হারা ম্যাচের নায়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কখনো কখনো বাকি ২১ জনকে ছাপিয়ে কেউ এমনই ‘স্পেশাল’ কিছু করে বসেন, দল হারলেও ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তার হাতে উঠে যায়।কলিন্স ওবুইয়া সর্বশেষ উদাহরণ। পরশু বেঙ্গালুরুতে ৬০ রানে জিতে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়া। কিন্তু ম্যাচসেরার পুরস্কার উঠেছে পরাজিত কেনিয়ার কলিন্স ওবুইয়ার হাতে!দিগন্ত ব্যবধানে এগিয়ে থাকা অস্ট্রেলিয়ার জয়টাই ছিল সবচেয়ে অনুমিত ফল! অস্ট্রেলিয়া ৬ উইকেটে ৩২৪ রান করার পর তাদের জয় নিশ্চিতই হয়ে যায়। কেনিয়াও জয় ভুলে সম্মানজনক হারের চেষ্টায় নামে। কিন্তু ব্রেট লি, শন টেইট, মিচেল জনসনদের গতির সামনে কাজটা সহজ ছিল না।তবে জিমি কামান্ডের দলকে বিস্ময়করভাবে ৫০ ওভার ব্যাট করার লক্ষ্যে পৌঁছে দিল কলিন্স ওবুইয়ার ব্যাট। তাতে হারটাও হলো ভদ্রস্থ। তৃতীয় ওভারের পঞ্চম বলে ওপেনার ওউমা আউট হলে উইকেটে আসেন কলিন্স। অন্য প্রান্ত দিয়ে উইকেট পড়লেও একপ্রান্ত আগলে রেখে তিনি মাঠ ছাড়েন ম্যাচ শেষ করে। গতির আগুনে কেনিয়াকে ঝলসে দেওয়ার চেষ্টাটা সফল হয়নি লি-টেইটদের।৪৭.১ ওভার ব্যাট করে দলকে নিয়ে গেছেন ২৬৪ রানে। শেষ দিকে উঁকি দিয়েছিল ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির সম্ভাবনাও। কিন্তু শেষ পর্যন্ত কলিন্স পারেননি। অপরাজিত থাকেন ৯৮ রানে। ধৈর্যের চরম পরীক্ষা দিয়েছেন, সুযোগ বুঝে উদ্ধতও হয়েছেন। ৯টি চারের সঙ্গে ৩টি বিশাল ছক্কাই তার প্রমাণ। ওবুইয়ার ক্যারিয়ারে সর্বোচ্চ অবশ্যই, বিশ্বকাপে এটাই কেনিয়ানদের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।বিশ্বকাপে আলো ছড়িয়েছিলেন লেগ স্পিনার হিসেবে। ২০০৩ বিশ্বকাপে তাঁর লেগ স্পিনের বিষে নীল হয়ে গিয়েছিল শ্রীলঙ্কা। ২৪ রানে নিয়েছিলেন ৫ উইকেট। কিন্তু গত বিশ্বকাপের পর থেকেই কেমন যেন লেগ স্পিনটা ভুলে যান। মনোযোগ দেন ব্যাটিংয়ে। এই বিশ্বকাপেই শ্রীলঙ্কার বিপক্ষে ফিফটি করেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে পেতে পেতেও পেলেন না সেঞ্চুরি। তবে কেনিয়া যেন তাঁর মাঝে পেয়ে যাচ্ছে স্টিভ টিকোলো-মরিস ওদুম্বেদের বিকল্প, কেনিয়ার দুঃসময়ে যাঁর ব্যাট ছড়াচ্ছে অন্য আশার আলো। বোলিংও একেবারেই ভুলে গেছেন, তা নয়। পরশুই যেমন নিলেন রিকি পন্টিংয়ের উইকেট। এ রকম অনেক ব্যাটিং মহীরুহ তাঁর শিকার।বিশ্বকাপে পরাজিত দলে থেকেও ‘ম্যাচ অব দ্য ম্যাচ’ হওয়ার ২১তম ঘটনা এটি। ১৯তম ক্রিকেটার হিসেবে এই কীর্তির অধিকারী কলিন্স। বিশ্বকাপে হারা ম্যাচে সর্বোচ্চ দুবার করে ম্যাচসেরা হয়েছেন কানাডার জন ডেভিসন ও জিম্বাবুয়ের ডেভিড হটন।