হারানো বালক পাওয়া গেল ঝুড়িতে
পথ ভুলে ছোট্ট বালকের হারানো কিংবা বাবার সঙ্গে মেলায় গিয়ে বালকের হারানোর গল্প সবারই জানা। কিন্তু নিজের ঘরে থেকে বালকের হারানো এবং সেই হারানোকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড ঘটানো নিশ্চয়ই অনেকের জানা নেই। অনেকে বলতে পারেন, নিজের ঘর থেকে আবার হারায় কী করে! হুমম, পাঁচ বছর বয়সী জেনসন নামের ছোট্ট এক বালক তার বাড়িতেই হারিয়েছিল। তারপর তাকে খুঁজতে পুলিশ, স্নাইপার ডগ পর্যন্ত মাঠে নেমেছিল। কিন্তু তারা কোনো ফায়দা করতে পারেনি, হদিস দিতে পারেনি জেনসনের। অবশেষে প্রায় দুই ঘণ্টা পর তাকে ময়লার ঝুড়ি থেকে উদ্ধার করে জেনসনের ছয় বছর বয়সী বোন সিয়েনা।বিবিসি অনলাইনের খবরে জানা গেছে, যুক্তরাজ্যের সামান্থা ও অ্যান্ড্রিউ লরি ছেলে জেনসন লরি ও মেয়ে সিয়েনাকে নিয়ে ওয়েলসের সোয়ানসিতে থাকেন। গত সোমবার স্থানীয় সময় রাত সোয়া আটটার দিকে হঠাত্ করেই জেনসনকে বাসায় পাওয়া যাচ্ছিল না। বাড়ির লোকজন জেনসনকে আশপাশে অনেক খুঁজে না পাওয়ায় তাঁরা পুলিশে খবর দেন। সঙ্গে সঙ্গেই পুলিশ জেনসনকে খুঁজতে বের হয়। সড়কপথে খোঁজার পাশাপাশি পুলিশ হেলিকপ্টার ও স্নাইপার ডগ দিয়ে খুঁজতে শুরু করে। বিষয়টি জানাজানি হওয়ায় স্থানীয় লোকজনও খুঁজতে থাকেন জেনসনকে। এমনকি ট্যাক্সিচালকও যোগ দেন জেনসনকে খোঁজার দলে। জেনসনের বাবা লরি বলেন, পুলিশ, স্নাইপার ডগ ও হেলিকপ্টারে করে জেনসনকে অনেক খোঁজা হয়েছে। তাঁরা বাড়ির চিলেকোঠাসহ সব খানেই খুঁজেছেন। কিন্তু কেউ কোনো হদিস দিতে পারেনি। অবশেষে রাত পৌনে ১০টার দিকে জেনসনের বোন সিয়েনা শোবার ঘরে থাকা ময়লার ঝুড়ি থেকে জেনসনকে ঘুমন্ত অবস্থায় উদ্ধার করে। জেনসন ওই ঝুড়িতে ঘুমিয়ে পড়েছিল। দুই ঘণ্টা পর জেনসনকে পেয়ে তার মা সামান্থা যারপরনাই আনন্দিত। তিনি বলেন, ‘আমি তাকে আর কোথাও যেতে দেব না।’জেনসনকে খুঁজতে পুলিশ দলের নেতৃত্বদানকারী ফিল টমাস বলেন, ‘ছেলেটিকে খুঁজে পাওয়ায় আমি খুবই খুশি।’