২১ আগস্টের গ্রেনেড হামলার ঘটনায় ষড়যন্ত্র ও পরিকল্পনার সঙ্গে হারিছ চৌধুরীর সম্পৃক্ত থাকার প্রমাণ পেয়েছে সিআইডি। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা করা হয়েছিল। গতকাল রোববার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে দেওয়া প্রতিবেদনে সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আকন্দ এ কথা বলেন।প্রতিবেদনে বলা হয়, হারিছ চৌধুরী পলাতক থাকায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি।হারিছ চৌধুরী গত চারদলীয় জোট সরকারের প্র্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ছিলেন। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার আসার পর তিনি পালিয়ে যান।গতকাল ২১ আগস্টের হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। একই প্রতিবেদনে অধিকতর তদন্তের জন্য আরও ৩০ দিন সময় বাড়ানোর আবেদন করে সিআইডি। বিচারক ফজিলা বেগম ৩০ দিন সময় বাড়িয়ে ২২ জুন প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেন।একই প্রতিবেদনে বলা হয়, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে জেলগেটে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে।গতকাল রাষ্ট্রপক্ষে এ মামলার প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান সিআইডির আবেদন আদালতে দাখিল করেন। তিনি আদালতকে বলেন, অধিকতর তদন্তকালে প্রমাণ মিলেছে, হারিছ চৌধুরী গ্রেনেড হামলার সঙ্গে জড়িত। তিনি আরও বলেন, অধিকতর তদন্তকালে গ্রেপ্তার করা আসামিদের জবানবন্দি ও সাক্ষীদের জবানবন্দির ভিত্তিতে গ্রেনেড সরবরাহকারী ও মদদদাতাদের শনাক্ত করা সম্ভব হয়েছে। এঁদের কেউ কেউ এখনো পলাতক আছেন। সুষ্ঠু তদন্তের জন্য এঁদের গ্রেপ্তার করা প্রয়োজন।রেজাউর রহমান আদালতকে বলেন, অধিকতর তদন্তে পাওয়া তথ্য যাচাই, আসামিদের জিজ্ঞাসাবাদ, জঙ্গি নেতা মুফতি হান্নানের পুনরায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি থেকে পাওয়া অন্য আসামিদের গ্রেপ্তার, গ্রেনেড সরবরাহকারীদের গ্রেপ্তার, আসামি মুজাহিদকে এবং রিমান্ডের আদেশ পাওয়া আসামি মাওলানা সাব্বির আহাম্মদকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ কারণে আরও ৩০ দিন সময় প্রয়োজন।প্রতিবেদনে বলা হয়, মুফতি হান্নান গত ৭ এপ্রিল আদালতে দ্বিতীয় দফা স্বীকরোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এতে এ হামলার ষড়যন্ত্র ও গ্রেনেড সরবরাহের বিষয়ে কয়েকজন নতুন আসামির নাম প্রকাশ করা হয়েছে। তাঁদের মধ্যে সাবেক দুই গোয়েন্দা কর্মকর্তা রেজ্জাকুল হায়দার ও আবদুর রহিম, হুজির নেতা শেখ ফরিদ ও মাওলানা সাব্বিরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আর জামায়াত নেতা মুজাহিদকে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি চলছে। তা ছাড়া আল-মারকাজুলের ভাইস চেয়ারম্যান মাওলানা আবদুর রশীদকে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি আদালতে সাক্ষী হিসেবে জবানবন্দি দেন।প্রতিবেদনে আরও বলা হয়, গ্রেপ্তার হওয়া আসামি ও সাক্ষীদের জবানবন্দি থেকে গ্রেনেড সরবরাহকারী ও মদদদাতাদের শনাক্ত করা হয়েছে। তাঁদের কেউ কেউ পলাতক আছেন। একই ঘটনায় করা বিস্ফোরক দ্রব্যের মামলায় ৫ জুন প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য রয়েছে।