হারানো দিনের গানের প্রতি রয়েছে আলাদা আগ্রহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নজরুলসংগীতশিল্পী শাহীন সামাদ এবার হারানো দিনের গানের অ্যালবাম করেছেন। নাম নিশিরাত। লেজার ভিশন থেকে অ্যালবামটি বাজারে এসেছে গতকাল সোমবার। অ্যালবামটি নিয়েই কথা হলো শাহীন সামাদের সঙ্গে।আপনি তো নজরুলসংগীতের শিল্পী। হারানো দিনের গানের ব্যাপারে আগ্রহী হলেন কেন?বিটিভিতে আমি প্রথম হারানো দিনের গান করেছিলাম ১৯৮৪ সালে। ঈদের আনন্দমেলায় একটা গান করার জন্য আমাকে আমন্ত্রণ জানানো হয়। অনেক ক্যাসেট খুঁজে ‘শোনো শোনো কথাটি শোনো’ গানটি নির্বাচন করেছিলাম। ওই গানে আমার সহশিল্পী ছিলেন কাদেরী কিবরিয়া। গানটি তখন দারুণ জনপ্রিয় হয়েছিল। এরপর কয়েক বছর প্রতিটি আনন্দমেলাতেই আমার গাওয়া একটা হারানো দিনের গান থাকত। ওই সময় আমার কণ্ঠে ‘তুমি কি এখন দেখিছ স্বপন’, ‘সূর্য ডোবার পালা’, ‘দুটি পাখি’সহ আরও কিছু হারানো দিনের গান প্রশংসিত হয়। সেই থেকেই এ ধরনের গানের ব্যাপারে আলাদা আগ্রহ তৈরি হয়েছে।‘নিশিরাত’ অ্যালবামটি নিয়ে কিছু বলুন।হারানো দিনের গান নিয়ে আমার প্রথম অ্যালবামটি বেরিয়েছিল ১৯৮৫ সালে। এরপর দ্বিতীয়টি হলো নিশিরাত। এ অ্যালবামে গত শতকের ষাটের দশকের জনপ্রিয় কিছু বাংলা গান গেয়েছি। সব কটিই কলকাতার। অ্যালবামটির কাজ করেছিলাম প্রায় বছর দেড়েক ধরে। ভেবেছিলাম ভালোবাসা দিবস উপলক্ষে বের করব। তখন আর হয়নি। এবার প্রযোজনা প্রতিষ্ঠানের অনুরোধ আর ফেলতে পারলাম না। তবে এই দীর্ঘ সময়ে কিন্তু আমার গাওয়া নজরুলসংগীতের কয়েকটি অ্যালবাম বেরিয়েছে।অ্যালবামটির কাজ কোথায় করেছেন?কলকাতার একটি স্টুডিওতে। পেশাদারি কাকে বলে, এ অ্যালবামের কাজ করতে গিয়ে তা শতভাগ টের পেয়েছি। মুহূর্তেই সংগীতের কাজ হয়ে যাচ্ছে। খুব প্রয়োজন ছাড়া কেউ স্টুডিও থেকে বের হয় না। কোনো বিদ্যুৎবিভ্রাট নেই, কিংবা যানজটের অজুহাতে কেউ দেরি করে আসেনি। মাত্র তিন দিনে পুরো অ্যালবামের কাজ শেষ।সামনে আপনার কোনো অনুষ্ঠান আছে?এনটিভিতে বৃহস্পতিবার রাতে আমার গানের একটা অনুষ্ঠান হবে। আর তা সরাসরি দেখানো হবে। এখানে আমি নজরুলসংগীতের পাশাপাশি বিভিন্ন ধরনের গান করব। আসলে একজন শিল্পী যে কত ধরনের গান জানেন, এটা সবার জানা দরকার।