হার মানতে জানে না ওরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওদের কেউ একবেলা খেয়েছে তো আরেক বেলা খাবার জোটেনি। বিদ্যালয়ে কারও টিফিন ছিল স্রেফ পানি। কারও বাড়ি এমন পরিবেশে, যেখানে স্বাভাবিক থাকা যায় না। সংসারের বোঝা টানতে কেউ বা আবার রোদ-বৃষ্টি মাথায় নিয়ে খেটেছে পরের জমিতে। এসব প্রতিকূলতা দমাতে পারেনি ওদের সুপ্ত ইচ্ছাকে। নিরুদ্যম হয়নি ওরা চেষ্টা থেকে। এসএসসি পরীক্ষায় প্রত্যেকের জিপিএ-৫ পাওয়াই এর উজ্জ্বল প্রমাণ।জয়ের পরিবেশ জয়: একজন মাদকসেবীর ছেলের কাছে কী আশা করা যায়। এ প্রশ্নের তাক লাগানো জবাব দিয়েছে জয় কুমার দাস। রাজশাহীর চারঘাট উপজেলার পাটিয়াকান্দি মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিয়েছিল সে। বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ফয়লা গ্রামে। বিশ্বজিৎ কুমারের একমাত্র ছেলে জয়।মা মিতা রানী বলেন, সঙ্গদোষে তাঁর স্বামী হেরোইনে আসক্ত হয়ে পড়েন। কোনো কাজকর্ম নেই। তিনি একটি বেসরকারি সংস্থায় অল্প বেতনে কাজ করে সংসার চালান। পাড়ায় আরও মাদকসেবী রয়েছে। এই বিরূপ পরিবেশে ছেলেকে যথাসম্ভব ভালো রাখার চেষ্টা চালান তিনি। পঞ্চম শ্রেণীতে জয় ট্যালেন্টপুলে বৃত্তি পেলে তিনি ওকে চারঘাটের পাটিয়াকান্দি গ্রামে মামার বাড়িতে পাঠিয়ে দেন। সেখানে পড়াশোনা করে অষ্টম শ্রেণীতেও বৃত্তি পায় সে। জয় বলে, মামাদের পাশাপাশি কষ্ট করে মা তাঁর পড়াশোনার খরচ দিয়েছেন। ভবিষ্যতে আরও ভালো ফল করার আশা রাখে সে।বিশ্বজিৎ কুমার জানান, একসময় মাদকাসক্ত হয়ে পড়লেও এখন তিনি মাদক সেবন করেন না। তিনি জানতেন যে বাড়িতে থাকলে ছেলে খারাপ হয়ে যাবে। এ জন্য মামার বাড়িতে ছেলের পড়াশোনার প্রতি তাঁর সমর্থন ছিল।জয়ের বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ টি এম তাহির বলেন, ছেলেটি খুবই ভালো। দরিদ্র হওয়ায় স্থানীয় আবুল কালাম ফাউন্ডেশন থেকে তাকে বৃত্তি দেওয়া হতো। ভবিষ্যতে একটু সহযোগিতা পেলে সে অনেক দূর এগিয়ে যেতে পারবে।উজ্জ্বল উদাহরণ রুমি: রাজমিস্ত্রির জোগালি বাবার কাজ জোটে না প্রতিদিন। মা অন্যের বাড়িতে কাজ করেন। খাবার একবেলা জোটে তো আরেক বেলা উপোস। এর মধ্যে পড়াশোনা, ভালো ফল করা সম্ভব? ভালো করেই সম্ভব। রুমি আক্তার এর উজ্জ্বল উদাহরণ। বরগুনার বদরখালী ইউনিয়নের পাতাকাটা গ্রামের ফুলঝুরি মাধ্যমিক বিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষা দিয়েছিল সে। বাবা শাহ আলম, মা সাবিনা বেগম। তিন ভাইবোন ওরা। পঞ্চম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল রুমি। অষ্টম শ্রেণীতে ভালো প্রস্তুতি থাকলেও সিডরের ঝাপটায় তা ভেস্তে যায়। এসএসসির ফল প্রকাশের পর রুমির বুকে জমে থাকা অনেক দিনের কষ্ট কান্না হয়ে ঝরতে থাকে। ভবিষ্যৎ লক্ষ্যের কথা জানাতে গিয়েও সে চোখ মুছতে মুছতে বলে, ‘আমি ব্যাংকার হতে চাই’।সাবিনা বেগম বলেন, ‘গরিব মানুষের ভালো কিছু পাওয়াও বিপদ। এহন মেয়েটারে কী দিয়া যে ল্যাহাপড়া করামু, কইতে পারি না। বরগুনা কলেজে ভর্তি করতে অনেক টাকার দরকার, প্রত্যেক দিন বাড়ি থিকা কলেজে যাইতে-আইতে ৭০ টাকা গাড়ি ভাড়া। এই টাকায় তো আমাগো সংসার চইল্লা যায়। অরে পড়ানোর চিন্তায় রাইতও ঘুমাইতে পারি নায়।’ফুলঝুরি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বঙ্কিম চন্দ্র মজুমদার বলেন, ‘আমাদের সম্মিলিত সহযোগিতায় রুমি এত দূর আসতে পেরেছে। এখন কলেজে পড়ানোর মতো সামর্থ্য ওর পরিবারের নেই।’কামলা খেটেছে জাহাঙ্গীর: খাল-বিলে মাছ নেই তেমন। এর পরও বাবা দিনভর জাল ফেলে যান। অল্প যে মাছ ধরা পড়ে, তা বিক্রি করে পরিবারের সবার দুবেলা ঠিকমতো খাবার জোটে না। ঘরে পড়ে আছেন জটিল রোগে আক্রান্ত মা। সহযোগিতা করতে ছেলে কামলা খাটে পরের জমিতে। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে করে কৃষিকাজ। এর মধ্যে পড়াশোনার সুযোগ কোথায়? ইচ্ছা, সাহস আর চেষ্টা থাকলে যে এই অসম্ভবকে ভালোভাবেই সম্ভব করা যায়, এর প্রমাণ এখন জাহাঙ্গীর আলম। শেরপুরের নালিতাবাড়ীর উত্তর নাকশি উচ্চবিদ্যালয় থেকে মানবিক বিভাগে পরীক্ষা দিয়েছিল সে। বাড়ি উপজেলার কলসপাড় ইউনিয়নের পিপলেশ্বর গ্রামে। বাবা মো. ছোবহান আলী, মা জহুরা খাতুন।ছোবহান আলী বলেন, ‘আমি ওরে কোনো ট্যাহা-পয়সা দিবার পারি নাই। ইশকুলের স্যারেরাই অর সবকিছু দেখছে। অহন পোলা ভালা কলেজে ভর্তি হইবার চায়। কিন্তু ট্যাহা পামু কই? আমার তো কোনো সামর্থ্য নাই। তাই আমার পোলারে ভালা লেহাপড়া শিখাবার লাইগ্যা সবার সাহায্য চাই।’জাহাঙ্গীর বলে, ‘আমার ভালো ফলাফলের পেছনে আমার বাবা-মা, চাচা আর স্কুলের শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি। এ জন্য আমি তাঁদের কাছে ঋণী। আমি উচ্চশিক্ষা নিয়ে সাংবাদিক হতে চাই।’নালিতাবাড়ীর উত্তর নাকশি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোফাজ্জল হোসেন বলেন, ‘পড়াশোনার প্রতি জাহাঙ্গীরের বরাবরই ইচ্ছা ছিল প্রবল। ওর মেধা সম্পর্কে আমরা সবাই জানতাম। প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত বিদ্যালয়ের সব পরীক্ষায় ও প্রথম হয়েছে।’নিলুফার টিফিন ছিল পানি: বাবা দিনমজুর। মা কাঁথা সেলাই করেন। এই আয় দিয়ে কি আর পাঁচজনের সংসার চলতে চায়? এ জন্য তার টিফিনের টাকা জোটেনি। বিদ্যালয়ে গিয়ে প্রায়ই পেট ভরে পানি পান করতে হয়েছে। এভাবে কি আর পড়াশোনা করা যায়? নিলুফা ইয়াসমিন প্রমাণ করেছে—এটি কোনো সমস্যাই নয়। গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ি উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিয়েছিল সে। জুমারবাড়ি ইউনিয়নের বসন্তেরপাড়া গ্রামে ওদের বাড়ি। বাবা নবীর হোসেন, মা নার্গিস বেগম। নবীর হোসেন বলেন, ‘জিপিএ-৫ কী, হামরা বুজি ন্যা। শুনচি হামার ছোলট্যা ভাল করি পাস করচে। আশা করচিনো বড়ো কেলাশোত পড়ামো। কিন্তু দুবেলা ভাত জোটে না, পড়াব্যার ট্যাকা পামো কোনটে?’নিলুফা বলে, ‘আমি ভবিষ্যতে চিকিৎসক হতে চাই। কিন্তু কে আমার পড়াশোনার দায়িত্ব নেবে?’জুমারবাড়ি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এহসানুল হক বলেন, প্রত্যন্ত এলাকার বাসিন্দা হলেও নিলুফা ছিল খুবই মেধাবী। তাই বিদ্যালয় থেকে তাকে বই-খাতা কিনে দিয়ে সহায়তা করা হয়েছে।[এই প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন ঝিনাইদহের নিজস্ব প্রতিবেদক এবং বরগুনা, শেরপুর ও গাইবান্ধা প্রতিনিধি]