হারাম জেনেও এক নারীর নেতৃত্ব মেনে নিয়েছেন আমিনী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নারীর নেতৃত্ব কোরআন-হাদিস সমর্থন করে না। কিন্তু প্রয়োজনের কারণে আমরা একজনের নেতৃত্ব মেনে নিয়েছি। কারণ একজন ইসলামের পক্ষে কিছু কথা বলেন, অপরজন ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।’ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আমির মুফতি ফজলুল হক আমিনী এ কথা বলেছেন। একসময় নারী-নেতৃত্বকে হারাম বললেও এখন নারী-নেতৃত্ব মেনে বিএনপির সঙ্গে জোট করেছেন কীভাবে—গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে আমিনী এ কথা বলেন।ইসলামী আইন বাস্তবায়ন কমিটি এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। সরকারের ‘দেশ ও ইসলামবিরোধী’ কর্মকাণ্ডের প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে কমিটি। মূল বক্তব্যে মুফতি আমিনী সরকারের বিভিন্ন কর্মকাণ্ড বর্ণনা করে সেগুলোকে ইসলাম ও কোরআনবিরোধী আখ্যা দেন। তিনি দাবি করেন, রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সব ধরনের ফতোয়া নিষিদ্ধের ঘোষণা, সম্পত্তিতে নারী-পুরুষের সমানাধিকার দেওয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা ও সর্বশেষ আপিল বিভাগ পঞ্চম সংশোধনী বাতিল করলে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ হতে পারে—আইনমন্ত্রী শফিক আহমেদের এই বক্তব্যে প্রমাণিত হয়েছে, সরকার ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।আন্দোলনের হুমকি দিয়ে মুফতি আমিনী বলেন, আওয়ামী লীগ এ দেশে ইসলামি কার্যক্রম বন্ধ করতে চায়। ইসলামকে ধ্বংস করা হবে আর ইসলামপন্থীরা বসে থাকবে—এটা হবে না। কিছু দালাল-আলেম কিনে, তাদের মাঠে নামিয়ে সরকার কিছু করতে পারবে না।আলেমরা তাহলে কি টাকায় কেনাবেচা হয়? জানতে চাইলে মুফতি আমিনী বলেন, ‘কিছু লোককে যে কেনা যায়, তা তো নতুন না। তবে হাক্কানি আলেমরা বেচাকেনা হয়—এটা আমি বিশ্বাস করি না।’ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে পঞ্চম সংশোধনী বাতিল হলে কী করবেন—এই প্রশ্নের জবাবে মুফতি আমিনী বলেন, ‘হাইকোর্টের দুইজন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছিলেন। আমরা তার বিরুদ্ধে কথা বলিনি। হাইকোর্ট কোরআন নিষিদ্ধ করবে—এটা আমরা মানব না।’ ইসলামী আইন বাস্তবায়ন কমিটির ভাইস চেয়ারম্যান মুফতি মো. ওয়াক্কাস বলেন, ‘হাইকোর্টের রায়কে আমরা শ্রদ্ধা করি। তবে জনগণের রায়ই বড়।’পঞ্চম সংশোধনী বাতিল করে দেওয়া হাইকোর্টের রায় পড়েছেন কি না—জানতে চাইলে মুফতি আমিনী সরাসরি কোনো জবাব না দিয়ে বলেন, ‘আইনমন্ত্রী অগ্রিম বলে দিয়েছেন, আপিল বিভাগে রায় বহাল থাকলে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা হবে। এতে ইসলাম সম্পর্কে তাঁদের অ্যালার্জি প্রকাশ হয়েছে।’সম্পত্তিতে নারী-পুরুষের সমানাধিকার দেওয়া হলে তা কোরআনের আইনের বিরোধী হবে দাবি করে মুফতি আমিনী বলেন, কোরআনে নারী-পুরুষের সমানাধিকার নেই।দেশে তো কোরআনের আইন চালু নেই, তাহলে সম্পত্তিতে নারী-পুরুষের সমানাধিকার চালু করলে সমস্যা কী? এই প্রশ্নের জবাবে মুফতি আমিনী বলেন, ‘রাষ্ট্রে কোরআনের আইন নাই, স্বীকার করি। তবে সম্পত্তির আইন পারিবারিক আইন। রাষ্ট্রের আইন আর পারিবারিক আইন এক না। ব্রিটিশরাও এটা বদলাতে সাহস করেনি।’