৬)। তার মা সোনিয়া শেখও এতে গুরুতর আহত হন।