হারানো দিনের স্মৃতিমাখা সেই সব গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হারানো দিনের স্মৃতিমাখা একগুচ্ছ গান শ্রোতাদের ফিরিয়ে নিয়ে গেল ফেলে আসা দিনে। গানের কথা ও সুরে উঠে এল দেশ, মাটি ও মানুষ—এককথায় জীবন।শিল্পকলা একাডেমীর তিন যুগপূর্তিতে সংগীত ও নৃত্যকলা বিভাগ আয়োজিত বরেণ্য ১০ সুরকারের স্মরণে দুই দিনব্যাপী সংগীত আয়োজন গতকাল মঙ্গলবার শেষ হয়েছে। অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন শিল্পী সৈয়দ আব্দুল হাদী।ষাটের দশকের জনপ্রিয় গানগুলোর সঙ্গে এদিন স্মরণ করা হলো প্রখ্যাত সুরকার আবদুল আহাদ, সুখেন্দু চক্রবর্তী, আবদুল লতিফ, সুবল দাস ও শহীদ আলতাফ মাহমুদকে। অনুষ্ঠানে তাঁদের জীবন ও কর্মের সংক্ষিপ্ত বর্ণনাও তুলে ধরা হয়।বরেণ্য শিল্পীদের স্মরণে এই সংগীতসন্ধ্যায় ‘তোমরা যারা আজ আমাদের’ ও ‘দোস্তি যদি চাও এসো’ গান দুটি পরিবেশন করেন একসময়ের জনপ্রিয় প্লেব্যাক শিল্পী খুরশীদ আলম। এ ছাড়া প্রিয়াঙ্কা গোপ ‘হাতের কাঁকন ফেলেছি খুলে’, সুমন রাহাত ‘আমার দেশের মাটির গন্ধে’, অনিমা ডি কস্টা ‘শুধু গান গেয়ে পরিচয়’, অনিমা মুক্তি গোমেজ ‘সোনা সোনা সোনা লোকে বলে সোনা’, আজগর আলীম ‘ও পদ্মা নদী রে’, মিতা চক্রবর্তী ‘ভালোবাসা পেয়ে কাঁদে’, বিশ্বজিৎ ‘মাগো তোমার সোনার মানিক’, মো. সেলিম ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’, সুমনা বর্ধণ ‘তুমি যে আমার কবিতা’ এই গানগুলো শোনান।অনুষ্ঠানে শিল্পকলা একাডেমীর সচিব মুশফিক আহমেদ এবং সংগীত ও নৃত্য বিভাগের পরিচালক মাহমুদ সেলিম বক্তব্য দেন।‘গ্রেট মাস্টার অব বাংলাদেশ’ বেঙ্গল শিল্পালয়ে বরেণ্য শিল্পী সফিউদ্দিন আহমেদের চিত্রকর্মসংবলিত ‘গ্রেট মাস্টার’ সিরিজের প্রথম বই গ্রেট মাস্টার অব বাংলাদেশ-এর মোড়ক উন্মোচন করা হয়েছে গতকাল। প্রধান অতিথি হিসেবে মোড়ক উন্মোচন করেন বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক আনিসুজ্জামান।বেঙ্গল ফাউন্ডেশন ও আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা স্কিরার যৌথ উদ্যোগে বইটি প্রকাশিত হয়েছে। বাংলাদেশে আধুনিক ছাপচিত্রে অসামান্য ভূমিকা রাখেন শিল্পী সফিউদ্দিন আহমেদ। চল্লিশের দশকে কলকাতা আর্ট স্কুলে অধ্যয়নকালে তিনি ছাপচিত্রে দক্ষতা অর্জন করেন। সে সময়ে কয়েকটি অসাধারণ কাজের জন্য ছাপচিত্রী হিসেবে প্রতিষ্ঠা অর্জন করেন এবং ভারতবর্ষের কলারসিকদের দৃষ্টি আকর্ষণ করেন।অধ্যাপক সৈয়দ আজিজুল হক, অধ্যাপক কায়সার হক, বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি আবুল খায়ের, কালি ও কলম পত্রিকার সম্পাদক আবুল হাসনাত, মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী, বেঙ্গল গ্যালারির পরিচালক সুবীর চৌধুরী এবং শিল্পী সফিউদ্দিনের ছেলে আহমেদ নাজির বক্তব্য দেন।পয়লা বৈশাখ উদ্যাপনের কর্মসূচি বাঙালির সর্বজনীন উৎসব বাংলা নববর্ষ-১৪১৯ উদ্যাপনের জন্য কর্মসূচি নিয়েছে সরকার। তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদের সভাপতিত্বে গতকাল শিল্পকলা একাডেমীতে এক সভায় সারা দেশে পয়লা বৈশাখ উদ্যাপনের এ কর্মসূচি ঘোষণা করা হয়।সভায় জানানো হয়, নববর্ষ উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণী দেবেন। পয়লা বৈশাখ ও বাঙালি সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরে জাতীয় পত্রিকাগুলোতে ক্রোড়পত্র প্রকাশ করা হবে। এদিন বঙ্গভবনে রাষ্ট্রপতি স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত বিশিষ্টজন এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সংবর্ধনা দেবেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও বাংলাদেশ শিশু একাডেমী পয়লা বৈশাখে নানা অনুষ্ঠান আয়োজন করবে। সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনও সভায় উপস্থিত ছিলেন।