হায়দরাবাদে জোড়া বোমা বিস্ফোরণ, নিহত ১৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যের রাজধানী হায়দরাবাদে জোড়া বোমা বিস্ফোরণের ঘটনায় ১৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১১৯ জন। গতকাল বৃহস্পতিবার হায়দরাবাদ শহরের ব্যস্ততম এলাকা দিলসুখনগরে বোমা হামলার ঘটনা ঘটে। আজ শুক্রবার দ্য টাইমস অব ইন্ডিয়ার খবরে এ কথা জানানো হয়।গতকাল সন্ধ্যা সাতটা পাঁচ মিনিটে দিলসুখনগর বাসস্টপের কাছে ভেনকাতাদরি সিনেমা হলের সামনে প্রথম বিস্ফোরণ ঘটে। এর মাত্র এক মিনিট পরই কাছের একটি জলখাবারের দোকানের সামনে দ্বিতীয় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই আহত লোকজনকে উদ্ধার করে স্থানীয় কয়েকটি হাসপাতালে ভর্তি করা হয়। তবে হাসপাতালগুলোতে নার্স ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের দুই দিন ধরে চলা বনধের কারণে চিকিত্সকদের এই বিপুল সংখ্যক রোগী সামলাতে হিমশিম খেতে হয়েছে।এ হামলাকে ‘কাপুরুষোচিত হামলা’ বলে নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মনমোহন সিং। তিনি হামলায় নিহতদের পরিবারপ্রতি দুই লাখ এবং আহত ব্যক্তিদের পরিবারপ্রতি ৫০ হাজার রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। ঘটনা তদন্তে জাতীয় গোয়েন্দা সংস্থার একটি দলকে হায়দরাবাদে পাঠানো হয়েছে।ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধে। তিনি জানান, দিলসুখনগরের ফলের বাজারের কাছে পার্ক করা একটি বাইসাইকেলের সঙ্গে বোমাটি বাঁধা ছিল। মন্ত্রী জানান, আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। তবে ভারতের গোয়েন্দা কর্মকর্তাদের দাবি, পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার প্রতিনিধি ভারতীয় মুজাহিদিন দল এ হামলা চালিয়ে থাকতে পারে।২০০১ সালে ভারতের পার্লামেন্টে হামলার অভিযোগে ৯ ফেব্রুয়ারি আফজাল গুরুর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এর প্রতিবাদে জম্মু, কাশ্মীর ও হায়দরাবাদে বিক্ষোভ হয়েছে। তাঁর মৃত্যুর প্রতিশোধ নিতেই এ হামলা চালানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।এ ঘটনার পর ভারতের প্রধান প্রধান শহরে সতর্কতা জারি করা হয়েছে। এদিকে হামলা ঘটনায় শঙ্কিত হয়ে পড়েছে ভারতে অবস্থানরত অস্ট্রেলিয়ার ক্রিকেট দল। তাঁরা ক্রিকেট দলের নিরাপত্তা নিশ্চিত করতে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করেছেন। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচটি আগামী ২ মার্চ হায়দরাবাদে শুরু হওয়ার কথা।