হারাচ্ছে জলাধার, কমছে ফসল
সেচের অভাবে সিলেটের বালাগঞ্জ উপজেলায় বিপুল পরিমাণ কৃষিজমি অনাবাদি হয়ে পড়েছে। কমে যাচ্ছে কৃষিপণ্যের উৎপাদন। নদী-নালা, খাল-বিলসহ প্রাকৃতিক জলাধারগুলো ভরাট হয়ে যাওয়ায় সেচের জন্য প্রয়োজনীয় পানি না পাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।খোঁজ নিয়ে জানা গেছে, সময়মতো পানি না পাওয়ায় প্রতিবছর উপজেলার প্রায় ২৭ হাজার হেক্টর কৃষিজমি অনাবাদি পড়ে থাকে। ফলে বছরে প্রায় ৯৬ হাজার মেট্রিকটন খাদ্যশস্য কম উৎপাদিত হচ্ছে এখানে। নদী-নালা ও ছোট-বড় খালগুলো পুনর্খনন ও রিজার্ভার নির্মাণ করে অতিরিক্ত পানি সংরক্ষণ এবং পানি নিষ্কাশনের ব্যবস্থার মাধ্যমে অনাবাদি জমিগুলোকে আবাদযোগ্য করে তোলা সম্ভব হলেও দীর্ঘদিনে সরকারিভাবে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বিভিন্ন এলাকা ঘুরে জানা যায়, বালাগঞ্জে রয়েছে কুশিয়ারা এবং এর শাখা নদী হিসেবে পরিচিত বড়ভাগা বুড়ি, বরাক ও নাটকিলা নদী। কুশিয়ারা ছাড়া অন্য নদীগুলো ভরাট হয়ে এখন মৃতপ্রায় অবস্থায় রয়েছে। জালের মতো ছড়িয়ে-ছিটিয়ে থাকা ছোট-বড় খাল ও নালাগুলোরও একই অবস্থা।প্রায় ২৫ কিলোমিটার দীর্ঘ বুড়ি বরাক নদীটি নাব্যতা হারিয়েছে কয়েক যুগ আগে। নদীটি বুরুঙ্গায় বড় গঙ্গার সঙ্গে মিলিত হয়ে কুশিয়ারায় এসে পড়েছে। অন্যদিকে এর একটি শাখা বোয়ালজুড়, তাজপুর, গোয়ালাবাজার ও উমরপুর ইউনিয়ন ছুঁয়ে পতিত হয়েছে বানাইয়া হাওরে। সরেজমিনে দেখা গেছে, বর্তমানে নদীটি দেখতে একটি মরা খালের মতো মনে হয়। অনেক জায়গায় নদীর কোনো চিহ্নই নেই। নদীটি ভরাট হয়ে যাওয়ায় পানির অভাবে প্রায় ছয়টি ইউনিয়নের কৃষিজমির অধিকাংশ অনাবাদি জমিতে পরিণত হয়েছে।একই অবস্থা নাটকিলা নদীর। নদীটি উপজেলার সাদীপুর ইউনিয়নের কাটারমার খালের সঙ্গে মিলিত হয়ে কালাসারা হাওর দিয়ে বানাইয়া হাওরের সঙ্গে যুক্ত হয়েছে। নদীটি একেবারে মরে যাওয়ায় বোরো মৌসুমে পানির সংকটে ৩০টির বেশি গ্রামের কয়েক হাজার কৃষক ফসল ফলাতে পারছেন না। বড়ভাগা নদীটি একেবারে না মরলেও নাব্যতা হারিয়েছে বহু বছর আগে। এ ছাড়া লঙ্গুয়ার খাড়া, আমিদিন খাল, চাম্পাতলির খাল, শ্রীকৃষ্ণ খাল, গয়নাঘাট খাল, হুরফাখালি খাল, নাইয়া ধারা, বাঘর খালসহ উপজেলার ১৪টি ইউনিয়নে ছড়িয়ে-ছিটিয়ে থাকা অসংখ্য ছোট-বড় খাল-বিল ভরাট হয়ে গেছে। ভরাট হয়ে যাওয়া এ জলাধারগুলোতে শুষ্ক মৌসুমে পানি থাকে না আর বর্ষাকালে পানি সরতে না পারায় সৃষ্টি হয় জলাবদ্ধতার।বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন সূত্রে জানা যায়, নদী-নালা ও খাল-বিল ভরাট হয়ে যাওয়ার ফলে উপজেলার ৮৬টি হাওরে শুষ্ক মৌসুমে পানির সংকটে ১১ হাজার ৪৬০ হেক্টর, খরিপ-১ (আউশ) মৌসুমে ও খরিপ-২ (রোপা আমন) মৌসুমে জলাবদ্ধতার কারণে ১৬ হাজার হেক্টর জমি অনাবাদি পড়ে থাকে। ফলে এই জমি থেকে বছরে প্রায় ৫৬ হাজার মেট্রিকটন খাদ্যশস্য উৎপাদন থেকে বঞ্চিত হচ্ছে দেশ।গোয়ালাবাজার ইউপির চেয়ারম্যান সৈয়দ কওছর আহমদ জানান, নাটকিলা নদী, গয়নাঘাট খাল, হুরফাখালি খাল, নাইয়া ধারা, বাঘর খাল, কালাসারা বিলসহ অনেকগুলো খাল-নালা ভরাট হয়ে যাওয়ায় কৃষি উৎপাদন কমে গেছে। দীর্ঘদিনেও এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, চলতি বোরো মৌসুমে প্রচণ্ড খরা ও পানির অভাবে উপজেলার প্রায় দুই হাজার হেক্টর ফসলি জমির ধান হুমকির মুখে পড়েছে। আশানুরূপ ফলন আশা করা যাচ্ছে না।বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন বালাগঞ্জ ইউনিটের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (ক্ষুদ্র সেচ) জগন্নাথ নন্দী জানান, তেলীখালের খননকাজ শুরু করা হয়েছে। পরে বুড়িবরাক নদীর বুরুঙ্গা ইউপি অংশে প্রথম ধাপে চার কিলোমিটার খাল খনন করা হবে। পর্যায়ক্রমে খাল ও নদীগুলো খনন করা হবে। আগামী এক বছরের মধ্যে সিলেটে প্রায় ৩০০ কিলোমিটার খাল ও নদী খনন করা হবে। এতে সিলেটের এক লাখ হেক্টর অনাবাদি জমি চাষের আওতাভুক্ত হবে।এ ব্যাপারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট বিভাগের অতিরিক্ত পরিচালক জহুরুল হক বলেন, ‘নদী-নালা ও খাল খনন আমাদেরও দাবি। কারণ নদী-নালা ও খাল-বিল ভরাট হয়ে যাওয়ার কারণে কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ভরাট হয়ে যাওয়া নদী-নালা ও খাল-বিল খনন করে পানি সংরক্ষণ ও নিষ্কাশনব্যবস্থা নিশ্চিত করতে পারলে বালাগঞ্জে কৃষি উৎপাদন অনেক বাড়বে।’