হারিয়ে যাওয়া এএসপির খোঁজ মিলল উদ্যানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার বছর পর বন্ধুর দেখা পেলেন গোয়েন্দা পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার শহিদুল্লাহ। তাঁর বন্ধু মো. ফারুক ২০০৭ সালে মিরপুরে ঢাকা মহানগর পুলিশের তৎকালীন দাঙ্গা দমন বিভাগের সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে থাকা অবস্থায় হারিয়ে যান। এরপর গতকাল দেখা মেলে ভাগ্যক্রমে।গতকাল সোমবার সকালে সোহরাওয়ার্দী উদ্যানে হরতালের দায়িত্ব পালন করছিলেন শহিদুল্লাহ। হঠাৎ চোখ যায় এক লোকের দিকে। উশকো-খুশকো চুল, লালচে চোখ, মুখভর্তি দাড়ি আর ছোপ ছোপ ময়লাভর্তি শরীরের কিছু অংশ ঝলসে গেছে, শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত। নির্বিকার লোকটি শুয়ে আছেন উদ্যানের স্যাঁতসেঁতে ঘাসের ওপর। ভালোভাবে দেখে চিনতে পারেন, এ লোকটি তাঁর হারিয়ে যাওয়া বন্ধু ফারুক! এরপর তিনি বন্ধুকে হাসপাতালে নিয়ে যান।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ কর্মকর্তা শহিদুল্লাহ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকে বন্ধুত্বের শুরু। দুজনই সলিমুল্লাহ মুসলিম হলের এক কক্ষে থাকতেন। এরপর একই সঙ্গে ২৪তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০০৫ সালে পুলিশের চাকরিতে যোগ দেন। ফারুক কিছুদিন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশেও চাকরি করেন।শহিদুল্লাহ জানান, ফারুকের প্রশিক্ষণ চলার সময় তাঁর মা মারা যান। এর পর থেকে তাঁর মানসিক সমস্যা শুরু হয়। প্রশিক্ষণ শেষে ঢাকা মহানগর পুলিশে কাজ করার সময় কিছুটা স্বাভাবিক থাকলেও মিরপুরে যাওয়ার পর তিনি একেবারে অস্বাভাবিক আচরণ শুরু করেন। প্রশাসনের পক্ষ থেকে তাঁর চিকিৎসারও উদ্যোগ নেওয়া হয়। কিন্তু ২০০৭ সালে হঠাৎ একদিন উধাও হয়ে যান ফারুক।উদ্যানের চা-বিক্রেতা নাছির উদ্দিন প্রথম আলোকে বলেন, মাস দুয়েক আগে থেকে হঠাৎ করেই সোহরাওয়ার্দী উদ্যানে ঘোরাফেরা করতে থাকেন ফারুক। তিনি কীভাবে এখানে এলেন, তা সোহরাওয়ার্দী উদ্যানের ব্যবসায়ীরা বলতে না পারলেও এ কয়েক দিনেই সবার মুখচেনা হয়ে গেছেন।নাছির জানান, তিন দিন আগে একটি দোকান থেকে ফারুক রুটি খেয়েছিলেন। কিন্তু টাকা না দিতে না পারায় ওই দোকানের মালিক তাঁর গায়ে গরম পানি ছুড়ে মারেন। এতে তাঁর পিঠ, পেট ও হাত ঝলসে যায়।ফারুকের গ্রামের বাড়ি ভোলার চরফ্যাশনের ওসমানগঞ্জ গ্রামে। ফারুকের এলাকার এক বন্ধু মো. খোকন জানান, ফারুক আর তিনি ১৯৯৪ সালে ভোলার লালমোহনে গজারিয়া উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। এরপর ফারুক ঢাকায় চলে যান। প্রায় তিন বছর তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। ফারুকের পরিবারের লোকজন গ্রামেই থাকে বলে তিনি জানান।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ফারুকের সঙ্গে কথা বলতে গেলে তিনি কোনো কথাই বলেননি। অন্য একজনের কাছে কাগজ-কলম চেয়ে নিয়ে ইংরেজিতে নিজের নাম-ঠিকানা লিখে দেন শুধু।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. ইমরান জানান, ফারুকের বুক থেকে পেট পর্যন্ত অনেকখানি ঝলসে গিয়েছিল। বার্ন ইউনিটে তাঁর চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁর ডান কাঁধ ও বাম হাতের হাড় ভাঙা রয়েছে।